ভোট ‘ইঞ্জিনিয়ারিংয়ের’ অভিযোগ
৩২ আসনে পুনর্গণনার দাবি ১১ দলীয় ঐক্যের
* আনুষ্ঠানিকভাবে বিক্ষোভের ডাক দিল ১১ দলীয় জোট * আদালতের নির্দেশ পেলে ভোট পুনর্গণনা, জানালেন ইসি আনোয়ারুল
প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

১১ দলীয় জোটের শীর্ষ দল বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেছেন, ভোট গ্রহণকালীন সময়ে বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করে আমরা অসুস্থ পরিবেশের নানা দিক প্রত্যক্ষ করেছি। ৩২টি আসন চিহ্নিত করেছি, যেখানে অল্প ভোটের ব্যবধানে আমাদের হারানো হয়েছে বলে অভিযোগ। এসব আসনে পুনর্গণনার দাবি জানিয়েছি। ‘ইঞ্জিনিয়ারিং’ হলে তার দায় নির্বাচন কমিশনকেও নিতে হবে বলেও জানান তিনি। গতকাল রোববার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের চার কমিশনার ও সিনিয়র সচিবের সঙ্গে ১১ দলীয় ঐক্যের বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।
হামিদুর রহমান আযাদ বলেন, ‘ভোট গ্রহণকালীন সময়ে বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করে আমরা অসুস্থ পরিবেশের নানা দিক প্রত্যক্ষ করেছি। ভোট গ্রহণের সূচনা ভাল হলেও সমাপ্তি সুন্দর হয়নি। ত্রুটিগুলোসহ নির্বাচনের পুরো প্রক্রিয়া নিয়ে আমরা কথা বলেছি। বিশেষ করে ৩২টি আসন চিহ্নিত করেছি। যেখানে অল্প ভোটের ব্যবধানে আমাদের হারানো হয়েছে বলে অভিযোগ। এসব আসনে পুনর্গণনার দাবি জানিয়েছি।’
এসময় এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘৩২টি আসনে পুনর্মূল্যায়নের দাবি আছে। গেজেট প্রকাশ হলেও আইনের তিন ধাপ আছে— ইসি, ট্রাইব্যুনাল, এরপর হাইকোর্টে রিট। আমরা আইনি প্রক্রিয়া অনুসরণ করবো।’ ভোট ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ তুলে তিনি বলেন, ‘সংস্কার প্রশ্নে বলি- নির্বাচন কমিশন চেষ্টা করেছে, এটা আমরা শুনেছি ও বিশ্বাস করতে চাই। তবে ভোটগ্রহণ সুষ্ঠু হলেও ফলাফল ঘোষণা যদি স্বচ্ছ না হয়, সেখানে দায় এড়ানো যায় না। ইঞ্জিনিয়ারিং হলে তার দায় নির্বাচন কমিশনকেও নিতে হবে।’
হামিদুর রহমান আযাদ বলেন, ‘১২ ফেব্রুয়ারি নির্বাচনের প্রথম ধাপ, নির্বাচনের কয়েকটি ধাপ আছে। প্রথমত ভোটগ্রহণ, দ্বিতীয়ত ভোট গণনা, তৃতীয়ত ফলাফল প্রকাশ। এই তিন ধাপের মধ্যে ভোট গ্রহণের ক্ষেত্রে অতীতের তুলনায় কিছু গুণগত পরিবর্তন আমরা দেখেছি।’ তিনি বলেন, ‘বড় ধরনের সহিংসতা তেমন দৃশ্যমান ছিল না। তবে এখানে প্রচুর জালভোট হয়েছে, কালো টাকার ছড়াছড়ি ছিল। কোথাও কোথাও হুমকি-ধমকি, সন্ত্রাস, মারামারি বা হামলার ঘটনাও ঘটেছে। বড় ঘটনা না ঘটলেও, সুষ্ঠু নির্বাচনের জন্য এগুলো প্রশ্নবিদ্ধ করার মতো উপাদান তৈরি করেছে।’ ১১ দলীয় জোটের এই নেতা বলেন, ‘গেজেট প্রকাশ নিয়েও প্রশ্ন রয়েছে। ১২ তারিখে নির্বাচন, ১৩ তারিখ রাত ১১টায় গেজেট প্রকাশ করা হয়েছে। দূরবর্তী এলাকা থেকে কেউ অভিযোগ দাখিলের সুযোগই পেলেন না। আমরা কমিশনকে বলেছি, অভিযোগগুলো খতিয়ে দেখুন। ইসি জানিয়েছে আইনের দরজা খোলা আছে। আমরা আইনি প্রক্রিয়ায় যাবো। তবে আমাদের অধিকার ক্ষুণ্ণ হয়েছে; এ প্রশ্ন রয়ে গেল।’
হামিদুর রহমান আযাদ বলেন, ‘নির্বাচনের আগে ও পরে সহিংসতার ঘটনাও উদ্বেগজনক। হাতিয়ার ঘটনার মতো উদাহরণ সামনে এসেছে। ২০১৮ সালের ঘটনার পুনরাবৃত্তি ঘটছে কিনা- প্রশ্ন উঠেছে। আমার নিজের আসনেও তিনজন নারী আহত হয়েছেন। ৫৪টি জেলার রিপোর্ট আমরা জমা দিয়েছি।’ তিনি বলেন, ‘১১ দলের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে— সহিংসতা বন্ধ না হলে আমরা রাজপথে নামতে বাধ্য হবো। তবে পার্লামেন্টে আমরা গঠনমূলক বিরোধী দলের ভূমিকা পালন করবো। দেশ ও জাতির স্বার্থে কথা বলবো। দেশকে সামনে এগিয়ে নিতে চাই। ১৬ ফেব্রুয়ারি বায়তুল মোকাররম উত্তর গেট থেকে প্রতিবাদসভা ও বিক্ষোভ মিছিলের ঘোষণা দেওয়া হয়েছে। বিকাল সাড়ে ৪টায় কর্মসূচি হবে।’
শপথের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘শপথের বিষয়ে আমরা ইতিবাচক সিদ্ধান্ত নিয়েছি। শপথ নেবো, পার্লামেন্টেও যাবো, গঠনমূলক ভূমিকা রাখবো। একই সঙ্গে রাজপথও আমাদের জন্য খোলা থাকবে।’ তিনি আরও বলেন, ‘সংস্কার প্রসঙ্গে বলেছি জুলাই সনদ বাস্তবায়ন জরুরি। পিআর সিস্টেম বা আনুপাতিক প্রতিনিধিত্বের প্রশ্ন এসেছে। জনগণের ম্যান্ডেটের পর ‘নোট অব ডিসেন্ট’-এর আর কার্যকারিতা নেই- এ মতও এসেছে।’
আযাদ বলেন, ‘বাংলাদেশে সাংবিধানিক প্রক্রিয়ায় ক্ষমতার পরিবর্তন হয়। একদল আসে, পাঁচ বছর পর আবার নির্বাচন হয়— এটাই স্বাভাবিক। তবে এবারের নির্বাচনে জন-আকাঙ্ক্ষার পূর্ণ প্রতিফলন ঘটেনি এ অভিযোগ রয়েছে। তবুও আমরা আশাবাদী। ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়তে চাই। কমিশনকে বলেছি অভিযোগগুলো তদন্ত করুন। স্বচ্ছ আইনি প্রক্রিয়ার মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হলে সেটাই হবে বাংলাদেশের জন্য নতুন মাইলফলক।’ সামাজিক যোগাযোগ মাধ্যমে জামায়াত ও এনসিপির নেতাকর্মীর পক্ষ থেকে ছায়া সংসদের বিষয়ে আলোচনা চলছে। এটা আপনাদের দলীয় সিদ্ধান্ত কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘এ বিষয়ে আমরা আনুষ্ঠানিক আলোচনা করিনি। এ বিষয়ে সবাই একটা মত দিচ্ছে। আমরা আনুষ্ঠানিক আলোচনা হওয়ার পরে আপনাদেরকে জানাবো।’
আনুষ্ঠানিকভাবে বিক্ষোভের ডাক দিল জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর সারা দেশে সহিংসতার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করবে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। আজ সোমবার বিকাল ৪টায় বায়তুল মোকাররম উত্তর গেট থেকে মিছিলটি বের হবে। গতকাল রোববার রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনে ইসির সঙ্গে বৈঠক শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলীয় ঐক্যের সমন্বয়কারী হামিদুর রহমান আজাদ আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেন।
তিনি বলেন, এই বিক্ষোভেও যদি কাজ না হয়, তবে আমাদের রাজপথের দিকে এগুতে হবে। আমরা রাজনৈতিক সমাধান রাজপথে চাই না, সংসদে চাই। কিন্তু নতুন গঠন হতে যাওয়া সরকার আন্তরিক না হলে সমাধান রাজপথেই হবে। এর আগে শনিবার সন্ধ্যায় ১১ দলীয় জোটের লিয়াজোঁ কমিটির বৈঠকে এই কর্মসূচির সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সূত্র জানায়, নির্বাচন পরবর্তী দেশের বিভিন্ন স্থানে সহিংসতার ঘটনা ঘটছে। এরই মধ্যে জামায়াতে ইসলামী ও ১১ দলীয় জোটের লোকদের বহু বাসা-বাড়ি, পরিবারের সদস্য ও ব্যবসাপ্রতিষ্ঠানে বর্বর হামলার খবর পাওয়া গেছে।
ভোটের আগে দেশের বিভিন্ন স্থানে হামলার ঘটনা ছাড়াও ভোটের রাতেই অন্তত ২১টি সহিংসতার তথ্য তুলে ধরে জামায়াত। নির্বাচনে ব্যাপক জয়ের মধ্য দিয়ে ক্ষমতায় বসতে যাওয়া বিএনপির লোকেরাই এসব সহিংসতা ঘটাচ্ছে বলে সংশ্লিষ্টরা অভিযোগ করেছেন। দলটি বলছে, নির্বাচন শেষ হতে না হতেই দেশজুড়ে শুরু হয়েছে প্রতিহিংসার রাজনীতি। কুয়েট ভিসি থেকে শুরু করে সাধারণ শিক্ষার্থী, এমনকি রাজনৈতিক মিত্রদের ওপরও হামলার খবর আসছে।
৩০ আসনে ফল পুনঃগণনার দাবি : এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০টি আসনে ভোট জালিয়াতি, কারচুপি ও ফলাফল শিটে ঘষামাজার অভিযোগ তুলে ভোট পুনঃগণনার দাবি জানিয়েছে ১১ দল। আবেদন করা হবে যে ৩০টি আসনে- ঢাকা-৭, ঢাকা-৮, ঢাকা-১০, ঢাকা-১৩, ঢাকা-১৭, পঞ্চগড়-১, ঠাকুরগাঁও-২, দিনাজপুর-৩, দিনাজপুর-৫, লালমনিরহাট-১, লালমনিরহাট-২, গাইবান্ধা-৪, বগুড়া-৩, সিরাজগঞ্জ-১, যশোর-৩, খুলনা-৩, খুলনা-৫, বরগুনা-২, ঝালকাঠি-১, পিরোজপুর-২, ময়মনসিংহ-১, ময়মনসিংহ-৪, ময়মনসিংহ-১০, কিশোরগঞ্জ-৩, গোপালগঞ্জ-২, ব্রাহ্মণবাড়িয়া-৫, চাঁদপুর-৪, চট্টগ্রাম-১৪ ও কক্সবাজার-৪।
আদালতের নির্দেশ পেলে ভোট পুনর্গণনা, জানালেন ইসি আনোয়ারুল : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগণনায় কারচুপির অভিযোগ করেছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। রোববার নির্বাচন কমিশনে (ইসি) অভিযোগও দিয়েছে এই জোট। এর জবাবও দিয়ে কমিশন।
আদালতের নির্দেশ পেলে ভোট পুনর্গণনার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন ইসি আনোয়ারুল ইসলাম সরকার। রোববার সাংবাদিকদের তিনি এ কথা বলেন। জামায়াত নেতৃত্বাধীন জোট তড়িঘড়ি করে গেজেট প্রকাশেরও অভিযোগ করেছিল। এটারও জবাব দিয়েছে ইসি। গেজেট প্রকাশে কমিশন কোনো তড়িঘড়ি করেনি দাবি করে ইসি আনোয়ারুল বলেন, আইনের মধ্যে থেকেই কাজ করা হয়েছে। সঠিক সময়ে গেটেজ প্রকাশ হয়েছে। ১১ দলীয় জোটের ফলাফল ঘোষণার পুনর্বিবেচনার বিষয়টি অপ্রাসঙ্গিক। তবে আইনের দ্বারস্থ হতে কোনো বাধা নেই কোনো অভিযোগকারীর। আদালতের নির্দেশ পেলে ভোট পুনর্গণনার বিষয়ে সিদ্ধান্ত নেবে ইসি।
তিনি বলেন, সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষ নির্বাচন দিতে সফল হয়েছে কমিশন। প্রত্যাশার চেয়েও বেশি পূরণ হয়েছে এই নির্বাচনের মধ্য দিয়ে। শেরপুর-৩ আসনের ব্যাপারে ইসি এখনো সিদ্ধান্ত নেয়নি বলেও জানান ইসি আনোয়ারুল। ৩২ আসনের কারচুপির মাধ্যমে ১১ দলীয় জোটের প্রার্থীদের হারিয়ে দেওয়া হয়েছে বলে ইসিতে অভিযোগ দেন জোটের নেতারা। তারা সংশ্লিষ্ট আসনগুলোর ভোট পুনরায় গণনারও আবেদন করেন। তবে গেজেট প্রকাশ হওয়ায় সেটা সম্ভব নয় বলে জানিয়েছে ইসি।
ইসির সঙ্গে ১১ দলীয় ঐক্যের বৈঠকে এসময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, জাগপার মুখপাত্র রাশেদ প্রধান, জাতীয় নাগরিক পাটির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব মাহমুদা মিতু প্রমুখ।
