স্মৃতি ফেরাতে চায় তুরস্ক লক্ষ্যে স্থির অস্ট্রেলিয়াও

প্রকাশ : ১৪ জুন ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  ক্রীড়া ডেস্ক

বিশ্বকাপে নিয়মিত খেলে অস্ট্রেলিয়া। গত পাঁচ আসরের সবগুলোতেই ছিল তারা। গত আসরেও উঠেছিল শেষ ষোলোয়, শেষ পর্যন্ত শিরোপা জেতা আর্জেন্টিনার বিপক্ষে হেরে থেমেছিল পথচলা। অপরদিকে বিশ্বকাপে তুরস্ক বললেই সবার মনে পড়ে ২০০২-এ দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে ম্যাচ শুরুর ১১ সেকেন্ডের মাথায় হাকান সুকুরের সেই গোল! তার ২৪ বছর পরে ফের বিশ্বকাপ অভিযানে তুরস্ক। এবার নিজেদের প্রথম ম্যাচে তাদের বিপক্ষ অস্ট্রেলিয়া অবশ্য গত বিশ্বকাপেই খেলেছে। এ বারে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে বেশ কিছু ঝড়ঝাপটা গিয়েছে তাদের উপর। খারাপ ফল ও ক্ষোভের জেরে মাঝপথে সরতে হয়েছে কোচ গ্রাহাম আর্নল্ডকে। দলের দায়িত্ব নিয়েছেন টনি পোপোভিচ। তার পরে ছন্দেও ফিরেছে তারা। প্রথম ম্যাচে সেই ছন্দ ধরে রাখতেই নামবে তারা।

২০০২ সালে সেমিফাইনালে ব্রাজিলের কাছে হেরে তৃতীয় হয়েছিল তারা। এবার আড়াই দশক পরে ফের বিশ্বকাপে এসে তেমনই চমকে দিতে চায় তুরস্ক। অনেকের মতে অস্ট্রেলিয়া ম্যাচে ‘ফেভারিট’ তুরস্ক। কিন্তু মানুষের এই ধারণা ‘ভুল’ প্রমাণ করার তাড়না অনুভব করছেন অস্ট্রেলিয়া কোচ টনি পপোভিচ। আর্দা গিলের, কেনান ইলদিজের মতো নির্ভরতা নিয়ে গোছানো দল তুরস্ককে হারিয়ে উত্তর আমেরিকা বিশ্বকাপে শুভসূচনা করতে উন্মুখ তিনি। ‘ডি’ গ্রুপের ম্যাচে ভ্যানকুভারে আজ বাংলাদেশ সময় সকাল ১০টায় মুখোমুখি হবে দুই দল। গ্রুপের অপর দুই দল বিশ্বকাপের সহ-আয়োজক যুক্তরাষ্ট্র ও প্যারাগুয়ে। এরইমধ্যে প্যারাগুয়েকে ৪-১ গোলে হারিয়ে গ্রুপ পর্ব শুরু করেছে যুক্তরাষ্ট্র। একই চাওয়া অস্ট্রেলিয়ারও। চার বছর আগে, কাতার বিশ্বকাপে শেষ ষোলোয় খেলা দলটিকে কেউ সেভাবে গোণায় ধরছে না, এটা যেন মেনে নিতে পারছেন না পপোভিচ। ‘আমরা বুঝতে পারছি, আমাদের মানুষের বাইরে, গণমাধ্যমের বাইরে, স্টাফদের বাইরে, আমাদের নিয়ে অনেক মানুষের প্রত্যাশা বেশি নয়। কিন্তু আমরা এসবে অভ্যস্ত। আমরা তুরস্ককে দারুণ কিছু ফুটবল আগামীকাল দেখাতে পারব, অস্ট্রেলিয়ান ফুটবল কী করতে পারে, সেটা দেখাতে পারব, এ ব্যাপারে আমরা আত্মবিশ্বাসী।’

পপোভিচও মানছেন, তার প্রতিপক্ষ তুরস্কও চাইবে জয়ে শুরু করতে। অনেকের চাওয়াও হয়তো এমনই। তবে, অস্ট্রেলিয়ার কোচ সবার আয়োজন ভেস্তে দিতে আছেন মুখিয়ে। ‘আমরা জানি, আগামীকাল শক্তিশালী এক প্রতিপক্ষের বিপক্ষে আমাদের বড় চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। তবে, এটা বিশ্বকাপ। আমরা প্রস্তুত। ছেলেরা রোমাঞ্চিত। অবশ্যই আমরা জয় দিয়ে শুরু করতে চাইব- এটাই আমাদের লক্ষ্য। তারাও (তুরস্ক) জেতার আশা করছে, কিন্তু বেশিরভাগ মানুষই তাই করে। তবে, আমরা যা করতে পারি, তা হচ্ছে, তাদের উৎসব ভেস্তে দেওয়ার চেষ্টা করা।’