জামায়াতের ইফতারে আমন্ত্রণ প্রধানমন্ত্রীকে

প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে প্রধানমন্ত্রী তারেক রহমানকে সপরিবারে আমন্ত্রণ জানানো হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে প্রধানমন্ত্রী তারেক রহমানকে সপরিবারে আমন্ত্রণ জানানো হয়েছে। আগামী ২৮ ফেব্রুয়ারি বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ইফতারের আয়োজন করেছে দলটি।

গতকাল বুধবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে আনুষ্ঠানিকভাবে দাওয়াত দেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার । এ সময় অনুষ্ঠানে উপস্থিত থাকার আশ্বাস দেন তারেক রহমান। এছাড়াও টেলিফোনে আলাপকালে প্রধানমন্ত্রীকে স্ত্রী ও সন্তানসহ সপরিবারে ইফতার মাহফিলে অংশগ্রহণের অনুরোধ জানান জামায়াতের আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান।

জামায়াতের ইফতারে যাওয়ার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী- গোলাম পরওয়ার : জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং ইফতারের দাওয়াত দিতে আমরা এসেছিলাম। তার সঙ্গে কুশলবিনিময় এবং পারস্পরিক আলোচনা হয়েছে। এ সময় জামায়াত আমির ডা. শফিকুর রহমানের অসুস্থতার কথা শুনে তিনি ফোনে তার সঙ্গেও কথা বলেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী আমাদের দাওয়াত কবুল করেছেন এবং যাবেন বলে আশ্বস্ত করেছেন। আমাদের আমির টেলিফোনে তাকে স্ত্রী ও সন্তান জাইমা রহমানসহ সপরিবারে যাওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করেন। আমরা উভয়কেই দাওয়াতপত্র দিয়েছি।

গোলাম পরওয়ার বলেন, সরকার গঠনের পর প্রধানমন্ত্রীর সঙ্গে আমাদের প্রথম অফিসিয়াল সাক্ষাৎ ছিল এটি। দেশটা যেন মানুষের প্রত্যাশা অনুযায়ী পরিচালিত হতে পারে, আমরা সেই আহ্বান জানিয়েছি। প্রধানমন্ত্রী সরকারের আকাঙ্ক্ষার কথা তুলে ধরেন। তিনি বলেন, নতুন দায়িত্ব পালন করতে গিয়ে নতুন পরিবেশের সঙ্গে পরিচিত হচ্ছেন, সেটা নিয়েও মতবিনিময় করলেন। তিনি সবার সহযোগিতা কামনা করেছেন।

জামায়াত সেক্রেটারি জেনারেল বলেন, আগের ব্যাডপ্রাকটিসগুলো যাতে না থাকে, সরকারি দল ও বিরোধীদলের সমন্বয় এবং সংহতি ও রাজনীতিতে সব বিতর্কের জায়গা যেন পার্লামেন্ট হয়, রাজনীতিতে সহযোগিতা-বিতর্ক সংসদেই হোক, ময়দানের রাজনীতি-সেটাও নিয়মতান্ত্রিকভাবে, মূলত পার্লামেন্টারি ডেমোক্রেসির মূল আলোচনা, সে সম্পর্কে কিছু সংক্ষিপ্ত আলোচনা এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় হয়েছে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে গোলাম পরওয়ার বলেন, জুলাই সনদ পুরোপুরি বাস্তবায়ন হলে ডেপুটি স্পিকার, দ্বিকক্ষবিশিষ্ট পার্লামেন্টসহ আরও যেসব বিষয় আছে, তা বলা যাবে।

জামায়াত আমিরের অসুস্থতার খবর শুনে প্রধানমন্ত্রীর ফোনকল : জামায়াতে ইসলামীর আমির ও প্রধান বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান গত মঙ্গলবার হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলেন। বিষয়টি জানতে পেরে তার সঙ্গে ফোনে কথা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে যান জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনিই সাক্ষাৎ শেষে বিষয়টি জানান। মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘উনি (প্রধানমন্ত্রী) আমাদের সম্মানিত আমির ডা. শফিকুর রহমানের সাময়িক অসুস্থতার খবর পেয়ে কুশল জিজ্ঞেস করলেন এবং ফোনে আলাপ করার আগ্রহ ব্যক্ত করে সঙ্গে সঙ্গেই আমার টেলিফোনে তিনি আমিরে জামায়াতের সঙ্গে কুশল বিনিময় করলেন। পরস্পর কুশল বিনিময় সালাম বিনিময় হলো।’