সংবিধান সংস্কার পরিষদের শপথ নেয়নি বিএনপি
দুটো শপথই নিলেন জামায়াতের এমপিরা
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পাওয়া বিএনপির নির্বাচিতরা সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন। তবে তারা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি। মঙ্গলবার বেলা পৌনে ১১টার কিছু আগে জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়ানো হয়। শপথ পড়ান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। অনুষ্ঠানে শপথের জন্য নবনির্বাচিত সংসদ সদস্যদের দুটি ফরম দেওয়া হয়। এর একটি ছিল সাদা রঙের, যেটি সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার ফরম। অন্যটি ছিল নীল রঙের, যেটি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেওয়ার ফরম।
শপথ অনুষ্ঠান শুরুর আগে কক্সবাজার-১ আসনে বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য ও দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ শপথকক্ষে উপস্থিত দলীয় সংসদ সদস্যদের উদ্দেশে একটি নির্দেশনা দেন। নির্দেশনায় সালাহউদ্দিন আহমদে জানিয়ে দেন, তারা সংবিধান অনুযায়ী সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। সংবিধান সংস্কার পরিষদের সদস্য নির্বাচিত হননি।
দুটো শপথই নিলেন জামায়াতের নবনির্বাচিত এমপিরা : দুটো শপথই নিয়েছেন জামায়াতে ইসলামীর নবনির্বাচিত সংসদ সদস্যরা। তাদের শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। দুটো শপথই নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রেওয়াজ অনুযায়ী, সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে বিএনপির সংসদ সদস্যদের শপথ আগে পড়ানো হয়। শপথ নিয়েছেন বিএনপির নির্বাচিত সংসদ সদস্যরা। তবে বিএনপির নির্বাচিত সংসদ সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের শপথ নেননি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, অর্থনৈতিক বাস্তবতায় বৈশ্বিক বাজারের অস্থিরতা, জ্বালানি সংকট ও রিজার্ভ পরিস্থিতি সরকারের নীতি প্রয়োগে প্রভাব ফেলতে পারে। ফলে প্রথম কয়েক মাসের পদক্ষেপই নতুন সরকারের প্রতি জনআস্থা কতটা দৃঢ় হবে, তা নির্ধারণে ভূমিকা রাখবে। সব মিলিয়ে প্রত্যাশা, প্রতিশ্রুতি ও বাস্তবতার জটিল সমীকরণের মধ্য দিয়েই বিএনপি নেতৃত্বাধীন সরকারের নতুন পথচলা।।
