জানমাল রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা গুরুত্বপূর্ণ
বললেন জামায়াত আমির
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, জনগণের জানমাল রক্ষা ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি সকল রাজনৈতিক ও সামাজিক সংগঠনকে দল-মত নির্বিশেষে শান্তি, শৃঙ্খলা ও উন্নয়নের স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। গতকাল বৃহস্পতিবার ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম ও ঢাকা-১৬ আসনের সংসদ সদস্য আবদুল বাতেনের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জামায়াতের আমির বলেন, জনগণের আস্থা অর্জনের মাধ্যমে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও জনবান্ধব ও কার্যকর ভূমিকা পালন করতে হবে। সভায় ঢাকা-১৪ ও ঢাকা-১৬ নির্বাচনি এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, নাগরিকদের নিরাপত্তা, মাদক ও সন্ত্রাসবিরোধী কার্যক্রম, কিশোর গ্যাং প্রতিরোধ এবং সামাজিক সম্প্রীতি রক্ষায় করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। জাতীয় সংসদ সদস্যগণ ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিরা মাঠপর্যায়ের বিভিন্ন চ্যালেঞ্জ ও সম্ভাবনা তুলে ধরেন। সভায় উপস্থিত ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম ও ঢাকা-১৬ আসনের সম্মানিত সংসদ আবদুল বাতেন এলাকার উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি অপরাধ দমনে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা জনগণের সহযোগিতা কামনা করেন এবং চলমান বিশেষ অভিযান ও সচেতনতামূলক কার্যক্রমের বিষয়ে অবহিত করেন।
বাংলাদেশ ব্যাংকের ঘটনা সরকারসমর্থিত ‘মব-কালচারের’ সূচনা- শফিকুর রহমান : জামায়াতে ইসলামীর আমির বলেন, গত বুধবার বাংলাদেশ ব্যাংকে যে পরিস্থিতির সৃষ্টি করা হয়েছে, তা বর্তমান সরকারসমর্থিত ‘মব-কালচারের’ আনুষ্ঠানিক সূচনা বলে মনে হচ্ছে। এটি দুর্ভাগ্যজনক ও পুরোপুরি অগ্রহণযোগ্য। বাংলাদেশ ব্যাংকের মতো রাষ্ট্রের সর্বোচ্চ গুরুত্বপূর্ণ পর্যায়ে এমন অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ড অব্যাহত থাকলে দেশের অর্থনীতির অবশিষ্টাংশও ধ্বংস হয়ে যাবে। গতকাল বৃহস্পতিবার ভোর ৫টা ৪৬ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ কথা বলেন শফিকুর রহমান।
বাংলাদেশ ব্যাংকে গত বুধবার দিনভর একদল কর্মকর্তা-কর্মচারীর বিক্ষোভণ্ডউত্তেজনার মধ্য দিয়ে গভর্নরের পদ থেকে বিদায় নিতে হয় আহসান এইচ মনসুরকে। এদিন মো. মোস্তাকুর রহমানকে নতুন গভর্নর হিসেবে নিয়োগ দেয় সরকার। গতকাল বুধবার আহসান এইচ মনসুরের একজন উপদেষ্টাকে ‘মব’ তৈরি করে ব্যাংক থেকে বের করে দেওয়ার মতো ঘটনাও ঘটে।
জামায়াতে ইসলামীর আমির বলেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও তার উপদেষ্টার মতো সম্মানিত ব্যক্তিদের এভাবে অপমান করার অধিকার কারও নেই। এমনিতেই ফ্যাসিবাদের নাগপাশে পড়ে দেশের অর্থনীতিতে চরম দুরবস্থা, সর্বস্তরে দুর্নীতির মহামারি, সঙ্গে রয়েছে চাঁদাবাজি ও সিন্ডিকেট। তার পাশাপাশি যদি বাংলাদেশ ব্যাংকের মতো রাষ্ট্রের সর্বোচ্চ গুরুত্বপূর্ণ পর্যায়ে এমন অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ড অব্যাহত থাকে, তবে দেশের অর্থনীতির অবশিষ্টাংশও ধ্বংস হয়ে যাবে।
শফিকুর রহমান মনে করেন, এই বিশৃঙ্খলার বিরুদ্ধে দলমত-নির্বিশেষে সমাজের সব স্তর থেকে প্রতিবাদ হওয়া উচিত। জামায়াতে ইসলামীর আমির আরও বলেন, ইতিমধ্যেই রাষ্ট্রীয় বিভিন্ন প্রতিষ্ঠানে মব সৃষ্টি করে দায়িত্বপূর্ণ অবস্থানে থাকা দক্ষ, দেশপ্রেমিক ও উপযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে প্রতিদিন নানা উৎপাতের খবর পাওয়া যাচ্ছে। তিনি সরকারকে স্পষ্ট ভাষায় বলতে চান, সত্যিকারভাবে একটি গণতান্ত্রিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়তে হলে এসব অপতৎপরতা অবিলম্বে বন্ধ করতে হবে। একই সঙ্গে দলীয় আনুগত্য নয়, যোগ্যতার ভিত্তিতে দেশপ্রেমিক ও উপযুক্ত ব্যক্তিদের সরকারি গুরুত্বপূর্ণ পদে পদায়ন নিশ্চিত করতে হবে।
