‘মুসলিমদের অত্যাচার করলে কোনো হিন্দুকে ছাড় নয়’
প্রকাশ : ১৩ মে ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
আলোকিত ডেস্ক

তামিলনাড়ুর নবনিযুক্ত মুখ্যমন্ত্রী থালাপতি বিজয় (জোসেফ বিজয় ওরফে থালাপতি বিজয়) হিন্দুদের উদ্দেশ্যে কঠোর বার্তা দিয়েছেন। রাজ্যে কোনো নাগরিকের ওপর ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে অত্যাচার করা হলে কাউকে ছাড় দেওয়া হবে না।
বিশেষ করে তিনি মুসলিমদের নাম উল্লেখ করে বলেন, ‘মুসলিমদের অত্যাচার করলে কোনো হিন্দুকে ছাড় দেওয়া হবে না।’
গতকাল মঙ্গলবার সকালে দেওয়া এক বার্তায় তিনি বলেন, অপরাধী যে ধর্মেরই হোক না কেন, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। নাগরিক অধিকার রক্ষা ও সামাজিক শৃঙ্খলা বজায় রাখাই সরকারের প্রধান দায়িত্ব বলেও উল্লেখ করেন তিনি। মুখ্যমন্ত্রী বিজয় আরও জানান, ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার পাশাপাশি জননিরাপত্তা নিশ্চিত করতে তার সরকার কঠোর অবস্থান নেবে। তিনি স্পষ্ট করেন, রাজ্যে ধর্মীয় সহিংসতা কোনোভাবেই সহ্য করা হবে না। ক্ষমতা গ্রহণের পরই সামাজিক সংস্কারের অংশ হিসেবে তিনি বড় একটি সিদ্ধান্ত নেন। রাজ্যজুড়ে টাসম্যাক পরিচালিত ৭১৭টি মদের দোকান বন্ধের নির্দেশ দেন, যেগুলো ধর্মীয় স্থান, শিক্ষাপ্রতিষ্ঠান ও বাসস্ট্যান্ডের আশপাশে অবস্থিত ছিল। রাজ্যে মোট ৪ হাজার ৭৬৫টি সরকারি মদের দোকান রয়েছে।
গত রোববার ৫১ বছর বয়সী এই অভিনেতা থেকে রাজনীতিবিদ হওয়া নেতা মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন। তার দল টিভিকে এবারের নির্বাচনে বড় জয় পায় এবং ডিএমকে ও এআইএডিএমকে-র দীর্ঘদিনের আধিপত্য ভেঙে ক্ষমতায় আসে।
বিজয়ের নেতৃত্বে গঠিত এই জোট সরকারে কংগ্রেস, বামপন্থি দল এবং মুসলিম লিগের মতো দলও রয়েছে। ক্ষমতায় আসার পর তিনি বিনামূল্যে বিদ্যুৎ, নারী নিরাপত্তা বাহিনী গঠন এবং মাদকবিরোধী ইউনিট তৈরির মতো একাধিক জনকল্যাণমূলক উদ্যোগ নিয়েছেন।
তবে মদের দোকান বন্ধের সিদ্ধান্তে রাজস্ব ঘাটতির আশঙ্কাও দেখা দিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তার এই নীতিগুলো তামিলনাড়ুর রাজনীতিতে নতুন দিক উন্মোচন করতে পারে।
৭১৭ মদের দোকান বন্ধের নির্দেশ : ভারতের তামিলনাড়ুতে ৭১৭টি সরকার পরিচালিত মদের দোকান বন্ধের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী চন্দ্রশেখর জোসেফ বিজয় (থালাপতি বিজয়)।
সরকারি নির্দেশে বলা হয়েছে, রাজ্যজুড়ে ধর্মীয় প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান ও বাসস্ট্যান্ডের ৫০০ মিটারের মধ্যে যেসব সরকার পরিচালিত মদের দোকান আছে, সেগুলো আগামী দুই সপ্তাহের মধ্যে বন্ধ করে দিতে হবে। এর ফলে ৭১৭টি মদের দোকানের কার্যক্রম গোটাতে হবে।
এএনআইয়ের খবর, ‘জনগণের কল্যাণে’ এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়।
সংবাদমাধ্যমটিতে প্রকাশিত তামিলনাড়ু রাজ্য বিপণন করপোরেশনের (টিএনএসএমসি) তথ্য অনুযায়ী, বর্তমানে তামিলনাড়ুতে সরকার পরিচালিত ৪ হাজার ৭৬৫টি খুচরা মদের দোকান আছে।
গত রোববার সকালে চেন্নাইয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী পদে শপথ নেন রাজনৈতিক দল তামিলাগা ভেত্রি কাজাগামের (টিভিকে) প্রধান থালাপতি বিজয়। ভারতীয় জাতীয় কংগ্রেস, ভারতের কমিউনিস্ট পার্টি (সিপিআই) এবং ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) সিপিআই(এম) ছাড়াও কয়েকটি রাজনৈতিক দলের সমর্থন নিয়ে জোট সরকার গড়েছেন তিনি।
তামিলনাড়ুর রাজনৈতিক ইতিহাসে এবারই প্রথম কয়েকটি রাজনৈতিক দল মিলে জোট সরকার গঠন করেছে।ক্ষমতা নেওয়ার পরপরই মুখ্যমন্ত্রী থালাপতি বিজয় রাজ্যজুড়ে ধর্মীয় প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান ও বাসস্ট্যান্ডের ৫০০ মিটারের মধ্যে কতগুলো সরকার পরিচালিত মদের দোকান আছে, সংশ্লিষ্টদের তা পর্যালোচনার নির্দেশ দেন। যাচাই–বাছাই শেষে তামিলনাড়ুজুড়ে ৭১৭টি সরকার পরিচালিত মদের দোকান বন্ধের নির্দেশ এসেছে।
রাজ্য সরকারের পর্যালোচনা অনুযায়ী, মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে বন্ধের নির্দেশ দেওয়া ৭১৭টি সরকার পরিচালিত মদের দোকানের মধ্যে ২৭৬টির অবস্থান ধর্মীয় প্রতিষ্ঠানের আশপাশে। আর ১৮৬টি শিক্ষাপ্রতিষ্ঠান এবং ২৫৫টি বাসস্ট্যান্ডের আশপাশে।
