যেসব পণ্য ও সেবার দাম কমতে পারে
প্রকাশ : ১২ জুন ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

শুল্ক ও করে ছাড় দেওয়ায় বেশ কিছু পণ্য ও সেবার দাম কমতে পারে ২০২৬-২৭ অর্থবছরে। কিডনি ডায়ালাইসিস ফিল্টার আমদানিতে বিদ্যমান ৫ শতাংশ অগ্রিম কর পুরোপুরি মওকুফ করার প্রস্তাব করা হয়েছে প্রস্তাবিত বাজেটে। এছাড়া কিডনি রোগীদের চিকিৎসায় ব্যবহার হওয়া ‘ব্লাড টিউবিং সেট ফর হেমোডায়ালাইসিসের’ আমদানি পর্যায়ে সাড়ে ৭ শতাংশ আগাম কর পুরোপুরি অব্যাহতির প্রস্তাব করা হয়েছে। ফলে কিডনি ডায়ালাইসিসের খরচ কমবে। আমদানি করা হার্টের রিং বা স্টেন্ট এবং চোখের ইন্ট্রাওকুলার লেন্সের সরবরাহের ক্ষেত্রে যোগানদার পর্যায়ের ১০ শতাংশ ভ্যাটের পুরোটা অব্যাহতির প্রস্তাব করা হয়েছে।
ফলে প্রতিটি হার্টের রিং বা স্টেন্টের মূল্য প্রায় ২০ হাজার টাকা পর্যন্ত কমতে পারে। চোখের প্রতিটি ইন্ট্রাওকুলার লেন্সের দাম করতে পারে ৫ হাজার টাকা পর্যন্ত। বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের ব্যবহারের জন্য আমদানি করা ১৫টি পণ্যের অগ্রিম আয়করের হার ২ শতাংশ থেকে ১ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে। স্বর্ণ ও স্বর্ণালংকার সরবরাহে উৎসে করের হার ৫ শতাংশ থেকে কমে শূন্য দশমিক ৫ শতাংশ হতে পারে। তবে জুয়েলারি সেবার বিপরীতে ৫ শতাংশ ভ্যাটের পরিবর্তে প্রতি ভরি হিসেবে ২,৫০০ টাকা সুনির্দিষ্ট ভ্যাট নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। ইলেক্ট্রিক বাস ও ট্রাক আমদানি এবং ইলেক্ট্রিক চার্জিং স্টেশন ক্ষেত্রে উৎসে কর হার ৫ শতাংশ পুরোপুরি প্রত্যাহারের প্রস্তাবও করেছেন অর্থমন্ত্রী। কম্পিউটারের প্রিন্টার, পোর্টেবল অটোমেটিক ডাটা প্রসেসিং মেশিন, ফ্ল্যাশ মেমোরি এবং কম্পিউটার মনিটর আমদানিতে বিদ্যমান ৫ শতাংশ অগ্রিম কর কমিয়ে ২ শতাংশে নামানোর প্রস্তাব রয়েছে নতুন অর্থবছরের ক্ষেত্রে। স্থানীয়ভাবে মোবাইল ফোন উৎপাদনকারী প্রতিষ্ঠানের ২২টি কাঁচামাল আমদানিতে অগ্রিম করের হার নামতে পারে ১ শতাংশে।
বিদ্যুৎ উৎপাদনকারীর কাছে থেকে বিদ্যুৎ কেনার ওপর উৎসে কর কর্তনের হার ৪ শতাংশ থেকে ৩ শতাংশে নামানোর কথা বলা হয়েছে প্রস্তাবিত বাজেটে। মোবাইলের ৩০০ টাকা সিমট্যাক্স প্রত্যাহার করা হয়েছে, তবে দিতে হবে দামের ওপর ১৫ শতাংশ ভ্যাট।
ল্যাপটপ, ডেস্কটপ কম্পিউটার, সার্ভার, কম্পিউটার প্রিন্টার ও কম্পিউটার মনিটর আমদানির ক্ষেত্রে সমুদয় আমদানি শুল্ক, রেগুলেটরি শুল্ক, সম্পূরক শুল্ক ও ভ্যাট প্রত্যাহারের প্রস্তাব করা হয়েছে। এসএসডি আমদানির ক্ষেত্রে ৫ শতাংশ আমদানি শুল্ক ব্যতীত সমুদয় রেগুলেটরি শুল্ক, সম্পূরক শুল্ক ও ভ্যাট প্রত্যাহার করার প্রস্তাব রয়েছে বাজেটে। পয়েন্ট অব সেলস বা পজ মেশিন আমদানির ক্ষেত্রে বিদ্যমান ১০ শতাংশ আমদানি শুল্ক ৫ শতাংশ এবং সাড়ে ৭ শতাংশ আগাম কর শূন্যে নামিয়ে আনার প্রস্তাব এসেছে। সিনথেটিক ওভেন ফেব্রিক্স আমদানিতে বিদ্যমান ১০ শতাংশ সম্পূরক শুল্ক সম্পূর্ণ প্রত্যাহারের কথাও রয়েছে প্রস্তাবিত বাজেটে। রি-ফ্র্যাক্টরি সিমেন্ট শিল্পের প্রধান কাঁচামাল বল ক্লেসহ ৫টি কাঁচামালের আমদানি শুল্ক ৫ শতাংশে কমিয়ে আনার প্রস্তাব করা হয়েছে। ডিটারজেন্ট উৎপাদনকারী শিল্পের অন্যতম প্রধান কাঁচামাল লিনিয়ার অ্যালকাইল বেনজিন আমদানির ক্ষেত্রে মাত্র ১ শতাংশ আমদানি শুল্ক রাখার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী।
দেশীয় ফ্লোট গ্লাস উৎপাদনকারী প্রতিষ্ঠানের প্রয়োজনীয় ৫টি কাঁচামাল আমদানিতে বিদ্যমান আমদানি শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ নির্ধারণ করে রেয়াতি সুবিধাসংক্রান্ত প্রজ্ঞাপনে অন্তর্ভুক্ত করার প্রস্তাব করা হয়েছে।
টায়ার-টিউব উৎপাদনকারী শিল্পের ২টি কাঁচামাল আমদানিতে রেয়াতি সুবিধা দেওয়ার প্রস্তাবও আছে। স্থানীয় স্কিন কেয়ার ও বিউটি প্রোডাক্টস উৎপাদন শিল্পের ২টি কাঁচামাল আমদানিতে বিদ্যমান ৩০ শতাংশ সম্পূরক শুল্ক কমিয়ে ১০ শতাংশ হতে পারে।
স্থানীয় কফি প্রক্রিয়াজাতকরণ শিল্পের কাঁচামাল হিসেবে কফি এক্সট্র্যাক্ট, এসেন্স ও প্রিপারেশন বাল্কে আমদানির ক্ষেত্রে ৫ শতাংশ রেগুলেটরি শুল্ক সম্পূর্ণ প্রত্যাহারের প্রস্তাব করা হয়েছে।
সৌর বিদ্যুৎ খাতের উপকরণগুলো আমদানিতে প্রযোজ্য আমদানি শুল্ক, রেগুলেটরি শুল্ক, সম্পূরক শুল্ক এবং আগাম কর শূন্য শতাংশ করে একটি নতুন প্রজ্ঞাপন জারি করার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী।
