সরকারের আড়াই মাসে ৪৬৪ হত্যা ৬৬৬ ধর্ষণ মামলা
সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর আড়াই মাসে সারা দেশে ৪৬৪টি হত্যা মামলা এবং ৬৬৬টি ধর্ষণের মামলা হওয়ার তথ্য জাতীয় সংসদে দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, এসব মামলায় মোট ১ হাজার ১৩৪ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে হত্যা মামলায় ১১ জন এবং ধর্ষণ মামলায় ৭১ জন আসামি জামিনে মুক্তি পেয়েছেন। গতকাল মঙ্গলবার স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হলে স্বরাষ্ট্রমন্ত্রীর লিখিত জবাবে এসব তথ্য দেওয়া হয়।
কুমিল্লা ৪ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য মো. আবুল হাসনাতের (হাসনাত আব্দুল্লাহ) প্রশ্নের জবাবে এসব তথ্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী।
চব্বিশের আন্দোলনে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর অন্তর্বর্তী সরকারের পথ পেরিয়ে ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জয়ী হয়ে ১৭ ফেব্রুয়ারি সরকার গঠন করে বিএনপি। এরপর থেকে হত্যা ও ধর্ষণের মামলার অগ্রগতি সম্পর্কে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘হত্যা ও ধর্ষণের মতো গুরুতর অপরাধে দায়ী সকল আসামির কঠোর সাজা নিশ্চিত করার জন্য মামলাগুলো অত্যন্ত নিবিড়ভাবে তদন্ত করা হচ্ছে।’
স্বরাষ্ট্রমন্ত্রীর তথ্য অনুযায়ী, ৪৬৪টি হত্যা মামলায় এ পর্যন্ত ৬০৪ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। ৬৬৬টি ধর্ষণ মামলায় গ্রেপ্তার হয়েছেন ৫৩০ জন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যথাযথ সাক্ষ্য-প্রমাণ সংগ্রহ করে মামলাগুলোর দ্রুত অভিযোগপত্র দেওয়ার কার্যক্রম অব্যাহত আছে।
