‘তাৎক্ষণিকভাবে সব জলাবদ্ধতা নিরসন সম্ভব নয়’
প্রকাশ : ২০ এপ্রিল ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

তাৎক্ষণিকভাবে সব জলাবদ্ধতা নিরসন সম্ভব নয় বলে জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। তিনি বলেন, বর্ষায় জলাবদ্ধতা নিরসনে প্রস্তুতি থাকলে এত অল্প সময়ে সব জলবদ্ধতা দূর করতে পারবো না, তবে আগ্রহ, ইচ্ছা ও উদ্যোগ রয়েছে। গতকাল রোববার সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। মন্ত্রী বলেন, খাল খনন কর্মসূচি উদ্বোধন করতে আগামী ২৭ এপ্রিল যশোর যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, পানিসম্পদ মন্ত্রণালয়ের ১৮০ দিনের পরিকল্পনা ও তার বাস্তবায়ন নিয়ে তারেক রহমানের সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে। বৈঠকে প্রতিমন্ত্রী ও বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন। শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, আগামী বর্ষা ও বন্যায় আগাম কী ধরনের কাজ হতে পারে তা আমরা সর্বোচ্চ চিন্তা ভাবনা করে রেখেছি। নদীভাঙন এলাকায় অতি দ্রুত কী কাজ করা যায়, তাও আগাম প্রস্তুতি চিন্তা করে রেখেছি।
