হামের উপসর্গে মারা গেল আরও ১৬ শিশু, মোট মৃত্যু ৫২৮
প্রকাশ : ২৫ মে ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা) দেশে আরও ১৬ শিশু মারা গেছে। এ সময়ে সারা দেশে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ৪৩৪ জন। এ পর্যন্ত মোট মৃত্যু ৫২৮ শিশুর। হামের উপসর্গে ঢাকায় ১০, রাজশাহীতে এক, সিলেটে এক, বরিশালে এক, ময়মনসিংহে দুই ও রংপুরে একজন মারা গেছে। গতকাল রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে হামের উপসর্গে দেশে ৪৪২ শিশুর মৃত্যুর তথ্য জানা গেছে। এ সময়ে হাম শনাক্তের পর মারা গেছে ৮৬ শিশু।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ দেখা দিয়েছে ৬৩ হাজার ৮১৩ শিশুর। এ সময় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৫০ হাজার ৫৫৮ শিশু। তবে এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ৪৬ হাজার ২১৪ শিশু বাড়ি ফিরেছে।
হাম মোকাবিলায় চিকিৎসা সামগ্রী অনুদান দিলো আইসিআরসি : বাংলাদেশে চলমান হাম পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে জরুরি চিকিৎসা সরঞ্জাম অনুদান দিয়েছে আন্তর্জাতিক রেড ক্রস কমিটি (আইসিআরসি)। গতকাল রোববার সচিবালয়ে এক অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের কাছে এসব সরঞ্জাম হস্তান্তর করা হয়। আইসিআরসি ঢাকা ডেলিগেশনের পক্ষ থেকে হেলথ প্রোগ্রাম ম্যানেজার ডা. জলিসা খানম আনুষ্ঠানিকভাবে এই চিকিৎসা সরঞ্জাম হস্তান্তর করেন। এই অনুদানের আওতায় ১৪টি অক্সিজেন কনসেনট্রেটর, ৫৭০টি এয়ারওয়ে ম্যানেজমেন্ট ডিভাইস, ১২টি ব্যাগ-ভালভ-মাস্ক (BVM) রিসাসিটেটর এবং ম্যানুয়াল সাকশন ডিভাইস অন্তর্ভুক্ত রয়েছে। যা জরুরি প্রস্তুতি ও প্রতিক্রিয়া সক্ষমতা জোরদার করার পাশাপাশি শ্বাসকষ্টজনিত জটিলতা এবং অন্যান্য জরুরি রোগী ব্যবস্থাপনায় স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোকে সহায়তা করবে।
অনুষ্ঠানে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের ঊর্ধ্বতন প্রতিনিধি এবং আন্তর্জাতিক রেড ক্রস কমিটির (আইসিআরসি) বাংলাদেশ ডেলিগেশনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বাংলাদেশে জরুরি প্রস্তুতি ও স্বাস্থ্য ব্যবস্থার সক্ষমতা বৃদ্ধিতে সংশ্লিষ্ট জাতীয় কর্তৃপক্ষের সঙ্গে মানবিক সংলাপ ও সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে আইসিআরসি।
