বিশ্বসাহিত্য কেন্দ্রের সঙ্গে যৌথভাবে কাজ করবে সরকার
প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

শিক্ষার্থীদের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে বিশ্বসাহিত্য কেন্দ্রের সঙ্গে সরকার একযোগে কাজ করবে। গতকাল বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবু সায়ীদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর প্রেস অফিস। প্রেস অফিস বলেছে, বৈঠকে বই পড়া কর্মসূচি কীভাবে সারা দেশের শিক্ষার্থীদের মাঝে বিস্তৃত করা যায় সে বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। শিক্ষার্থীদের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।
বৈঠকে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী, প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন, জাহেদ উর রহমান ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিবসহ উর্ধ্বতন কর্মকতারা উপস্থিত ছিলেন।
গেল ৭ এপ্রিল অধ্যাপক আবু সায়ীদ প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেছিলেন। সে সময় বিশ্বসাহিত্য কেন্দ্রের বই পড়া কর্মসূচি এগিয়ে নিতে সরকারের সঙ্গে সম্মিলিতভাবে কাজ করার বিষয়টি নিয়ে আলোচনা হয়। এই বই পড়ার কর্মসূচি হবে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্কুল পর্যায়ে।
