রাষ্ট্রীয় আচার হিসেবে শহীদ মিনারে এসেছি

বললেন জামায়াত আমির

প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

ভাষাশহিদ দিবসে শহীদ মিনারে ফুল দেওয়ার ব্যাখ্যায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, রাষ্ট্রাচারের অংশ হিসেবে এ কর্মসূচি পালন করেছেন। ভাষাশহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শফিকুর রহমান বিরোধীদলীয় নেতা হিসেবে গতকাল শনিবার প্রথম প্রহরে ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানান। শহীদ মিনারে ফুল দেওয়ার পর সাংবাদিকেরা এ নিয়ে প্রশ্ন করেন জামায়াতের আমির শফিকুরকে। আগে কখনো আসেননি, কী মনে করে প্রথমবার ফুল দিতে এলেন-এক সাংবাদিকের এ প্রশ্নে তিনি বলেন, ‘এবার রাষ্ট্রীয় আচার হিসেবে এটা আমার দায়িত্ব। বিরোধীদলীয় নেতা হিসেবে আমাকে আসতে হবে আমার সঙ্গীদের নিয়ে। তাই আমি এসেছি।’

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ সংসদ নির্বাচনে ৬৮টি আসনে জয়ী হয়ে সংসদে প্রধান বিরোধী দলের আসনে বসতে যাচ্ছে জামায়াত। তাদের নেতৃত্বাধীন ১১-দলীয় নির্বাচনী ঐক্যের মোট আসন ৭৭টি। শফিকুর এরই মধ্যে বিরোধীদলীয় নেতা নির্বাচিত হয়েছেন।

বিরোধীদলীয় নেতার সঙ্গে ছিলেন জামায়াতের নায়েবে আমির এ টি এম আজহারুল ইসলাম ও মুজিবুর রহমান, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন, এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহসহ কয়েকজন নেতা। ফুল দেওয়ার পর শহীদ মিনারে দাঁড়িয়েই ভাষাশহীদদের জন্য দোয়া ও মোনাজাত করেন তারা।

এরপর শহীদ মিনার ছাড়ার সময় সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন জামায়াত আমির। শুধু ভাষাশহীদ নয়, বিভিন্ন আন্দোলনে শহীদ সবার প্রতি শ্রদ্ধা জানানোর কথা বলেন তিনি।

শফিকুর বলেন, ‘আমরা আসলে ভাষাশহীদের আগে ৪৭-এ (পাকিস্তান সৃষ্টি) যারা শহীদ হয়েছেন, তাদের শ্রদ্ধার সাথে স্মরণ করি, বায়ান্নর শহীদদের স্মরণ করি, একাত্তরের শহীদদের স্মরণ করি। ৯০-এর গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, তাদের স্মরণ করি, সাড়ে ১৫ বছর ফ্যাসিস্ট আমলে যারা শহীদ হয়েছেন, তাদের আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি, বিশেষ করে যারা জুলাই যোদ্ধা হিসেবে জাতির অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করে জীবন দিয়েছেন, তাদের স্মরণ করি। শেষ পর্যন্ত আমাদের ওসমান হাদিকে আমরা স্মরণ করি।’

ভাষা শহীদদের কবর জিয়ারত করলেন জামায়াত আমির : অমর একুশে ফেব্রুয়ারির রাতে রাজধানীর আজিমপুর কবরস্থানে ভাষা শহীদদের কবর জিয়ারত করেছেন বিরোধীদলীয় প্রধান ডা. শফিকুর রহমান। শনিবার রাতে তিনি আজিমপুর কবরস্থানে যান। সেখানে ভাষা আন্দোলনে শাহাদাত বরণকারী শহীদদের কবর জিয়ারত করেন এবং তাদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করেন। এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিভিন্ন স্তরের নেতাকর্মীরা তার সঙ্গে উপস্থিত ছিলেন। গণমাধ্যমকর্মীদের সামনে ডা. শফিকুর রহমান বলেন, ‘আজকে স্মৃতিময় একুশে ফেব্রুয়ারি। এদিন যারা ভাষার জন্য শাহাদাত বরণ করেছেন তাদের রুহের মাগফিরাত কামনা করি।’ তিনি আরও বলেন, ‘এই আজিমপুর গোরস্থানে তিনজন ভাষাসৈনিকের দাফন সম্পন্ন হয়েছে। আমরা সেই তিন শহীদসহ এখানের সব মৃতের জন্য দোয়া করেছি।’