পুশইন ও সংখ্যালঘু নির্যাতনের বিষয় পর্যবেক্ষণ করছে জামায়াত

প্রকাশ : ১০ মে ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

ভারত থেকে পুশইন ও সংখ্যালঘু নির্যাতনের বিষয়গুলো জামায়াতে ইসলামী পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছেন দলটির আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। জাপান সফর শেষে দেশে ফিরে গতকাল শনিবার দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি গেটে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। তিনি বলেন, ‘কোনো বিশেষ ধর্মীয় গোষ্ঠীকে লক্ষ্য করে যেন নির্যাতন না করা হয়, সে বিষয়ে ভারত সরকারের প্রতি আহ্বান জানাচ্ছে জামায়াত।’ এ সময় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, আন্তর্জাতিক চুক্তি এবং স্বাস্থ্যখাতে সহযোগিতা নিয়েও কথা বলেন তিনি।

গাজীপুরে একই পরিবারের পাঁচজন নিহত হওয়ার ঘটনাসহ সাম্প্রতিক হত্যাকাণ্ডগুলোর উদাহরণ টেনে নিন্দা জানিয়ে বিরোধীদলীয় নেতা বলেন, ‘সরকার অতিরিক্ত রাজনৈতিক ব্যস্ততায় আইনশৃঙ্খলা পরিস্থিতির দিকে যথেষ্ট মনোযোগ দিতে পারছে না।’ ডা. শফিকুর রহমান আরও বলেন, ‘যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের কিছু অসম চুক্তি রয়েছে। দেশের স্বার্থবিরোধী কোনো সিদ্ধান্ত হলে জামায়াত দায়িত্বশীল বিরোধীদল হিসেবে প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তুলবে।’ জাপান সফরের বিষয়ে তিনি জানান, ক্যানসার আক্রান্তদের জন্য বাংলাদেশে বিশেষায়িত হাসপাতাল গড়ে তোলার উদ্যোগে ইতিবাচক অবস্থান জানিয়েছে জাপান।

আহত জুলাই যোদ্ধাদের দেখতে ব্যাংককের হাসপাতালে জামায়াত আমির : থাইল্যান্ডের ব্যাংককে ভেজথানি ইন্টারন্যাশনাল হাসপাতালে চিকিৎসাধীন আহত জুলাই যোদ্ধাদের খোঁজখবর নিতে সেখানে গেলেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। গতকাল শনিবার সকালে তিনি হাসপাতালে গিয়ে গুরুতর আহত জুলাই যোদ্ধাদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের চিকিৎসার সার্বিক অবস্থা বিস্তারিত খোঁজখবর নেন। এ সময় তিনি সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন এবং আহতদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করার অনুরোধ জানান। বিরোধীদলীয় নেতা আহত জুলাই যোদ্ধাদের সাহস ও আত্মত্যাগের ভূয়সী প্রশংসা করেন এবং তাদের দ্রুত ও পরিপূর্ণ সুস্থতা কামনা করেন। তিনি আল্লাহর দরবারে তাদের আরোগ্য কামনা করে বিশেষ দোয়া করেন। এ সময় আহত চিকিৎসাধীন জুলাই যোদ্ধারা জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেয়ার জন্য বিরোধীদলীয় নেতাকে আহ্বান জানান। ডা. শফিকুর রহমানের সঙ্গে আরও উপস্থিত ছিলেন তার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান।