কারও একক আধিপত্যবাদ বরদাশত করা হবে না
বললেন জামায়াত আমির
প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

দেশে কোনো দলের একক আধিপত্যবাদ বরদাশত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান। গণভোটের রায় বাস্তবায়ন না হলে সংসদ ও রাজপথ থেকে একযোগে আন্দোলন শুরু হবে বলেও মন্তব্য বিরোধীদলীয় চীফ হুইপ এবং এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের। গতকাল শুক্রবার গণভোটের রায় এবং জুলাই সনদের পরিপূর্ণ বাস্তবায়নের দাবিতে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ খেলাফত মজলিস আয়োজিত গণসমাবেশে এমন কথা বলেন ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা। গণভোটের রায় বাস্তবায়ন না করলে সরকারকে চরম খেসারত দিতে হবে বলেও মন্তব্য সমাবেশের বক্তাদের।
গতকাল দুপুরের এ কর্মসূচিতে যোগ দিতে তীব্র গরম উপেক্ষা করে সারাদেশ থেকে কয়েক লাখ নেতাকর্মী আসেন সমাবেশস্থলে। একই মঞ্চে আসন গ্রহণ করেন ১১ দলীয় ঐক্যের সব শীর্ষ নেতা।
সমাবেশে সভাপতির বক্তব্যে বিগত ফ্যাসিবাদী আমলে দলীয় নেতাকর্মীসহ দেশের আলেম সমাজের ভূমিকা তুলে ধরেন দলটির আমির মামুনুল হক। অভিযোগ করেন সরকারের কূটনৈতিক ব্যর্থতার দায়ে জ্বালানি সংকট তীব্র হচ্ছে। গণভোটের রায় বাস্তবায়ন না করলে সরকারকে চরম খেসারত দিতে হবে উল্লেখ করে বক্তারা বলেন, আগামী দিনে সংসদ এবং রাজপথ থেকে একযোগে আন্দোলন করবে ১১ দলীয় ঐক্য। সমাবেশে যোগ দিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান অভিযোগ করেন গণভোটের রায় উপেক্ষা করে সরকার ফ্যাসিবাদী হয়ে উঠছে। হুঁশিয়ারি দেন, দেশে কোনো একক দলীয় আধিপত্যবাদ বরদাশত করবে না ১১ দলীয় ঐক্য।
জামায়াত আমির শফিকুর রহমান বলেন, ‘দেশে কোনো একক দলীয় আধিপত্যবাদ এবং ফ্যাসিবাদ বরদাশত করবে না ১১ দলীয় ঐক্য। সরকার জাতির সঙ্গে প্রতারণা করেছে বিধায় আমাদেরকে আন্দোলনে নামতে হয়েছে।’
তিনি আরও বলেন, ‘নতুন করে কেউ ফ্যাসিবাদী হয়ে উঠতে চাইলে তাদের বলব, পতিত ফ্যাসিবাদ থেকে শিক্ষা গ্রহণ করুন। ১১ দলীয় ঐক্য জুলাইয়ের সঙ্গে বেঈমানি করবে না। কেউ বেঈমানি করতে চাইলে তাদেরকেও ছাড় দেয়া হবে না।’ সমাবেশ থেকে গণভোটের রায় বাস্তবায়ন ও চলমান বিভিন্ন সংকট নিরসনের দাবিতে ঢাকায় গণমিছিলসহ তিন মাসব্যাপী কর্মসূচি দেয় বাংলাদেশ খেলাফত মজলিস। কর্মসূচির মধ্যে রয়েছে মে, জুন ও জুলাই মাসে জেলায় জেলায় নাগরিক সমাবেশ এবং ৫ আগস্ট ঢাকায় গণমিছিল।
সমাবেশে এই কর্মসূচি ঘোষণা করেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। সমাবেশে আরও বক্তব্য দেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ, আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।
বক্তাদের মধ্যে আরও ছিলেন খেলাফত মজলিসের মহাসচিব জালালুদ্দীন আহমদ, নায়েবে আমির ইউসুফ আশরাফ, এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান (ইরান), জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) মুখপাত্র রাশেদ প্রধান, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির জ্যেষ্ঠ নায়েবে আমির আবদুল মাজেদ আতহারী, বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমির আলী ওসমান, মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য সাইদ উদ্দিন আহমাদ (হানজালা), ডাকসুর ভিপি আবু সাদিক কায়েম, ইনকিলাব মঞ্চের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল জাবের প্রমুখ।
