প্রধানমন্ত্রীর সঙ্গে আইএমএফ পরিচালকের বৈঠক

প্রকাশ : ২৫ মার্চ ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

সচিবালয়ে আজ সকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) এশিয়া ও প্যাসিফিক বিভাগের পরিচালক কৃষ্ণ শ্রীনিবাসন।

গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর দপ্তরে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, অর্থ উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর এবং অর্থ সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার।

যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক : প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন’ সংক্রান্ত এক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দফতরে এই সভা অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি বিষয়টি নিশ্চিত করেছেন।

ঈদের ছুটির পর প্রথম কর্মদিবসেই সচিবালয়ে অফিস করেছেন প্রধানমন্ত্রী : প্রধানমন্ত্রী তারেক রহমান ঈদের ছুটির পর প্রথম কর্মদিবসে সচিবালয়ে অফিসে করেছেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, প্রধানমন্ত্রী আজ (গতকাল মঙ্গলবার) সকাল ৯টা ১ মিনিটে সচিবালয়ে তার দফতরে আসেন। এর আগে সকাল ৮টা ৪০ মিনিটে তিনি গুলশানের বাসা থেকে বের হন। অফিসে এসে তিনি কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। এরপর প্রধানমন্ত্রী তার দাফতরিক কাজ শুরু করেন। তিনি আরও জানান, এসময় প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী; বেসামরিক বিমান পরিবহন প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত; প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন; মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আবদুস সাত্তারসহ বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা। দিনের কর্মসূচির শুরুতে ছিল আন্তর্জাতিক মুদ্র তহবিল (আইএমএফ) এশিয়া ও প্যাসিফিক বিভাগের পরিচালক কৃষ্ণা শ্রীনিবাসনের সঙ্গে সাক্ষাৎ। সকালে তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। এসময় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সেখানে উপস্থিত ছিলেন।