হাম ও হামের উপসর্গে আরও ১৭ শিশুর মৃত্যু
প্রকাশ : ০৫ মে ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ১৭ শিশুর মৃত্যু হয়েছে। দেশে প্রথম হাম শনাক্ত হওয়ার পর শিশুমৃত্যুর এই সংখ্যা গত ৫০ দিনের মধ্যে সর্বোচ্চ।
১৭ শিশুর মধ্যে ১৫ শিশুর মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে। অপর দুই শিশুর হামে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। এ নিয়ে ৫০ দিনে দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা ৩১১-এ দাঁড়িয়েছে। এর মধ্যে হামের উপসর্গ নিয়ে ২৫৯ শিশুর মৃত্যু হয়েছে আর হামে ৫২ শিশুর মৃত্যুর বিষয়ে নিশ্চিত হয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
গতকাল সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। এই হিসাব গত রোববার সকাল আটটা থেকে গতকাল সকাল আটটা পর্যন্ত সময়ের। অবশ্য এই ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া ১৫ শিশুর মধ্যে ২টি শিশুর মৃত্যু হয়েছে আগের দিন।
হাম ও হামের উপসর্গ নিয়ে যে ১৭ শিশুর মৃত্যু হয়েছে, তাদের মধ্যে ১২টি শিশুই ঢাকা বিভাগের আর ৫টি শিশু চট্টগ্রাম বিভাগের। সর্বশেষ ২৪ ঘণ্টায় হামের উপসর্গ দেখা গেছে ১ হাজার ৩০২টি শিশুর মধ্যে। তাদের মধ্যে ৬১৮টি শিশুই ঢাকা বিভাগের। এরপর আছে চট্টগ্রাম (১৯২), রাজশাহী (১৬৮) ও বরিশাল (১৩৩) বিভাগ। দেশের ৮ বিভাগে এই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ২৬ জন। হামের উপসর্গ নিয়ে ৮ বিভাগে ভর্তি হওয়া ১ হাজার ৬১ জন গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছুটিও পেয়েছে।
