সীমান্তে খুঁটি স্থাপনের চেষ্টা বিএসএফের, রুখে দিল বিজিবি
প্রকাশ : ২৩ মে ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার কুচলিবাড়ী সীমান্তে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে জিরো লাইনে বাঁশের খুঁটি স্থাপনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবি রংপুর ৫১ ব্যাটালিয়নের কড়া প্রতিবাদ ও কঠোর অবস্থানের মুখে সেই খুঁটি তুলে নিতে বাধ্য হয়েছেন তারা। গত বৃহস্পতিবার সকালে উপজেলার কুচলিবাড়ী ইউনিয়নের কলসির মুখ সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, কুচলিবাড়ী ইউনিয়নের কলসির মুখ সীমান্ত এলাকায় বিএসএফের একটি দল নিয়মবহির্ভূতভাবে জিরো লাইনে বাঁশের খুঁটি স্থাপনের চেষ্টা চালায়। বিষয়টি স্থানীয় বাসিন্দা ও বিজিবির টহল দলের নজরে এলে তাৎক্ষণিকভাবে এর তীব্র আপত্তি জানানো হয়।
বিজিবির পক্ষ থেকে ঘটনার কড়া প্রতিবাদ জানিয়ে বিএসএফকে অবিলম্বে খুঁটি অপসারণের নির্দেশ দেওয়া হয় এবং আন্তর্জাতিক সীমান্ত আইন মেনে চলার তাগিদ দেওয়া হয়। বিজিবির এমন অনড় অবস্থানের মুখে পরিস্থিতি সামাল দিতে না পেরে বিএসএফ সদস্যরা তাদের ভুল স্বীকার করতে বাধ্য হন এবং স্থাপিত খুঁটিগুলো দ্রুত সরিয়ে নেন। তবে গতকাল শুক্রবার বিকেল থেকে দহগ্রাম সীমান্তে বিএসএফ আবারও খুঁটি স্থাপনের চেষ্টা চালাচ্ছে বলে জানা গেছে। এতে ওই এলাকার সাধারণ মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে। রংপুর ৫১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, ?সীমান্তে বিএসএফ প্রায়ই এ ধরনের বাঁশের খুঁটি স্থাপনের চেষ্টা করে থাকে। তবে বিজিবির টহল দলের সদস্যরা কড়া প্রতিবাদ জানালে তারা খুঁটি অপসারণ করতে বাধ্য হন।
দহগ্রাম এলাকায় বর্তমানে বিএসএফ আবারও এ ধরনের কার্যক্রম পরিচালনার চেষ্টা করছে বলেও জানান তিনি।
