ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৪ জনসহ নিহত ৫

প্রকাশ : ২৫ মে ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরে রোগীবাহী অ্যাম্বুলেন্স ও বিআরটিসির একটি বাসের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের চারজনসহ ৫ জন নিহত হয়েছেন। গত রোববার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের ফরিদপুরের নগরকান্দা উপজেলার শংকরপাশা বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাদারীপুর সদর উপজেলার মোস্তফাপুর এলাকা থেকে চিকিৎসার উদ্দেশে একই পরিবারের চার সদস্যকে নিয়ে একটি অ্যাম্বুলেন্স ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের দিকে আসছিল। পথে শংকরপাশা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বরিশালগামী একটি বিআরটিসি বাসের সঙ্গে অ্যাম্বুলেন্সটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অ্যাম্বুলেন্সটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালকসহ ৫ জনের মৃত্যু হয়।

নিহতরা হলেন- মাদারীপুর সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের বালিয়া গ্রামের বাসিন্দা হাজী আব্দুল ওয়াহেদের ছোট ছেলে আলমগীর হোসেন (৫৮), বড় ছেলে জাহাঙ্গীর হোসেন (৬২) ও ছোট মেয়ে খুশি বেগম (৪৫) এবং জাহাঙ্গীর হোসেনের স্ত্রী মাজেদা বেগম (৫০)। এছাড়া নিহত হয়েছেন অ্যাম্বুলেন্স চালক কাউছার হোসেন (২৫)। তিনি মাদারীপুর সদরের শাহজাহান মাতুব্বরের ছেলে। পারিবারিক সূত্রে জানা গেছে, আলমগীর হোসেন কিছুদিন আগে স্ট্রোক করেন। তাকে নিয়ে ভাইবোন ও ভাবি ফরিদপুর মেডিকেলে চিকিৎসক দেখাতে যাচ্ছিলেন। কিন্তু হাসপাতালে পৌঁছানোর আগেই পথিমধ্যে তারা এই ভয়াবহ দুর্ঘটনার শিকার হলেন।

নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসুল সামদানী আজাদ বলেন, দুর্ঘটনার খবর পেয়েই পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে। নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলালউদ্দিন বলেন, দুর্ঘটনাকবলিত বাস ও অ্যাম্বুলেন্স উদ্ধার করে ভাঙ্গা হাইওয়ে থানায় নেওয়া হচ্ছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।