ইসরায়েলি গোয়েন্দা সংস্থার সদর দপ্তরে হামলা ইরানের
* প্রথম বার্তায় যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি মোজতবা খামেনির * ইসরায়েলে ফের মিসাইল ছুড়ল ইরান * ক্ষেপণাস্ত্র-ড্রোন শনাক্ত করতে পারছে না ইসরায়েল * হামলা বন্ধে যুক্তরাষ্ট্রকে আহ্বান রাশিয়ার
প্রকাশ : ১৩ মার্চ ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক
ইসরায়েলি গোয়েন্দা সংস্থা শিন বেটের সদরদপ্তর এবং বিমান ঘাঁটিতে ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরান। বৃহস্পতিবার ইরানের সামরিক বাহিনীর এক বিবৃতিতে ওই হামলা চালানোর দাবি করা হয়েছে। এতে বলা হয়েছে, ইরানের সামরিক বাহিনীর সদস্যরা ড্রোন ব্যবহার করে ইসরায়েলের দু’টি বিমানঘাঁটি এবং তেল আবিবে অবস্থিত ইসরায়েলি গোয়েন্দা সংস্থা শিন বেটের সদরদপ্তরে হামলা চালিয়েছেন।
ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ বলছে, ‘এই হামলায় ভূমধ্যসাগরীয় উপকূলীয় শহর ইভনের পশ্চিমের পালমাহিম বিমানঘাঁটি এবং দক্ষিণ ইসরায়েলের ওভদা বিমানঘাঁটিকে লক্ষ্যবস্তু করেছে বিপ্লবী গার্ড বাহিনী।’ এদিকে, ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, ইরানের হামলায় গতকাল বৃহস্পতিবারে অন্তত ১৭৯ জন আহত হয়েছেন। তাদের বেশিরভাগের শরীরে হালকা জখম রয়েছে। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলে ইরানের হামলায় আহতের সংখ্যা বেড়ে ২ হাজার ৭৪৫ জনে দাঁড়িয়েছে। প্রথম বার্তায় যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি মোজতবা খামেনির : ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচিত হওয়ার পর প্রথম বার্তায় যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ইরানের নতুন নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি। একই সঙ্গে প্রতিবেশী আরব দেশগুলোকে তাদের ভূখণ্ডে থাকা মার্কিন ঘাঁটিগুলো বন্ধ করার পরামর্শ দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির বার্তাটি ইরানি রাষ্ট্রীয় টেলিভিশনের একজন উপস্থাপক পাঠ করছেন। এই বার্তায় মোজতবা খামেনি বলেছেন, ইরান প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কে বিশ্বাস করে। কিন্তু এই দেশগুলোতে থাকা মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে হামলা চালিয়ে যাবে তেহরান। তিনি বলেন, ‘এই অঞ্চলে সব মার্কিন ঘাঁটি অবিলম্বে বন্ধ করতে হবে। অন্যথায় ইরান ওই ঘাঁটিগুলোতে হামলা অব্যাহত রাখবে’।
ইরানের শত্রুদের উপর চাপ সৃষ্টির জন্য হরমুজ প্রণালী বন্ধ থাকবে উল্লেখ করে মোজতবা খামেনি আরও বলেন, ‘স্কুলের শিশুসহ শহীদ সকল শিশুদের রক্তের প্রতিশোধ নেওয়ার জন্য ইরানের এখনও হরমুজ প্রণালী বন্ধ রাখার কৌশল অবলম্বন করা উচিত।’
ইসরায়েলে ফের মিসাইল ছুড়ল ইরান : দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে নতুন করে ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে ইরান। বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত ৪টা ৩৫ মিনিটের দিকে এ তথ্য জানায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। নতুন মিসাইল হামলার প্রভাবে ইসরায়েলের মধ্য ও উত্তরাঞ্চলে সতর্কতামূলক সাইরেন বাজছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল। সংবাদমাধ্যমটি বলেছে, লেবানন থেকে হিজবুল্লাহর রকেট হামলার মধ্যেই ইরান থেকে আবারও ব্যালিস্টিক মিসাইল ছোড়া হয়েছে।
ইরানি ক্ষেপণাস্ত্র-ড্রোন শনাক্ত করতে পারছে না ইসরায়েল : ইরানের সামরিক বাহিনীর হামলায় ইসরায়েলি বাহিনীর রাডার ব্যবস্থা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। যে কারণে ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত ও আঘাতের সময় নির্ধারণ করতে পারছে না ইসরায়েল। বৃহস্পতিবার ইসরায়েলের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ইরানের সাম্প্রতিক হামলায় শত্রু পক্ষের বেশ কয়েকটি শনাক্তকরণ কেন্দ্র ধ্বংস হওয়ায় ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ও ড্রোন শনাক্ত করার সক্ষমতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে এখন ইসরায়েলজুড়ে প্রায়ই অকারণে সাইরেন বেজে উঠছে।
ইসরায়েলি একটি সূত্র বলেছে, ‘আজ ইরান থেকে উৎক্ষেপিত কিছু ক্ষেপণাস্ত্র কোনো ধরনের পূর্ব-সতর্কতা বা প্রস্তুতি ছাড়াই ইসরায়েলি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। এসব ক্ষেপণাস্ত্র মোকাবিলায় কোনো ধরনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সাড়া দিতে পারেনি। এমনকি এমনও ঘটছে, ইরান থেকে কোনো ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা না হলেও সাইরেন বেজে উঠছে!’
ওই সূত্র বলেছে, বর্তমান পরিস্থিতিতে ইসরায়েলি সামরিক বাহিনী সাইরেন না বাজলেও কোনো ক্ষেপণাস্ত্র আসছে কি না, সে বিষয়ে নিশ্চিত হতে পারছে না। আবার যখন ইরান থেকে উৎক্ষেপণের সতর্কতা সংকেত দেখা যাচ্ছে, তখনও তারা নিশ্চিত হতে পারছে না যে সত্যিই কোনো ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে কি না। ‘এটি বড় ধরনের পরিবর্তন; যা ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থায় চরম বিভ্রান্তি সৃষ্টি করেছে।’ ওই সূত্র বলেছে, ১২ দিনের এই যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলের একমাত্র উন্নতি হয়েছে তাদের ‘গণমাধ্যম সেন্সরশিপ’ বা সংবাদ নিয়ন্ত্রণের সক্ষমতায়। এছাড়া সামগ্রিকভাবে ইসরায়েলিদের জন্য পরিস্থিতি আরও নরকতুল্য হয়ে উঠেছে।
কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলা : কুয়েতের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা কুনার প্রতিবেদনে বলা হয়েছে, কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে কয়েকটি ড্রোন আঘাত হেনেছে। এই হামলায় বিমানবন্দরের অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে বলে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে।
ইরানে হামলা বন্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে আহ্বান রাশিয়ার : ইরানের ওপর হামলা বন্ধ করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে আলোচনার টেবিলে ফিরে আসার আহ্বান জানিয়েছে রাশিয়া। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা সাংবাদিকদের বলেন, মস্কো এমন পদক্ষেপের জন্য চাপ দিচ্ছে, যা মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমাতে পারে এবং সংঘাতকে কূটনৈতিক পথে ফিরিয়ে আনতে পারে। তিনি বলেস, ‘রাশিয়া যত তাড়াতাড়ি সম্ভব মধ্যপ্রাচ্যে উত্তেজনা বন্ধ করার জন্য পদক্ষেপ গ্রহণ অব্যাহত রাখবে এবং শান্তিপূর্ণ উপায়ে যেকোনো দ্বন্দ্ব সমাধান করার চেষ্টা করছে।’
চলমান উত্তেজনাকে গভীর উদ্বেগজনক বলে বর্ণনা করে তিনি বলেন, ‘ওয়াশিংটন এবং তেল আবিবের অবৈধ সামরিক পদক্ষেপের এই অঞ্চলজুড়ে মানবিক পরিস্থিতি অত্যন্ত কঠিন হয়ে উঠেছে। তাদের যৌথ হামলায় ইরানের হাজার হাজার বেসামরিক হতাহত এবং কয়েক লাখ বাস্তুচ্যুত হয়েছেন।’ এরআগে গত সোমবার ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র-ইসরালোলের যুদ্ধ এবং ইউক্রেন সংঘাত নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে এক ঘণ্টার মতো টেলিফোনে আলাপ করেছেন ডোনাল্ড ট্রাম্প। ক্রেমলিন জানিয়েছে, এই আলোচনা ছিল ‘খোলামেলা ও গঠনমূলক। ওয়াশিংটনের পক্ষ থেকেই আলোচনার উদ্যোগ নেওয়া হয়েছিল।’ রুশ প্রেসিডেন্টের কূটনৈতিক উপদেষ্টা ইউরি উশাকফ দেশটির গণমাধ্যমকে জানান, আলোচনায় মূল গুরুত্ব দেওয়া হয় ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র-ইসরাইলের যুদ্ধ পরিস্থিতি এবং ইউক্রেন সংকট সমাধানে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান দ্বিপক্ষীয় আলোচনার ওপর। তিনি জানান, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরাইলের যুদ্ধে দ্রুত রাজনৈতিক ও কূটনৈতিক সমাধানের আহ্বান জানিয়েছেন পুতিন। ইরান দীর্ঘদিন ধরে রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র হিসেবে বিবেচিত।
