মাতৃভাষা দিবসে নিরাপত্তাজনিত কোনো হুমকি নেই
বললেন র্যাব ডিজি
প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে ঘিরে কোনো ধরনের নিরাপত্তা হুমকি নেই বলে জানিয়েছেন র্যাবের মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান। শুক্রবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও দেশব্যাপী র্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। র্যাব মহাপরিচালক বলেন, শহীদ মিনার এলাকায় সব ধরণের নিরাপত্তা প্রস্তুতি নেয়া হয়েছে। পুরো এলাকা ৬৪টি ক্যামেরার মাধ্যমে সিসিটিভির আওতায় আনা হয়েছে। এছাড়াও সারাদেশের সব জায়গায় শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদনের জন্য নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানান র্যাব মহাপরিচালক। তিনি বলেন, এখন থেকে বিভিন্ন দাবি আদায়ের নামে সাধারণ মানুষকে জিম্মি করে কোন কার্যক্রম করতে দেয়া হবে না।
কেন্দ্রীয় শহীদ মিনারে যেতে মানতে হবে যেসব নির্দেশনা : রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় যাওয়ার ক্ষেত্রে সর্বসাধারণের জন্য বিশেষ নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এ নির্দেশনা জারি করা হয়েছে। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে পলাশীর মোড়, জগন্নাথ হল ক্রসিং এবং শহীদ মিনার রোড ব্যবহার করে শহীদ মিনারে আসার জন্য অনুরোধ করা হয়েছে। একই সঙ্গে নিরাপত্তার স্বার্থে এসব নির্ধারিত সড়ক ছাড়া অন্য কোনো পথ ব্যবহার না করার জন্য আহ্বান জানানো হয়েছে। শ্রদ্ধা নিবেদন শেষে দোয়েল চত্বর অথবা চানখাঁরপুল দিয়ে বের হয়ে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি। একই সঙ্গে শহীদ মিনার এলাকায় কোনো ধরনের ধারালো বস্তু, দাহ্য পদার্থ বা ঝুঁকিপূর্ণ সামগ্রী বহন না করার জন্য সবার প্রতি আহ্বান জানানো হয়েছে। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় ব্যক্তি ও বিদেশি কূটনীতিকদের শ্রদ্ধা নিবেদনের পর রাত ১২টা ৪০ মিনিটের দিকে কেন্দ্রীয় শহীদ মিনার সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হবে। শহীদ মিনার ও আশপাশের এলাকায় কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা করেছে ডিএমপি। প্রায় ১৫ হাজার পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন। পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থা, সোয়াত, বোম্ব ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াড সার্বক্ষণিক প্রস্তুত থাকবে।
