‘ট্রাইব্যুনালে বিচার থমকে যাওয়ার শঙ্কা নেই’

প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অভ্যন্তরীণ বিরোধ বিচারকাজে প্রভাব ফেলবে না বলে মন্তব্য করেছেন নবনিযুক্ত চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তিনি বলেছেন, ট্রাইব্যুনালের বিচার থমকে যাওয়ার কোনো আশঙ্কা নেই। গতকাল বৃহস্পতিবার ট্রাইব্যুনালের নিজ দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন আমিনুল ইসলাম। সম্প্রতি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সদ্য বিদায়ী চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম ও প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীমের বিরুদ্ধে দুর্নীতি ও বিচারপ্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তোলেন আরেক প্রসিকিউটর বি এম সুলতান মাহমুদ। একইভাবে বিশ্বাস, শৃঙ্খলা ও আচরণবিধি ভঙ্গ করা, নিরাপত্তা প্রহরীকে মারধরসহ বিভিন্ন অভিযোগে প্রসিকিউটর সুলতান মাহমুদকে অপসারণ করতে চলতি বছরের জানুয়ারির প্রথম দিকে আইন উপদেষ্টাকে তাজুল ইসলামের অনুরোধের বিষয়টি সামনে চলে এসেছে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আমিনুল ইসলাম বলেন, ট্রাইব্যুনালে বিচার থমকে যাওয়ার কোনো ব্যাপার নেই। একটি পরিবারেও অনেক কিছু হয়। তাই বলে কি পরিবার চলে না? ট্রাইব্যুনালে যারা কাজ করেন, তারা একটি পরিবারের সদস্য।

নবনিযুক্ত চিফ প্রসিকিউটর বলেন, কোনো বিভেদণ্ডদ্বন্দ্ব বা সমালোচনা বিচারকাজকে প্রভাবিত করবে না। তিনি কোনো ধরনের কম্প্রোমাইজ (সমঝোতা) করা শেখেননি। তার মাধ্যমে কোনো কম্প্রোমাইজ হবে না। আমিনুল ইসলাম বলেন, কোনো নির্দোষ মানুষ তার মাধ্যমে বিন্দুমাত্র কোনো হয়রানির শিকার হবেন না। কোনো অপরাধী পার পেয়ে যাবেন- এ চিন্তা করে লাভ নেই।

প্রসিকিউটরদের পাল্টাপাল্টি অভিযোগে বিচারে প্রভাব পড়বে না এমন মন্তব্য করে চিফ প্রসিকিউটর বলেন, প্রসিকিউটরদের দু’পক্ষে যেসব অভিযোগ আসছে, আমি যতদিন দায়িত্ব পালন করবো ততদিন এসব নিয়ে কখনই বিচারকে প্রভাবিত করবে না। আমি আপস করতে শিখিনি। অতএব আমার মাধ্যমে কোনো নির্দোষ মানুষ বিন্দুমাত্র হয়রানির শিকার হবে না। কোনো অপরাধী পার পেয়ে যাবে এ চিন্তা করে লাভ নেই। এটা একেবারেই স্পষ্ট বার্তা। আমিনুল ইসলাম বলেন, এখানে বিচার থমকে যাওয়ার কোনো ব্যাপার নেই। এটা আমাদের পরিবার। এখানে অনেক কিছুই হয়। এজন্য পরিবার কি চলে না। আমরা যারা ট্রাইব্যুনালে কাজ করি, সবাই একই পরিবারের সদস্য। তাই আমাদের অভ্যন্তরীণ অনেক কিছু হবে, আবার সমাধানও হবে।