মধ্যপ্রাচ্যগামী ২৭ ফ্লাইট বাতিল, বিড়ম্বনায় যাত্রীরা
* তিনটি গন্তব্য বাদে মধ্যপ্রাচ্যে বিমানের ফ্লাইট পুনরায় চালু * জেদ্দা-রিয়াদণ্ডমাস্কাটের ফ্লাইট নির্ধারিত সময়ে পরিচালনা করবে ইউএস-বাংলা * স্থগিত ফ্লাইটগুলো রিশিডিউল করে যাত্রীদের পর্যাপ্ত সময় দেওয়া হবে
প্রকাশ : ০২ মার্চ ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার কারণে বাহরাইন, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, কাতারসহ মধ্যপ্রাচ্যের দেশগুলো নিজেদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ করায় বিপাকে পড়েছে বাংলাদেশের প্রবাসী যাত্রীরা। গতকাল রোববার সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ জানিয়েছেন, এখন পর্যন্ত মধ্যপ্রাচ্যগামী ২৭টি ফ্লাইট বাতিল হয়েছে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দেখা গেছে, গত শনিবারের মতো গতকাল রোববার সকালেও যাত্রীদের ভোগান্তির চিত্র। নিরাপত্তা ঝুঁকির কারণে শুধু বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট নয়, দেশি-বিদেশি বিভিন্ন এয়ারলাইন্সের ফ্লাইট স্থগিত করা হয়েছে। এতে বেশ বিড়ম্বনায় পড়েছেন যাত্রীরা।
ফ্লাইট চালু হওয়ার নির্দিষ্ট সময় না জানানোয় হতাশায় বিমানবন্দরে অবস্থান করতে দেখা গেছে অনেক যাত্রীকে। অনেকের ভিসার মেয়াদ না থাকায় পড়ছে অনিশ্চয়তার মুখে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে, আকাশপথ নিরাপদ হলেই ধাপে ধাপে ফ্লাইট পরিচালনা পুনরায় শুরু করা হবে। মধ্যপ্রাচ্যের কয়েক দেশের ফ্লাইট বাতিল বা স্থগিত হলেও নির্বিঘ্নে যেতে পারছেন ইউরোপসহ অন্যান্য অঞ্চলের যাত্রীরা।
বাংলাদেশ বিমানের যাত্রী হয়ে ১ মার্চ বিকেল পাঁচটায় কাতারের উদ্দেশ্যে যাওয়ার কথা ছিল নোয়াখালীর সেনবাগের জুয়েল মিয়ার। মধ্যপ্রাচ্যের আকাশসীমা বন্ধ থাকার কারণে ফ্লাইট স্থগিত হওয়ার খবর শুনেও সকালেই সশরীরে আসেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে।
ভোগান্তির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমরা অনেক ভোগান্তির মধ্যে রয়েছি। ফ্লাইট স্থগিত হওয়ার কথা শুনে এজেন্সিতে যোগাযোগ করলে তারা জানিয়ে দিয়েছে সকাল থেকেই বিমানবন্দরে উপস্থিত থাকার জন্য। এই কারণে আমি এখন এখানে এসেছি।
আমি হটলাইনে ফোন দিচ্ছি প্রায় এক ঘণ্টার উপরে। হট লাইনে যোগাযোগ করতে পারছি না। এজেন্সির সঙ্গে কথা বলছি, উনারা একই কথা বলতেছে যে আপনি ওখানে উপস্থিত থাকেন। উনারা যে ডিসিশন দেয় এয়ারপোর্টের থেকেই জানতে পারবেন। এখন কি আর করা, অনিশ্চয়তার মধ্যে আছি।
নোয়াখালীর লক্ষ্মীপুর জেলার জুবায়ের নামের আরেক যাত্রী জানান, গতকাল রাতে বাংলাদেশ বিমানে কাতার যাওয়ার কথা ছিল। কিন্তু ফ্লাইট স্থগিত হয় রাতে বিমান কর্তৃপক্ষ তাদের ২৪ ঘণ্টা অপেক্ষা করতে বলেছিলেন। এজন্য তিনি রাজধানীর উত্তরাতে একটি বেসরকারি হোটেলে রাত্রি যাপন করেছিলেন। এখন আবার পুনরায় খোঁজ নিতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসেছেন। কিন্তু এখনো তিনি সুনির্দিষ্টভাবে কোনো তথ্য জানতে পারছেন না বলে অভিযোগ করেছেন।
তিনটি গন্তব্য বাদে মধ্যপ্রাচ্যে বিমানের ফ্লাইট পুনরায় চালু : বিমান বাংলাদেশ এয়ারলাইন্স গতকাল রোববার ঘোষণা দিয়েছে, দোহা, দুবাই ও আবুধাবি বাদে মধ্যপ্রাচ্যের সব গন্তব্যে তাদের ফ্লাইট নির্ধারিত সময়সূচি অনুযায়ী চলবে। নির্ধারিত সময়ের চার ঘণ্টা আগে যাত্রীদের বিমানবন্দরে উপস্থিত হওয়ার অনুরোধ করা হয়েছে। জাতীয় পতাকাবাহী এই এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ মধ্যপ্রাচ্যের অন্যান্য গন্তব্যে ফ্লাইটগুলো সময়মতো ছেড়ে যাবে। তবে দোহা, দুবাই ও আবুধাবি গন্তব্যের সেবা নির্ধারিত সময়সূচির বাইরে রয়েছে।
প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা নির্বিঘ্নে সম্পন্ন করার লক্ষ্যে বিমান সকল যাত্রীকে নির্ধারিত সময়ের অন্তত চার ঘণ্টা আগে বিমানবন্দরে পৌঁছানোর অনুরোধ করেছে।
জেদ্দা-রিয়াদণ্ডমাস্কাটের ফ্লাইট নির্ধারিত সময়ে পরিচালনা করবে ইউএস-বাংলা : সৌদি আরবের রাজধানী রিয়াদ ও জেদ্দা এবং ওমানের রাজধানী মাস্কাটে ইউএস-বাংলা এয়ারলাইন্সের নির্ধারিত সময়সূচি অনুযায়ী ১ মার্চ এর সব ফ্লাইট পরিচালিত হবে। গতকাল রোববার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইউএস-বাংলা এয়ারলাইন্স জানায়, যাত্রীদের নির্ধারিত ফ্লাইট সূচির চার ঘণ্টা আগে বিমানবন্দরে উপস্থিত হয়ে বোর্ডিং পাস করার অনুরোধ করা হচ্ছে।
ইউএস-বাংলা জানায়, মধ্যপ্রাচ্যের সার্বিক পরিস্থিতি বিবেচনায় ইউএস-বাংলা এয়ারলাইন্স সংযুক্ত আরব আমিরাতের দুবাই, আবুধাবী, শারজাহ ও কাতারের রাজধানী দোহায় ফ্লাইট চলাচল সাময়িকভাবে স্থগিত রয়েছে। আরব আমিরাত ও কাতারে ফ্লাইট চলাচল উপযোগী হওয়া মাত্রই সম্মানিত যাত্রী সাধারণের সঙ্গে যোগাযোগ করবে ইউএস-বাংলা এয়ারলাইন্স কর্তৃপক্ষ।
ইউএস-বাংলা এয়ারলাইন্সের ফ্লাইট সংক্রান্ত যেকোনো ধরনের তথ্যের জন্য ১৩৬০৫ অথবা ০১৭৭৭৭৭৭৮০০-৮০৬ নম্বরে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।
স্থগিত ফ্লাইটগুলো রিশিডিউল করে যাত্রীদের পর্যাপ্ত সময় দেওয়া হবে : ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনার কারণে মধ্যপ্রাচ্যে ৫৪টি ফ্লাইট স্থগিত হওয়ার পর সেগুলোর ব্যাপারে কী সিদ্ধান্ত নিচ্ছে সরকার, তা জানিয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেছেন, গতকাল স্থগিত হওয়া ফ্লাইটগুলো রিশিডিউল (সময় পরিবর্তন) করা হয়েছে। সিভিল এভিয়েশন চেয়ারম্যান, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব এবং পররাষ্ট্র ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে আমরা কাজ করছি। আশা করছি, আগামীকালের (সোমবার) মধ্যে স্থগিত ফ্লাইটের যাত্রীদের গন্তব্যে পাঠানোর ব্যবস্থা সম্পন্ন হবে। গতকাল রোববার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ট্রাফিক সিগন্যাল মনিটরিং সেলে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ইরান-ইসরায়েল পরিস্থিতির প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যের বিভিন্ন রুটে স্থগিত হওয়া ফ্লাইটগুলো রিসিডিউল করে যাত্রীদের পর্যাপ্ত সময় দেওয়া হবে। একইসঙ্গে পরিস্থিতির ওপর নজর রেখে যাত্রীদের দুর্ভোগ কমাতে বিশেষ ব্যবস্থা নিয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। তিনি বলেন, যাত্রীরা আসার একটা সময় অবশ্যই পাবেন এবং সেই সময়টা আমরা এমনভাবে দেব, যাতে করে প্রত্যন্ত অঞ্চল থেকে এসেও ফ্লাইট ধরতে পারেন। আমরা আশা করছি যুদ্ধটা যদি আর না বেড়ে যায় বা থেমে যায়, তাহলে আলহামদুলিল্লাহ, আর যদি বেড়ে যায় তাহলে আমরা ইন্টার মিনিস্ট্রিয়াল মিটিং করে ব্যবস্থা নেব।
এই পরিস্থিতি প্রধানমন্ত্রী সরাসরি মনিটর করছেন জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী বিষয়টি সরাসরি মনিটর করছেন। যাত্রীদের ইফতারসহ যাবতীয় দেখভালের বিষয়ে তিনি আমাদের নিয়মিত নির্দেশনা দিচ্ছেন। আমরা অত্যন্ত সফলভাবে যাত্রীদের সব সুবিধা নিশ্চিত করতে সক্ষম হয়েছি।
