আন্দোলনে উত্তাল দুই বিশ্ববিদ্যালয়
* ডুয়েটে ভিসি ইস্যুতে রণক্ষেত্র, শিক্ষার্থী-বহিরাগত সংঘর্ষে আহত ১৫ * জাবিতে ধর্ষণচেষ্টা : প্রক্টর অফিসের পর রেজিস্ট্রার ভবনেও তালা
প্রকাশ : ১৮ মে ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
নতুন উপাচার্য নিয়োগ নিয়ে দুই পক্ষের সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয়েছে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট)। দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছে বলে জানা গেছে। গতকাল রোববার সকাল ১০টার দিকে গাজীপুরে অবস্থিত ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এ ঘটনা শুরু হয়। পরে ধীরে ধীরে উত্তপ্ত হয়ে উঠে পুরো ক্যাম্পাস। পরিস্থিতি নিয়ন্ত্রণে গাজীপুর জেলা পুলিশের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিট কাজ করছে।
গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, গত বৃহস্পতিবার (১৪ মে) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে অধ্যাপক ডা. মোহাম্মদ ইকবাল হোসেনকে নিয়োগ দেয় কর্তৃপক্ষ। নিয়োগের প্রজ্ঞাপন জারি হলে ওইদিন রাতেই বিশ্ববিদ্যালয়ের ভেতর শিক্ষার্থীরা আন্দোলন শুরু করে। এ নিয়ে শিক্ষার্থীরা ওইদিন রাতেই বিশ্ববিদ্যালয়ের ফটকে তালা দেয়। এ ঘটনার পর রোববার সকালে শিক্ষার্থীরা ফের আন্দোলন শুরু করলে কিছু বহিরাগত লোকজন ভিসির পক্ষ নিয়ে ক্যাম্পাসে এসে শিক্ষার্থীদের ওপর চড়াও হয়। পরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ সৃষ্টি হয়।
এদিকে বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীদের দাবি, ডুয়েট একটি বিশেষায়িত প্রকৌশল বিশ্ববিদ্যালয় হওয়ায় এখানকার একাডেমিক ও প্রশাসনিক বাস্তবতা ভিন্ন। এর শিক্ষা ব্যবস্থা, বাস্তবতা ও প্রশাসনিক চ্যালেঞ্জ মোকাবিলায় বহিরাগত কাউকে না এনে প্রতিষ্ঠানের ভেতরে থাকা শিক্ষকদের মধ্য থেকে যোগ্য একজনকে উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া প্রয়োজন। ডুয়েটের শিক্ষক প্রতিনিধিরা এটিই চাইছে। গাজীপুরের পুলিশ সুপার মো. শরিফ উদ্দিন জানান, ডুয়েটে নতুন উপাচার্য নিয়োগ নিয়ে গত দুইদিন ধরেই শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা চলমান রয়েছে। আজকে সকাল থেকেও সেটিই পুনরাবৃত্তি হয়েছে। আমাদের পুলিশ সদস্যরা ঘটনাস্থলে আছেন। পরিস্থিতিতে নিয়ন্ত্রণে তারা চেষ্টা করছেন।
জাবিতে ধর্ষণচেষ্টা -প্রক্টর অফিসের পর রেজিস্ট্রার ভবনেও তালা : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) এক নারী শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার এবং প্রক্টরিয়াল বডির পদত্যাগ দাবিতে এবার রেজিস্ট্রার ভবনে তালা ঝুলিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। গতকাল রোববার সকাল ১০টার দিকে এ তালা ঝুলিয়ে দেন তারা। আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, ‘ঘটনার পাঁচ দিন পেরিয়ে গেলেও অভিযুক্তকে গ্রেপ্তার করতে না পারা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের ব্যর্থতার প্রমাণ।’
নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষার্থী আদৃতা রায় বলেন, ‘১০০ ঘণ্টার বেশি সময় পার হয়ে গেছে, কিন্তু পলাতক আসামিকে গ্রেপ্তারের কোনো খবর নেই। প্রশাসন তাদের দায়িত্ব ঠিকভাবে পালন করছে কি-না সেটিও প্রশ্নের বিষয়।’
তিনি আরও বলেন, ‘শিক্ষার্থীদের ছয় দফা দাবির মধ্যে প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ দাবি হচ্ছে দ্রুত অভিযুক্তকে গ্রেপ্তার করা। এ দাবিতে চাপ সৃষ্টি করতেই রেজিস্ট্রার ভবনে তালা দেওয়া হয়েছে।’ তবে জরুরি প্রয়োজনে শিক্ষার্থীরা ভবনে প্রবেশ ও বের হতে পারবেন বলেও জানান আন্দোলনকারীরা। এর আগে গত শনিবার ৪৮ ঘণ্টার মধ্যে অভিযুক্তকে গ্রেপ্তারে ব্যর্থ হওয়ার অভিযোগ তুলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক রাশিদুল আলমকে অবাঞ্ছিত ঘোষণা করে তার কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন শিক্ষার্থীরা।
