করাচিতে মার্কিন কনস্যুলেটের সামনে বিক্ষোভ গুলিতে নিহত ৯

প্রকাশ : ০২ মার্চ ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

পাকিস্তানে ইরানের সমর্থনে আয়োজিত বিক্ষোভে মার্কিন কনস্যুলেটের কাছে সংঘর্ষে অন্তত ৯ জন নিহত হয়েছেন। গতকাল রোববার করাচি শহরে মার্কিন কনস্যুলেটের সামনে বিক্ষোভের সময় এ ঘটনা ঘটে। গত শনিবার তেহরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সমন্বিত বিমান হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার পর করাচিতে বিক্ষোভ শুরু হয় বলে জানিয়েছে ডন। স্থানীয় একটি উদ্ধারকারী সংস্থার মুখপাত্র মুহাম্মদ আমিন বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘আমরা করাচির সিভিল হাসপাতালে অন্তত আটজনের মরদেহ পাঠিয়েছি। এ ঘটনায় আরও ২০ জন আহত হয়েছেন।’ তিনি জানান, হতাহতদের বেশির ভাগেরই শরীরে গুলির আঘাত রয়েছে।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার প্রতিবাদে কয়েকশ’ বিক্ষোভকারী করাচিতে মার্কিন কনস্যুলেট ঘেরাও করার চেষ্টা করলে পরিস্থিতির অবনতি হয়। একপর্যায়ে বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তারক্ষীদের সংঘর্ষ বেঁধে যায়।

আল জাজিরার এক ভিডিওতে দেখা যায়, বিক্ষোভকারীরা কনস্যুলেটের কমপাউন্ডে ঢুকে পড়েছিলেন। এ সময় একজনকে কনস্যুলেট ভবনের একটি জানালায় আগুন ধরিয়ে দিতে দেখা যায়।

এবার ইরাকে মার্কিন কনস্যুলেটে হামলা : ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহতের খবর ছড়িয়ে পড়ার পর মধ্যপ্রাচ্যসহ মুসলিম বিশ্বে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এরই প্রতিক্রিয়ায় প্রতিবেশী দেশ ইরাকের রাজধানী বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাস ভবনে ব্যাপক হামলা ও ভাঙচুর চালিয়েছে বিক্ষুব্ধ জনতা। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন অনুযায়ী, গতকাল রোববার বেলা ১১টার দিকে শত শত মানুষ কালো পোশাক পরে লাঠিসোঁটা ও পাথর নিয়ে দূতাবাস ঘেরাও করে।

প্রতিবেদনে জানানো হয়েছে, ইরানের ঘটনার পর থেকেই ইরাকে মার্কিন স্থাপনাগুলোর নিরাপত্তা জোরদার করা হয়েছিল। বিক্ষোভকারীরা দূতাবাসের সীমানায় প্রবেশের চেষ্টা করলে সেখানে মোতায়েন থাকা নিরাপত্তাকর্মীদের সঙ্গে তাদের দফায় দফায় সংঘর্ষ বাধে। একপর্যায়ে নিরাপত্তাকর্মীরা টিয়ারশেল ও শক্তি প্রয়োগ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দিতে সক্ষম হয়। এই সংঘর্ষে কোনো প্রাণহানির খবর না পাওয়া গেলেও পরিস্থিতি এখনও থমথমে রয়েছে।

বিক্ষোভে অংশ নেওয়া আলী নামে এক ব্যক্তি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আমরা ইরাক থেকে যুক্তরাষ্ট্রকে চিরতরে উৎখাত করতে চাই, সেই লক্ষ্যেই আমরা আজ এখানে সমবেত হয়েছি।’

এর আগে পাকিস্তানের বাণিজ্যিক রাজধানী করাচিতে অবস্থিত মার্কিন কূটনৈতিক মিশনেও ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে। একদল বিক্ষুব্ধ জনতা মার্কিন কনস্যুলেট লক্ষ্য করে হামলা চালালে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নিরাপত্তা বাহিনী গুলি ছুড়তে বাধ্য হয়। এই রক্তক্ষয়ী সংঘর্ষে এখন পর্যন্ত ৯ জন বিক্ষোভকারী নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত হয়েছেন আরও অনেকে, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।