আবার ফেরি থেকে পদ্মায় যাত্রীবাহী বাস
প্রকাশ : ০৬ জুন ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে যাওয়া বাসটি উদ্ধার করা হয়েছে। এ দুর্ঘটনায় কোনো প্রাণহানি হয়নি। গতকাল শুক্রবার বেলা ১২টার দিকে উদ্ধারকারী জাহাজ হামজা নদীর তলদেশ থেকে দুর্ঘটনাকবলিত বাসটি তুলে আনে বলে জানিয়েছেন বিআইডব্লিউটিএর দৌলতদিয়া ঘাট শাখার এজিএম মো. সালা উদ্দিন।
এর আগে সকাল সাড়ে ৯টার দিকে ফেরিঘাটের ৭ নম্বর পন্টুন থেকে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায় কুষ্টিয়া থেকে ছেড়ে আসা ঢাকাগামী এসবি সুপার ডিলাক্স পরিবহনের বাসটি। বাসটি ফেরি কবরীর কনভেনশন পকেট দিয়ে প্রবেশ করে বিপরীত পাশের র্যাম্প ভেঙে নদীতে পড়ে যায়।
ফেরিতে ওঠার আগে স্থানীয় প্রশাসনের নির্দেশনা মেনে ফেরিতে ওঠার আগে সব যাত্রী নামিয়ে দেওয়ায় বাসটিতে কোনো যাত্রী ছিল না। বাসটির চালক, সহকারী ও সুপারভাইজারকেও উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক শরিফুল ইসলাম বলেন, দুর্ঘটনার পর চালকসহ তিনজনকে পরীক্ষা-নিরীক্ষার জন্য হাসপাতালে আনা হয়েছিল। তাদের মধ্যে চালকের সহকারীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তারা সবাই শঙ্কামুক্ত। এজিএম মো. সালা উদ্দিন বলেন, দুর্ঘটনার পরপরই বাসটি উদ্ধারের কাজ শুরু করে উদ্ধারকারী জাহাজ হামজা ও ডুবুরিরা। পরে তারা খালি বাসটি নদী থেকে তুলে আনে। এর আগে ২৫ মার্চ এ ফেরিঘাটের ৩ নম্বর পল্টুন থেকে কুষ্টিয়ার কুমারখালি থেকে ঢাকাগামী ‘পসৗহার্দ্য পরিবহনের’ একটি বাস ফেরিতে ওঠার সময় নদীতে পড়ে যায়। সে দুর্ঘটনার পর মোট ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়।
পদ্মায় পড়ে যাওয়া বাসযাত্রীদের নিয়ম মেনে আগেই নামানোয় প্রাণহানি হয়নি- মন্ত্রণালয় : যাত্রীদের নামিয়ে দেওয়ার বিধান যথাযথভাবে বাস্তবায়িত হওয়ায় রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পন্টুন থেকে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস পদ্মা নদীতে পড়ে ঘটনায় কোনো হতাহত নেই। গতকাল শুক্রবার দুপুরে নৌপরিবহন মন্ত্রণালয়ের পাবলিক রিলেশন অফিসার কাজী আরিফ বিল্লাহর সই করা এক বার্তায় এই দাবি করা হয়। নৌ মন্ত্রণালয়ের বার্তায় বলা হয়েছে, নৌপরিবহন মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ফেরিতে বাস ও অন্যান্য যানবাহন ওঠানোর পূর্বে যাত্রীদের নামিয়ে দেওয়ার নিরাপত্তা বিধান যথাযথভাবে বাস্তবায়িত হওয়ায় দৌলতদিয়া ফেরিঘাটে একটি বাস পদ্মা নদীতে পড়ে যাওয়ার ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) উদ্ধারকারী জাহাজ ‘হামজা’ কতৃক দ্রুত অভিযান পরিচালনা করে নদীতে পড়ে যাওয়া বাসটি উদ্ধার করা হয়েছে।
এদিন সকাল ৯টা ২৫ মিনিটে কুষ্টিয়া থেকে ছেড়ে আসা ঢাকাগামী এসবি পরিবহনের নন-এসি বাসটি ৭ নম্বর ফেরিঘাটের ‘করবী’ ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পেছনের র্যাম্প (ডালা) ভেঙে নদীতে তলিয়ে যায়।
দুর্ঘটনার পরপরই উদ্ধারকাজে অংশ নেয় ফায়ার সার্ভিস, কোস্টগার্ড এবং বিআইডব্লিউটিএ-এর ডুবুরি ইউনিট। উদ্ধারকারী জাহাজ ‘হামজা’ ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘক্ষণ চেষ্টা চালিয়ে বেলা ১১টা ৫৫ মিনিটে বাসটি টেনে তুলতে সক্ষম হয়। এর আগে গত ২৫ মার্চ দৌলতদিয়ার ৩ নম্বর ফেরিঘাটে একইভাবে বাস ডুবে ২৬ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছিল। ওই ঘটনার পর কর্তৃপক্ষ নিয়ম করে যে, ফেরিতে ওঠার আগে বাসের সব যাত্রীকে নামিয়ে দিতে হবে। সেই নির্দেশনা অনুযায়ী এসবি পরিবহনের বাসটির যাত্রীরা আগেই নেমে পায়ে হেঁটে ফেরির দিকে যাচ্ছিলেন। ফলে নতুন করে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ঘাটে কোনো নিখোঁজ যাত্রীর স্বজনদের ভিড় বা আহাজারি দেখা যায়নি।
