দৌলতদিয়া ট্র্যাজেডি

সেই বাসের রেজিস্ট্রেশন স্থগিত

প্রকাশ : ২৮ মার্চ ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে ‘সৌহার্দ্য পরিবহনের’ একটি বাস যাত্রীসহ পদ্মা নদীতে পড়ে যাওয়ার ঘটনায় ব্যবস্থা নিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। দুর্ঘটনার শিকার ‘সৌহার্দ্য পরিবহনের’ বাসটির (রাজবাড়ী-ব-১১-০০২৪) রেজিস্ট্রেশন সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। গতকাল শুক্রবার বিআরটিএ রাজবাড়ী সার্কেলের সহকারী পরিচালক প্রকৌশলী মুহাম্মদ অহিদুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে এ আদেশ দেওয়া হয়েছে।

সড়ক পরিবহন আইন ২০১৮ এবং বিধিমালা ২০২২ অনুযায়ী বিআরটিএ রাজবাড়ী সার্কেলের সহকারী পরিচালক প্রকৌশলী মুহাম্মদ অহিদুর রহমানের সই করা ওই চিঠিতে জানানো হয়, দুর্ঘটনাকবলিত বাসটির রেজিস্ট্রেশন তাৎক্ষণিকভাবে সাময়িক স্থগিত করা হয়েছে। কেন বাসটির রেজিস্ট্রেশন স্থায়ীভাবে বাতিল করা হবে না, সে বিষয়ে আগামী ৩ কার্যদিবসের মধ্যে বিআরটিএ কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দিতে মালিককে নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে বাসের রেজিস্ট্রেশন সনদ, ট্যাক্স টোকেন, ফিটনেস সনদ, রুট পারমিট এবং চালকের ড্রাইভিং লাইসেন্সসহ মূল নথিপত্র তলব করা হয়েছে।

নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হলে বাসটির রেজিস্ট্রেশন স্থায়ীভাবে বাতিলসহ মালিকের বিরুদ্ধে কঠোর আইনিব্যবস্থা গ্রহণ করা হবে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে। বিআরটিএ’র মোটরযান পরিদর্শক ঘটনাস্থল সরেজমিন পরিদর্শন করে দুর্ঘটনার প্রাথমিক প্রতিবেদন জমা দিয়েছেন।

এই নির্দেশের অনুলিপি বিআরটিএ’র সদর দফতর, জেলা প্রশাসক এবং পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট সব দফতরে পাঠানো হয়েছে। বিআরটিএ’র তদন্ত প্রতিবেদন অনুযায়ী, গত ২৫ মার্চ বিকেল ৫টা ১৫ মিনিটে দৌলতদিয়া ৩ নম্বর ফেরিঘাটে ফেরিতে ওঠার সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে যায়। দুর্ঘটনায় এখন পর্যন্ত ২৬ জন যাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে এবং ৫ জন গুরুতর আহত হয়েছেন। এ ঘটনার পর বিআরটিএ রাজবাড়ী সার্কেলের মোটরযান পরিদর্শক লিটন কুমার দত্ত গত ২৫ মার্চ সন্ধ্যা পৌনে ৭টার দিকে ঘটনাস্থল সরেজমিন পরিদর্শন করেন।

পদ্মায় বাসডুবি, চলছে তৃতীয় দিনের উদ্ধারকাজ : রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে বাস দুর্ঘটনায় তৃতীয় দিনের মতো উদ্ধার কার্যক্রম শুরু করেছে ফায়ার সার্ভিস, নৌবাহিনী ও কোস্টগার্ডের ডুবুরি দল। গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে উদ্ধারকাজ শুরু করেন তারা। বিষয়টি নিশ্চিত করেছেন গোয়ালন্দ উপ?জেলা ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক সোহেল রানা।

এদিকে বাস দুর্ঘটনায় এখনও একজন নিখোঁজ রয়েছেন বলে দাবি করেছেন তার পরিবার। নিখোঁজ ব্যক্তির নাম রিপন।

তার বাড়ি রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায়। পরিবারের দাবি, রিপন রাজবাড়ী নতুন বাজার এলাকা থেকে ঢাকাগামী সৌহার্দ্য পরিবহনের বাসটিতে ওঠেন। দুর্ঘটনার পর থেকে তার কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না। ফায়ার সার্ভিস কর্মকর্তা জানান, নিখোঁজ রিপনকে উদ্ধারে শুক্রবার সকাল সাড়ে ৮টা থেকে গোয়ালন্দ ফায়ার সার্ভিসের ডুবুরি দল দৌলতদিয়া ৩ নম্বর ঘাট এলাকায় উদ্ধার অভিযান শুরু করেছে। তবে এখন পর্যন্ত তার সন্ধান মেলেনি। উল্লেখ্য, বৃহস্পতিবার পর্যন্ত এই দুর্ঘটনায় মোট ২৬ জনের লাশ উদ্ধার করা হয়েছে এবং সেগুলো স্বজনদের কাছে হস্তান্তর করেছে প্রশাসন।