প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর জুনে

আলোচনায় চীন ও ভারত

প্রকাশ : ০৬ মে ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী জুনে একটি বন্ধু রাষ্ট্র সফরে যাওয়ার পরিকল্পনা করছেন। তবে এখনও নির্দিষ্ট কোনো দেশ চূড়ান্ত হয়নি। সম্ভাব্য সফরসূচিতে চীন ও ভারত রয়েছে বলে জানা গেছে। পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান জানিয়েছেন, সফরের বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, আলোচনা চলছে। তিনি বলেন, ‘এ বিষয়ে একটু অপেক্ষা করতে হবে। কোন দেশে সফর হবে তা এখনই বলা যাচ্ছে না। সফর নির্ধারণের ক্ষেত্রে উভয় দেশের সুবিধা, সংশ্লিষ্ট দেশের প্রধানমন্ত্রী বা শীর্ষ নেতৃত্বের উপস্থিতিসহ বিভিন্ন বিষয় বিবেচনা করা হচ্ছে।’ গতকাল মঙ্গলবার বেইজিংয়ের উদ্দেশে রওনা হওয়ার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

চীন সফরে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে আলোচনা হবে বলেও জানান তিনি। পররাষ্ট্রমন্ত্রী বলেন, তিস্তা অঞ্চলের মানুষের জন্য এই প্রকল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এর সমাধানে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। এছাড়া, ভারত থেকে ‘পুশইন’ নিয়ে শঙ্কা প্রসঙ্গে তিনি বলেন, আসামের মুখ্যমন্ত্রী এ ধরনের মন্তব্য করার পর বাংলাদেশ সরকার কড়া প্রতিবাদ জানিয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।