ডাক্তারদের দুই বেলা রাউন্ড দিতে হবে

প্রকাশ : ২০ মে ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

দেশের সব সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে হামের উপসর্গ ও হামে আক্রান্ত রোগীদের সুচিকিৎসা নিশ্চিত করতে প্রতিদিন ডাক্তারদের দুই বেলা রাউন্ডসহ বিশেষ নির্দেশনা জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর। গতকাল মঙ্গলবার অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞাপ্তিতে সব সরকারি স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানে এসব নির্দেশনা প্রতিপালন করার অনুরোধ করা হয়েছে। সেখানে বলা হয়েছে, সব সরকারি স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানে আবশ্যিকভাবে হাম ও হামের উপসর্গের রোগীদের চিকিৎসার জন্য আলাদা ওয়ার্ড অথবা কেবিন নির্ধারণ করতে হবে। সকল সরকারি স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানে হামে আক্রান্ত ও হামের উপসর্গ নিয়ে আসা রোগীদের চিকিৎসা দিতে হবে এবং প্রয়োজনে ভর্তি করে চিকিৎসা দিতে হবে। হাম আইসোলেশন ওয়ার্ডে পর্যাপ্ত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী নিশ্চিত করতে হবে। ছুটির দিনসহ প্রতিদিন বিশেষজ্ঞ চিকিৎসক সকাল-বিকাল দুই বেলা রাউন্ড দেবেন।

প্রত্যেক ভর্তি রোগীর সঙ্গে সর্বোচ্চ একজন অভিভাবক/দর্শনার্থী হাসপাতালে অবস্থান করতে পারবেন। ভর্তি রোগীদের তথ্য প্রতিদিন এমআইএস সার্ভারে আপলোড করবেন। জরুরি প্রয়োজনে হটলাইন নম্বর ০১৭৫৯১১৪৪৮৮ এ যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে। দেশে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৭৫ জনের। আর এ রোগের লক্ষণ নিয়ে ৩৮৯ জন মারা গেছে।

হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ১১ শিশুর মৃত্যু : হাম ও হামের উপসর্গ নিয়ে দেশে আরও ১১ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ৯ শিশুর মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে। আর দুই শিশুর হামে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪৭৫ জনে। এর মধ্যে ৭৭ জনের হামে মৃত্যুর বিষয়ে নিশ্চিত হওয়া গেছে। গতকাল মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। এই হিসাব গতকাল সোমবার (১৮ মে) সকাল আটটা থেকে আজ মঙ্গলবার (১৯ মে) সকাল ৮টা পর্যন্ত সময়ের। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে যে ৯ শিশুর মৃত্যু হয়েছে, তাদের মধ্যে ঢাকা ও সিলেট বিভাগে তিনজন করে রয়েছে। এ ছাড়া চট্টগ্রাম, ময়মনসিংহ ও খুলনা বিভাগে একজন করে মারা গেছে। জেলা হিসেবে ঢাকা ও মৌলভীবাজারে সবচেয়ে বেশি দুজন করে মারা গেছে। শেষ ২৪ ঘণ্টায় দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ছিল ১ হাজার ২৬৪। এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ১১৫ জন এবং হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ১ হাজার ১১০ জন। গত ২৪ ঘণ্টায় ৭৩ জনের হাম শনাক্ত হয়েছে। বিভাগভিত্তিক তথ্যে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ৫৪৪ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে ঢাকা বিভাগে। এরপর চট্টগ্রামে ২৩০ ও বরিশালে ১৪৭ জন। নিশ্চিত হাম শনাক্তের ক্ষেত্রেও ঢাকা বিভাগে সংখ্যা সবচেয়ে বেশি, ৫৪ জন।