মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান বর্জন করল এনসিপি
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
বিএনপি সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেওয়ায় নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান বর্জন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। গতকাল মঙ্গলবার দলটির নির্বাচিত ছয় জন সংসদ সদস্য ও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেওয়ার পর এনসিপির ফেইসবুক পেইজে এ ঘোষণা দেওয়া হয়। বিএনপি ও তাদের জোট শরিকরা এদিন সকালে সংসদ সদস্য হিসেবে শপথ নিলেও সংবিধান সংস্কার পরিষদের শপথ নেননি। এ নিয়ে বেঁকে বসে জামায়াতে ইসলামী এবং তাদের জোট শরিক এনসিপি। দল দুটি ঘোষণা দেয়, বিএনপি সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিলে তারা কোনো শপথই নেবে না। অবশ্য পরে নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে সিদ্ধান্ত পাল্টায় জামায়ত ও এনসিপি। আলাদাভাবে তাদের সদস্যরা এমপি এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেন।
সেই ‘১০ নম্বর জার্সি’ পরেই শপথ নিলেন হাসনাত আবদুল্লাহ : জুলাই গণঅভ্যুত্থানের দিনগুলোয় হাসনাত আবদুল্লাহর পরনের ‘১০ নম্বর জার্সি’ আলোচনার জন্ম দিয়েছিল। এবার তিনি সেই একই জার্সি পরে ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্য হিসেবে শপথ নিলেন। গতকাল মঙ্গলবার বেলা ১টা ২০ মিনিটের পর জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে সংসদ সদস্য হিসেবে শপথ নেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহসহ দলটির ছয় নির্বাচিত প্রার্থী। পরে তারা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ আসনে জয়ী হন হাসনাত আবদুল্লাহ। জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় নির্বাচনী ঐক্যের সমর্থনে এনসিপির দলীয় প্রতীক শাপলা কলি নিয়ে নির্বাচন করেন তিনি। হাসনাত আবদুল্লাহ ভোট পান ১ লাখ ৬৬ হাজার ৫৮৩টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপি-সমর্থিত গণ অধিকার পরিষদের প্রার্থী জসিম উদ্দিন। তিনি ট্রাক প্রতীকে ৪৯ হাজার ৮৮৫ ভোট পান। গতকাল হাসনাত আবদুল্লাহ তার বটল-গ্রিন রঙের আলোচিত জার্সিটি পরে শপথ নেন। জার্সিটির সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোগো রয়েছে। ইংরেজিতে লেখা আছে বিশ্ববিদ্যালয়ে তার বিভাগের নাম—‘ইংলিশ’। জার্সির পেছনে ইংরেজিতে তার নাম (হাসনাত) লেখা। জার্সি নম্বর ১০।
জুলাই সনদ উপেক্ষা করে বিএনপি সরকারের যাত্রা শুরু- সারজিস আলম : জুলাই সনদ ও অভ্যুত্থানের আকাঙ্ক্ষার সঙ্গে গাদ্দারি করে বিএনপি সরকারের যাত্রা শুরু হলো বলে মন্তব্য করেছেন ১১ দলীয় ঐক্য জোটের পরাজিত প্রার্থী ও এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম। মঙ্গলবার জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে বিএনপির নির্বাচিতরা সংসদ সদস্যরা শপথ নেওয়ার পর ফেসবুকে তাৎক্ষণিক এক প্রতিক্রিয়া ফেসবুকে এ মন্তব্য করেন তিনি।
ফেসবুকে সারজিম আলম লিখেছেন, জুলাই সনদ ও অভ্যুত্থানের আকাঙ্ক্ষার সঙ্গে গাদ্দারি করে বিএনপি সরকারের যাত্রা শুরু হলো। জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে বিএনপির নির্বাচিতরা সংসদ সদস্যরা শপথ নেন। তবে তারা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি। বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়ান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। বিএনপির পর বাংলাদেশ জামায়েতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট, স্বতন্ত্র ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য ছাড়াও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেন। তবে স্বতন্ত্র সংসদ কেউ কেউ সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি।
