ভিন্নমত দমন নয় স্বাগত জানানোই হোক নতুন রাজনৈতিক সংস্কৃতি
বললেন শফিকুর রহমান
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, মতপ্রকাশের স্বাধীনতার জন্যই জুলাই গণঅভ্যুত্থান হয়েছিল। তিনি ভিন্নমতকে স্বাগত জানিয়ে নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ার আহ্বান জানিয়েছেন। গতকাল বৃহস্পতিবার ভোরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেওয়া এক পোস্টে শফিকুর রহমান এ কথা বলেন।
পোস্টে বিরোধীদলীয় নেতা লেখেন, ‘ফ্যাসিবাদের ১৭ বছরে বর্তমান সরকারি দল ও আমরা- উভয় পক্ষই স্বাধীন মতপ্রকাশের ক্ষেত্রে দমন-পীড়নের শিকার হয়েছি। আমরা সেই অন্ধকার সময়ে আর ফিরতে চাই না।’ ‘গণমাধ্যমের স্বাধীনতা একটি সুস্থ গণতন্ত্রের প্রথম শর্ত’ উল্লেখ করে জামায়েতের আমির লেখেন, ‘ভিন্নমত দমন নয়- স্বাগত জানানোই হোক নতুন রাজনৈতিক সংস্কৃতি।’ দুর্নীতিমুক্ত দেশ গঠনে সরকারকে সহযোগিতা করতে চায় জামায়াত : বৃহস্পতিবার সন্ধ্যায় প্রথম রোজায় এতিমদের সম্মানে রাজধানীর মিরপুর-১৩ তে এক হোটেলে জামায়াত আয়োজিত এক ইফতার মাহফিলে ছন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির শফিকুর রহমান বলেন, দায়িত্বশীল বিরোধী দল হিসেবে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দুর্নীতিমুক্ত, মানবিক দেশ গঠনের পথে জামায়াতে ইসলামী বিএনপি সরকারকে সর্বাত্মক সহযোগিতা করতে চায়। জামায়াতের আমির বলেন, দায়িত্বশীল বিরোধী দল হিসেবে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দুর্নীতিমুক্ত, মানবিক দেশ গঠনের পথে সরকারকে সর্বাত্মক সহযোগিতা করতে চায় জামায়াত। এ সহযোগিতা নেওয়ার দায়িত্ব সরকারের। এর বিপরীত কিছু হলে জামায়াত যেন ১৮ কোটি মানুষের পক্ষে থাকতে পারে, আল্লাহর কাছে সেই দোয়া করেন তিনি। শফিকুর রহমান বলেন, ‘এখানে আমরা কোনো আপস করব না, করতে পারব না। আমাদের রাজনীতি আমাদের জন্য নয়। আমাদের এই রাজনীতি মানবতার জন্য। মানুষের ক্ষতি হবে আর চুপ করে আমরা বসে থাকব, এটা আমাদের জন্য অসম্ভব।’
বিরোধীদলীয় নেতা বলেন, ‘আমরা চেষ্টা করব এ রকম কিছু দেখলে সরকারকে দৃষ্টি আকর্ষণ করতে। তারা যদি শুধরে নেয়, আমরা অন্তর থেকে তাদের জন্য দোয়া করব। আমাদের পরামর্শ গ্রহণ করা জন্য আমরা তাদের ধন্যবাদ জানাব এবং সেই ভালো কাজে আবার বলছি, আমরা তাদের সঙ্গী হব। কিন্তু যদি না করে, আমরা সংসদে এবং জনগণের কাতারে দাঁড়িয়ে কিন্তু প্রতিবাদ করব। যেখানে সম্ভব, যেখানে প্রয়োজন, জাতির স্বার্থে সেখানে প্রতিরোধ গড়ে তুলব, ইনশা আল্লাহ।’
