নেত্রকোনায় জামায়াতের এমপির গাড়িতে হামলা, ভাঙচুর
প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনার পূর্বধলা উপজেলায় জামায়াতের সংসদ সদস্য মাছুম মোস্তাফার গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় উপজেলার বিরিশিরি সড়কের পাশে আতকাপাড়া পেট্রোল পাম্প এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, পেট্রোল নিতে পাম্পে গেলে হঠাৎ করে একদল ব্যক্তি তার গাড়িতে হামলা চালায়। এতে গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়। এ সময় তাকে কিছুক্ষণ অবরুদ্ধ করে রাখা হয় বলেও দাবি করেন প্রত্যক্ষদর্শীরা।
উপজেলা জামায়াতের নেতাদের অভিযোগ, বিএনপির কয়েকজন নেতাকর্মী অতর্কিতভাবে এ হামলা চালায়। তারা প্রথমে গাড়ি ভাঙচুর এবং পরে সংসদ সদস্যের ওপরও আক্রমণের চেষ্টা করে। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং এক ধরনের থমথমে পরিস্থিতির সৃষ্টি হয়।
তবে স্থানীয় বিএনপির নেতাকর্মীদেরা হামলার বিষয়টি অস্বীকার করেছেন। সংসদ সদস্য মাছুম মোস্তাফা মুঠোফোনে বলেন, ‘হঠাৎ করে কয়েকজন এসে আমার গাড়িতে হামলা চালায় এবং ভাঙচুর করে। পরে তারা আমাকে ঘিরে ফেলে।’
পরে পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) তাসনীন জাহান এবং ওসি দিদারুল ইসলাম সংসদ সদস্যকে উদ্ধার করেন। পুলিশ জানায়, ঘটনার বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে এবং জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।
