আরও ৫ সিটি কর্পোরেশনে প্রশাসক পদে বিএনপি নেতারা
প্রকাশ : ১৫ মার্চ ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

ছয় সিটি করপোরেশনের ধারাবাহিকতায় বরিশাল, রাজশাহী, ময়মনসিংহ, রংপুর ও কুমিল্লাতেও বিএনপি নেতাদের প্রশাসকের দায়িত্ব দিয়েছে সরকার। গতকাল শনিবার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, করপোরেশন গঠিত না হওয়া পর্যন্ত অথবা পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত তারা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন।
বরিশাল সিটির করপোরেশনের প্রশাসক হয়েছেন বিলকিস আক্তার জাহান শিরীন। তিনি বিএনপির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে রয়েছেন। রাজশাহী সিটিতে দায়িত্ব পেয়েছেন মাহফুজুর রহমান। তিনি মহানগর বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব সামলে আসছেন। ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব রুকুনোজ্জামান রোকন পেয়েছেন সেখানকার নগর সংস্থার দায়িত্ব। রংপুর সিটি করপোরেশনের প্রশাসক হয়েছেন মাহফুজ উন নবী চৌধুরী; তিনি রংপুর মহানগরের সদস্য সচিব। কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা হয়েছেন সেখানকার সিটি করপোরেশনের প্রশাসক। পাঁচ সিটির নতুন পাঁচ প্রশাসক শনিবার দুপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সংসদ ভবনে সরকারপ্রধানের কার্যালয়ে এ সাক্ষাৎ হয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। এর আগে গত ২৩ ফেব্রুয়ারি ঢাকাসহ ছয় সিটিতে প্রশাসক হিসেবে সরকার দলীয়দের বসানো হয়। এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটির দায়িত্ব পান বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আব্দুস সালাম, উত্তরে ঢাকা-১৫ আসনের পরাজিত বিএনপি প্রার্থী শফিকুল ইসলাম খান, খুলনা সিটিতে বিএনপির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মঞ্জু, সিলেটে জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, নারায়ণগঞ্জে মহানগর বিএনপির আহ্বায়ক মো. সাখাওয়াত হোসেন খান এবং গাজীপুর সিটিতে মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকারকে প্রশাসক পদে বসানো হয়। ২০২৪ সালের ৮ অগাস্ট অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর ১৯ অগাস্ট দেশের ১২টি সিটি করপোরেশনের মেয়রদের অপসারণ করে প্রশাসক বসানো হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এবার স্থানীয় সরকারের নির্বাচন নিয়ে আলোচনা উঠতে শুরু করেছে।
