আ.লীগ সরকারের সময়কার ১২০২ মামলা প্রত্যাহার
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলের ১৭ বছর ধরে বিরোধী দলের নেতা- কর্মীদের বিরুদ্ধে দায়ের করা রাজনৈতিক হয়রানিমূলক আরও ১ হাজার ২০২টি মামলা প্রত্যাহারের অনুমোদন দেওয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা (পরিচালক) ফয়সল হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল মঙ্গলবার এ তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিগত ফ্যাসিস্ট আমলে বিরোধী দলের নেতা- কর্মীদের রাজনৈতিকভাবে হয়রানি করার জন্যই এসব মামলা দায়ের করা হয়। অনেক যাচাই-বাছাইয়ের পরই এসব মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এর আগে গত রোববার জানানো হয়েছিল, বিগত ১৭ বছর ধরে বিরোধী দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে দায়ের করা রাজনৈতিক হয়রানিমূলক ১ হাজার ছয়টি মামলা প্রত্যাহারের অনুমোদন দেওয়া হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত ছয় সিটি প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ : স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকার দুই সিটি করপোরেশনসহ দেশের ছয় সিটি করপোরেশনের নবনিযুক্ত প্রশাসকরা। মঙ্গলবার বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তার দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে স্বরাষ্ট্রমন্ত্রী নবনিযুক্ত প্রশাসকদের স্বাগত জানান এবং দায়িত্ব পালনে সততা, স্বচ্ছতা ও জনবান্ধব সেবার ওপর গুরুত্বারোপ করেন। এ সময় প্রশাসকরা তাদের দায়িত্ব পালনকালে মন্ত্রণালয়ের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন। পাশাপাশি সংশ্লিষ্ট সিটি করপোরেশনগুলোর নাগরিক সেবা উন্নয়ন ও অবকাঠামোগত অগ্রগতিতে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
উল্লেখ্য, গত ২২ ফেব্রুয়ারি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সিটি করপোরেশন-১ শাখা থেকে ছয় সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে মো. আব্দুস সালাম, ঢাকা উত্তর সিটি করপোরেশনে মো. শফিকুল ইসলাম খান, খুলনা সিটি করপোরেশনে নজরুল ইসলাম মঞ্জু, সিলেট সিটি করপোরেশনে আব্দুল কাইয়ুম চৌধুরী, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে মো. সাখাওয়াত হোসেন খান এবং গাজীপুর সিটি করপোরেশনে মো. শওকত হোসেন সরকারকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
