জুলাই সনদ বাস্তবায়ন না করলে ছাড় দেওয়া হবে না

বললেন জামায়াত আমির

প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

জুলাই সনদের বাস্তবায়ন না করলে কোনও ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। গতকাল বুধবার রাজধানীর মিরপুরে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই হুঁশিয়ারি দেন। রাষ্ট্র সংস্কারের মাধ্যমে দেশের সব স্তরের আবর্জনা দূর করা হবে উল্লেখ করে ডা. শফিকুর রহমান বলেন, পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে মন ভালো থাকে। গত মঙ্গলবার আমরা দুটো শপথ নিয়েছি। দেশের মানুষের জন্য কাজ করার জন্যই আমাদের শপথ। জামায়াত আমির বলেন, জুলাই না আসলে তারেক রহমান প্রধানমন্ত্রী হতে পারতেন না এবং আমিও বিরোধী দলীয় প্রধান হতে পারতাম না। তাই আমাদের সবার উচিত সংসদে জুলাইয়ের চেতনা বাস্তবায়ন করা।

ঝাড়ু নিয়ে রাস্তা পরিষ্কার করলেন জামায়াত আমির : রাজধানীর মনিপুর এলাকায় গতকাল সকালে রাস্তা পরিষ্কার কর্মসূচিতে অংশ নেন বাংলাদেশ জামায়াতে আমির ডা. শফিকুর রহমান। ফজরের পর তিনি নেতাকর্মীদের সঙ্গে মিলিত হয়ে নিজে ঝাড়ু হাতে রাস্তার আবর্জনা পরিষ্কার করেন। ভিডিওতে দেখা গেছে, জামায়াত আমির প্রায় ১৫ থেকে ২০ মিনিট সময় ব্যয় করেন পরিষ্কার-পরিচ্ছন্নতায়। নেতাকর্মীরা পলিথিনে আবর্জনা সংগ্রহ করেন। এছাড়া এই কার্যক্রমে ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিনও অংশ নেন। কর্মসূচি শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ডা. শফিকুর রহমান বলেন, আমরা রাষ্ট্র সংস্কারের মাধ্যমে দেশের সব ধরনের আবর্জনা দূর করতে চাই। নিজ নিজ আঙিনা পরিষ্কার করলে দেশও পরিষ্কার হবে। আমরা একটি পরিচ্ছন্ন দেশ গড়ব। তিনি আরও উল্লেখ করেন, জুলাই না এলে তারেক রহমান প্রধানমন্ত্রী হতে পারতেন না, আমিও বিরোধীদলীয় প্রধান হতে পারতাম না। তাই আমাদের উচিত সংসদে জুলাইয়ের চেতনা বাস্তবায়ন করা।