সংসদ সদস্য ও মন্ত্রীদের শপথ আগামীকাল
* শপথ অনুষ্ঠানে সার্কভুক্ত দেশের পররাষ্ট্রমন্ত্রীদের আমন্ত্রণ জানানো হয়েছে : আইন উপদেষ্টা * প্রধান নির্বাচন কমিশনার শপথ পড়াবেন
প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
কাল মঙ্গলবার সকালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ এবং একইদিনে বিকেলে নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠান হবে। গতকাল রোববার আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল জানিয়েছেন, মঙ্গলবার সকালে জাতীয় সংসদ ভবনে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করানো হবে।
আসিফ নজরুল বলেন, বর্তমান প্রেক্ষাপটে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এই শপথ পরিচালনা করবেন বলে তিনি ধারণা করেন। তবে বিষয়টি নিশ্চিত করে পরে জানানো হবে বলে তিনি উল্লেখ করেন। আইন উপদেষ্টা বলেন, সংসদ সদস্যদের শপথ গ্রহণের পরপরই বেলা সাড়ে ১১টা থেকে ১২টার মধ্যে বিএনপি তাদের সংসদীয় দলের নেতা নির্বাচন করবে।
আইন উপদেষ্টা জানান, ঐতিহ্যগতভাবে বঙ্গভবনে মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান হলেও এবার তা জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় (সাউথ প্লাজা) বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে। বিএনপি এই অভিপ্রায় ব্যক্ত করেছে। আইন উপদেষ্টা বলেন, এখন পর্যন্ত যতটুকু জানি, রাষ্ট্রপতি নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন।
মন্ত্রিসভার শপথের জন্য দক্ষিণ প্লাজাকে বেছে নেওয়ার কারণ ব্যাখ্যা করে আসিফ নজরুল বলেন, জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান এবং জুলাই ঘোষণা ও জুলাই সনদের মতো ঐতিহাসিক ঘটনাগুলোর সাথে সংসদ ভবন প্রাঙ্গণ ও দক্ষিণ প্লাজা বিভিন্ন কারণে স্বরণীয়। এছাড়া প্রয়াত নেত্রী বেগম খালেদা জিয়া ও শহীদ ওসমান হাদির জানাজাসহ নানা কারণে স্মৃতিবিজড়িত এই স্থানটি বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিশেষ তাৎপর্য বহন করে। এসব বিষয় বিবেচনা করেই সেখানে হয়তো শপথ অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে বলে জানান তিনি।
শপথ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের বিষয়ে আইন উপদেষ্টা জানান, ‘কনভেনশন অনুযায়ী মন্ত্রিপরিষদ বিভাগ আমন্ত্রণের বিষয়টি দেখছে। তবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সার্কভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের আমন্ত্রণ জানানো হয়েছে। কিন্তু বিদেশি কোনো প্রধানমন্ত্রী আমন্ত্রিত কি না, সে বিষয়ে আমার জানা নেই।’
শপথ অনুষ্ঠানে সার্কভুক্ত দেশের পররাষ্ট্রমন্ত্রীদের আমন্ত্রণ আইন উপদেষ্টা : বিজয়ী সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠানে সার্কভুক্ত দেশের পররাষ্ট্রমন্ত্রীদের আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানান আইন উপদেষ্টা আসিফ নজরুল। সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা বলেন, আজকে (রোববার) তাদের বিদায়ী বৈঠক ছিল। বৈঠকে গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। নিজেদের কাজকর্ম ও অভিজ্ঞতা বিনিময় করেছেন। এ ছাড়া শপথ অনুষ্ঠান সম্পর্কে সবাইকে অবহিত করা হয়েছে।
আইন উপদেষ্টা আরও জানান, মঙ্গলবার সকাল ১০টায় সংসদ সদস্যদের শপথ হচ্ছে। খুব সম্ভবত প্রধান নির্বাচন কমিশনার শপথ পড়াবেন। বিএনপি থেকে জানানো হয়েছে, বেলা সাড়ে ১১টা বা দুপুর ১২টার দিকে সেখানে সংসদীয় দলের নেতা নির্বাচন করা হবে। বিকেল চারটায় সংসদের দক্ষিণ প্লাজায় মন্ত্রিসভার শপথ হবে বলেন আইন উপদেষ্টা। তিনি আরও বলেন, এখন পর্যন্ত তিনি যতুটুকু জানেন, এটি রাষ্ট্রপতি পড়াবেন।
সংসদের দক্ষিণ প্লাজায় শপথের বিষয়টি বিএনপির পক্ষ থেকে ইচ্ছা প্রকাশ করা হয় বলে জানান আইন উপদেষ্টা। প্রথা অনুযায়ী যাদের আমন্ত্রণ জানানোর কথা, সেটাই করা হবে উল্লেখ করে আইন উপদেষ্টা বলেন, এটি মন্ত্রিপরিষদ বিভাগ দেখছে। ভারতের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানোর বিষয়ে করা এক প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা বলেন, এ সম্পর্কে তার জানা নেই। শুধু আজকে শুনেছেন, এখন পর্যন্ত পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে সার্কভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বলা হয়েছে। কোনো প্রধানমন্ত্রীর ব্যাপারে তিনি জানেন না।
