ফ্যামিলি কার্ডে বরাদ্দ সাড়ে ১৪ হাজার কোটি টাকা
প্রকাশ : ১২ জুন ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

২০২৬-২৭ অর্থবছরে ৪১ লাখ নারীকে ফ্যামিলি কার্ড দেবে সরকার। এর জন্য বাজেটে সাড়ে ১৪ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট বক্তৃতায় এ বরাদ্দের কথা তুলে ধরেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
ফ্যামিলি কার্ডধারী নারীরা মাসে আড়াই হাজার টাকা করে ভাতা পাবেন। মা ও শিশু সহায়তা কর্মসূচির আওতায় ভাতার আওতায় আনা হচ্ছে প্রায় ১৯ লাখ মা ও শিশুকেও। বাজেট বক্তৃতায় বলা হয়েছে, ‘সামাজিক সুরক্ষা ও নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিতে সরকারের সিগনেচার প্রোগ্রাম ফ্যামিলি কার্ড কর্মসূচি, যার কার্যক্রম সরকার গঠনের এক মাসেরও কম সময়ের মধ্যে প্রধানমন্ত্রী উদ্বোধন করেছেন। এর মাধ্যমে পরিবারের প্রধান নারী ব্যক্তি মাসে ২ হাজার ৫০০ টাকা করে ভাতা পাবেন।
‘২০৩০ সালের মধ্যে পর্যায়ক্রমে ফ্যামিলি কার্ড কার্যক্রম দেশব্যাপী বিস্তৃত করা হবে। এরইমধ্যে পাইলট কার্যক্রম শুরু হয়েছে। আগামী অর্থবছরে ৪১ লাখ নারীকে ফ্যামিলি কার্ড প্রদান এবং এর বিপরীতে ১৪ হাজার ৫০০ কোটি টাকা বরাদ্দ প্রস্তাব করছি।’ বয়স্ক ভাতা, বিধবা ও স্বামী নিগৃহ ভাতা অব্যাহত রাখা হবে। মা ও শিশু সহায়তা কর্মসূচির আওতায় ১৮ লাখ ৯৫ হাজার মা ও শিশুকে মাসে ৮৫০ টাকা করে দেওয়া হবে। ক্যানসারসহ ছয়টি দূরারোগ্য রোগে আক্রান্তদের এককালীন সহায়তা ৫০ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ টাকা করা হবে। সাধারণ মুক্তিযোদ্ধাদের মাসিক সম্মানী ২০ হাজার টাকা অপরিবর্তিত থাকবে। তবে বাড়ানো হচ্ছে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের ভাতা। অর্থমন্ত্রী বলেন, ‘খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের পরিবারের ভাতা ৫ হাজার টাকা করে বৃদ্ধি করে যথাক্রমে বীরশ্রেষ্ঠ ৪০ হাজার টাকা, বীর উত্তম ৩০ হাজার টাকা, বীর বিক্রম ২৫ হাজার টাকা এবং বীর প্রতীক ২৫ হাজার টাকা করা হবে। ‘জুলাই গণভ্যুত্থানে শহিদ পরিবারদের মাসিক ২০ হাজার টাকা এবং এ,বি ও সি ক্যাটাগরিতে আহতদের যথাক্রমে ২০, ১৫ ও ১০ হাজার টাকা মাসিক ভাতা অব্যাহত থাকবে।’
সামাজিক নিরাপত্তা খাতে ২০২৬-২৭ অর্থবছরে ১ লাখ ৪৪ হাজার ৩৩৮ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেটে এই খাতে বরাদ্দ ছিল ১ লাখ ২৬ হাজার ৭৩১ কোটি টাকা।
