মির্জা আব্বাসের মস্তিষ্কে দুই দফা অস্ত্রোপচার

প্রকাশ : ১৪ মার্চ ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নজস্ব প্রতিবেদক

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের মস্তিষ্কে গতকাল দুই দফা অস্ত্রোপচার হয়েছে। প্রথম দফায় বিকাল ৩টায় শুরু হয়ে সন্ধ্যা সোয়া ৬টায় অস্ত্রোপচার শেষ হয়। এরপর সন্ধ্যা সাড়ে ৬টায় তার মস্তিষ্কে দ্বিতীয় দফা অস্ত্রোপচার শুরু হয়। অস্ত্রোপচার শেষে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়।

এর আগে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম গতকাল শুক্রবার বিকেলে জানান, মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নিয়েছে মেডিকেল বোর্ড। তিনি বলেন, বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে গঠিত মেডিকেল বোর্ড সবকিছু পর্যালোচনা করে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন।

তিনি আরও বলেন, শুক্রবার সকালে ওনার সিটি স্ক্যান করা হয়েছিল। সেই রিপোর্টে অবস্থার অবনতি হলে দ্রুত একটি ভার্চুয়াল মেডিকেল বোর্ড বসে এবং সবকিছু দেখে এই অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেয়। পরিবারের সদস্যদের সম্মতিও নেওয়া হয়েছে। মেডিকেল বোর্ডে দেশের প্রখ্যাত নিউরো বিশেষজ্ঞরা রয়েছেন বলে জানান ডা. রফিক। বোর্ডে অধ্যাপক আলী উজ্জামান জোয়ার্দার, অধ্যাপক কাজী দ্বীন মোহাম্মদ, অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার, অধ্যাপক রাজিউল হক, সৈয়দ অধ্যাপক সাঈদ আহমেদ, অধ্যাপক কাদের শেখ, অধ্যাপক শফিকুল ইসলামসহ এভারকেয়ার হাসপাতালের চিকিৎসকরা রয়েছেন।

সিঙ্গাপুর নেওয়া হচ্ছে না মির্জা আব্বাসকে : মির্জা আব্বাসের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আপাতত তাকে সিঙ্গাপুর নেওয়া হচ্ছে না। শুক্রবার বিকেলে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, এভারকেয়ার হাসপাতালে চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে মির্জা আব্বাসের অস্ত্রোপচারের সিদ্ধান্ত নিয়েছেন। এর আগে উন্নত চিকিৎসার জন্য তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুর নেওয়ার পরিকল্পনা করা হয়েছিল। আপাতত সেই সিদ্ধান্ত স্থগিত রাখা হয়েছে।

মির্জা আব্বাসের ছেলে মির্জা ইয়াসির আব্বাস বিষয়টি নিশ্চিত করে শায়রুল কবির খান বলেন, পরিবার ও দলের পক্ষ থেকে দেশবাসীর কাছে তার দ্রুত সুস্থতার জন্য দোয়া কামনা করা হয়েছে। এদিকে, গতকাল দুপুরের পর প্রধানমন্ত্রী তারেক রহমান হাসপাতালে গিয়ে মির্জা আব্বাসের শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বলেন, আপাতত তাকে সিঙ্গাপুর নেওয়া হচ্ছে না। তার পরিবার দেশের চিকিৎসার প্রতি আস্থাশীল। তবে, পরবর্তীতে তার মেডিকেল বোর্ড মনে করলে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার বিষয়টি বিবেচনা করা হতে পারে। তিনি আরও বলেন, শুক্রবার মির্জা আব্বাসের চিকিৎসায় একটি ভার্চুয়াল মেডিকেল বোর্ড বসে এবং সবকিছু দেখে তার অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিবারের সদস্যদের সম্মতিও নেওয়া হয়েছে।

এভারকেয়ারে মির্জা আব্বাসের শয্যাপাশে প্রধানমন্ত্রী তারেক রহমান : রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে দেখতে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার দুপুর ২টা ২০ মিনিটে তিনি সেখানে পৌঁছেন। এ সময় তিনি মির্জা আব্বাসের শয্যাপাশে কিছুক্ষণ অবস্থান করেন ও সার্বিক খোঁজখবর নেন। মির্জা আব্বাসকে সিঙ্গাপুরে চিকিৎসার জন্য দ্রুত ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

সুস্থতা কামনা করলেন নাসীরুদ্দীন পাটওয়ারী : মির্জা আব্বাসের রোগমুক্তি ও সুস্থতা কামনা করে দোয়া চেয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। গতকাল শুক্রবার সন্ধ্যায় ময়মনসিংহ জিমনেসিয়াম মাঠে আয়োজিত এনসিপির বিভাগীয় ইফতার মাহফিলে প্রধান বক্তার বক্তব্যে তিনি এই দোয়া করেন। নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, বর্ষীয়ান রাজনীতিবিদ মির্জা আব্বাস হাসপাতালে ভর্তি আছেন এবং তার অস্ত্রোপচার হবে। আমরা ইফতারের আগ মুহূর্তে আল্লাহ তায়ালার কাছে দোয়া করি, যেন তিনি মির্জা আব্বাসকে সুস্থতা এবং নেক হায়াত দান করেন। যাতে তিনি বাংলাদেশের মানুষের খেদমত করতে পারেন এবং সংস্কার থেকে শুরু করে বাংলাদেশের মানুষের যে আকাঙ্ক্ষা রয়েছে তা বাস্তবায়নে ভূমিকা রাখতে পারেন।