বড় জয়ে টেবিলের শীর্ষে ব্রাজিল

নকআউট এখনও নিশ্চিত নয়

প্রকাশ : ২১ জুন ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

মরক্কোর বিপক্ষে ড্র করে এবারের বিশ্বকাপ শুরু করেছিল ব্রাজিল। তবে সেখান থেকে ঘুরে দাঁড়িয়েছে সেলসাওরা। বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে বড় জয় পেয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ম্যাথউস কুনহার জোড়া গোলে হাইতিকে ৩-০ গোলে হারিয়েছে কার্লো আনচেলত্তির শিষ্যরা।

ম্যাচের ১২ মিনিটেই হাইতির জালে বল জড়ান রাফিনিয়া। তবে অফসাইডের কারণে তা বাতিল হয়ে যায়। এরপর গোলের লক্ষ্যে একের পর এক আক্রমণ করে ব্রাজিল।

অবশেষে ম্যাচের ২৩ মিনিটে গোলের দেখা পায় ব্রাজিল। ডান প্রান্ত থেকে বল নিয়ে হাইতির বক্সে ঢুকে শট নেন ভিনিসিয়ুস। হাইতি গোলরক্ষক জনি প্লাসিড শটটি ঠেকালেও ফিরতি বলে আলতো শটে বল জালে জড়ান কুনহা।

এরপর ম্যাচের ৩৬ মিনিটে আবারও গোল করেন কুনহা। মাঝমাঠ থেকে দারুণ এক মুভ শুরু করেন ভিনিসিয়ুস। দৌড়ে তার বাঁ দিকে চলে যাওয়া কুনহাকে ডিফেন্স চেরা থ্রু পাস দেন ভিনি। সেখান থেকে বাঁ পায়ের শটে ম্যাচে দ্বিতীয় গোল করেন এই ব্রাজিলিয়ান স্ট্রাইকার।

কুনহার পর স্কোরশিটে নাম লেখান ভিনিসিয়ুস জুনিয়র। প্রথমার্ধে যোগ করা সময়ের ৩ মিনিটে হাইতি গোলকিপার জনি প্লাসিডকে একা পেয়ে তার দুই পায়ের ভেতর দিয়ে ক্লিনিক্যাল ফিনিশিংয়ে গোল ভিনি।

প্রথমার্ধে দাপট দেখালেও দ্বিতীয়ার্ধে বেশ ছন্নছড়া ছিল ব্রাজিল। অন্যদিকে, হাইতি নিজেদের কিছুটা গুছিয়ে নেয়। বেশ কিছু আক্রমণ চালায় তারা। তবে গোল আদায় করতে ব্যর্থ হয়।

ম্যাচের ৭৮ মিনিটে ব্রাজিলের হয়ে বল জালে জড়িয়েছিলেন বদলি নামা এনদ্রিক। কিন্তু সেই গোল বাতিল হলো অফসাইডের কারণে। শেষ পর্যন্ত আর কোনো গোল না হলে ৩-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল।

এই জয়ে দুই ম্যাচ শেষে মরক্কোর সমান ৪ পয়েন্ট পেলেও গোলব্যবধানে (+৩) এগিয়ে থেকে সবার উপরে ব্রাজিল। স্কটল্যান্ডকে আগের ম্যাচে ১-০ গোলে হারানোর পর মরক্কো (+১) শীর্ষে উঠলেও ব্রাজিলের জয়ে নেমে গেছে দুই নম্বরে। হাইতিকে হারিয়ে বিশ্বকাপ শুরু করা স্কটিশরা ৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে, শেষ ম্যাচে তারা খেলবে ব্রাজিলের বিপক্ষে।

ব্রাজিলের নকআউট এখনও নিশ্চিত নয় : হাইতির বিপক্ষে ৩-০ গোলের দারুণ জয়ে স্বস্তি ফিরেছে ব্রাজিল শিবিরে। দুই ম্যাচ শেষে ৪ পয়েন্ট নিয়ে ব্রাজিল আছে গ্রুপ ‘সি’-এর শীর্ষে। কিন্তু এখনও নিশ্চিত হয়নি দ্বিতীয় পর্বের টিকিট।

গ্রুপ পর্বে ব্রাজিলের শেষ ম্যাচ স্কটল্যান্ডের বিপক্ষে। দ্বিতীয় পর্বে যেতে সেই ম্যাচে একাধিক সমীকরণের মুখে ভিনিসিয়ুসরা।

এক অর্থে নকআউটের টিকিট পাওয়ার সমীকরণটা সহজ- স্কটিশদের বিপক্ষে হার এড়াতে হবে। কিন্তু হারলেই বড় বিপদ। শেষ ম্যাচে জিতলে, হারলে বা ড্র করলে কোন পথে ব্রাজিলের জন্য কী অপেক্ষা করছে, সেটি দেখে নেওয়া যেতে পারে।

ব্রাজিল শীর্ষ দুইয়ে থেকে সুযোগ পাবে শেষ ৩২-এ। প্রথম ম্যাচ ড্র হওয়ায় ব্রাজিল-মরক্কো দুই দলের হেড-টু-হেড সমান। তাই পয়েন্ট সমান হলে দেখা হবে গোল ব্যবধান। সে ক্ষেত্রে মরক্কো যদি হাইতির বিপক্ষে বড় ব্যবধানে জয়লাভও করে, তাতেও ব্রাজিল শীর্ষ দুইয়ের বাইরে যাবে না।

আর ব্রাজিল যদি গোল ব্যবধানে এগিয়ে থাকে, তবে শীর্ষস্থানে থেকেই যেতে পারবে পরবর্তী পর্বে। অন্যদিকে মরক্কো যদি ড্র-ও করে, তাও তারা থাকবে গ্রুপ ‘সি’-এর দ্বিতীয় অবস্থানে।

ব্রাজিলকে তাকিয়ে থাকতে হবে মরক্কো ম্যাচের দিকে। হাইতির বিপক্ষে মরক্কো যদি ড্র করে, তবে গোল ব্যবধানে এগিয়ে থেকে ব্রাজিল শীর্ষ দল হিসেবে শেষ ৩২ এ যাবে। অন্যদিকে মরক্কো জিতলে ব্রাজিল হবে দ্বিতীয়। স্কটল্যান্ড ৪ পয়েন্ট নিয়ে থাকবে তৃতীয় অবস্থানে।

স্কটল্যান্ডের বিপক্ষে হারলে : স্কটল্যান্ডের পয়েন্ট হবে ৬। তখন ব্রাজিলক তাকিয়ে থাকতে হবে মরক্কো ম্যাচের দিকে। মরক্কো যদি হাইতির বিপক্ষে জয়লাভ করে কিংবা ড্র করে, তাহলে ব্রাজিল গ্রুপ শেষ করবে তৃতীয় স্থানে থেকে। তখন সেরা তৃতীয় দল হিসেবে পরবর্তী পর্বে যাওয়ার সুযোগ থাকবে ব্রাজিলের। ১২ দলের মধ্যে থাকতে হবে শীর্ষ আটে।

নাহলে ১৯৬৬ বিশ্বকাপের পর প্রথমবারের মতো গ্রুপ পর্ব থেকে বিদায় নেবে ব্রাজিল। কিন্তু মরক্কো যদি হাইতির বিপক্ষে হেরে যায়, তবে গোল ব্যবধানে দ্বিতীয় অবস্থানে থেকে গ্রুপ পর্ব শেষ করবে ব্রাজিল।

নেইমারকে নিয়ে সুসংবাদ দিলেন আনচেলত্তি : পেশির চোট থেকে সেরে ওঠার প্রক্রিয়ার শেষ দিকে আছেন নেইমার। শিগগিরই তাকে দেখা যেতে পারে ব্রাজিলের জার্সিতে। গ্রুপ পর্বের শেষ ম্যাচেই তারকা এই ফরোয়ার্ডকে পাওয়ার আশা করছেন দলটির কোচ কার্লো আনচেলত্তি।

উত্তর আমেরিকা বিশ্বকাপে গতকাল শনিবার বাংলাদেশ সময় সকালে হাইতিকে ৩-০ গোলে হারায় ব্রাজিল। মরক্কোর বিপক্ষে ১-১ ড্র করা গ্রুপের প্রথম ম্যাচের মতো এদিনও নেইমারকে পায়নি পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। হাইতির বিপক্ষে ম্যাচের ভেন্যু ফিলাডেলফিয়ায় দলের সঙ্গেই যাননি তিনি।

বিশ্বকাপ শুরুর আগে গত মাসে সান্তোসের বিপক্ষে খেলার সময় ডান পায়ের মাংশপেশিতে চোট পান নেইমার। তার চোট জর্জর ক্যারিয়ারের সর্বশেষ সংযোজন এটি। একের পর এক চোটের থাবায় প্রায় তিন বছর ধরে ব্রাজিলের হয়ে খেলতে পারছেন না তিনি।

এখন সেরে উঠে মাঠে ফেরার খুব কাছেই আছেন নেইমার। গত বুধবার আলাদাভাবে অনুশীলন সেশনে বুট পরে বল নিয়ে ওয়ার্ম-আপ করার পর, তাকে দলের সঙ্গে অনুশীলন করতে দেখা যায়। এর আগে ফিজিওথেরাপিস্ট ও ফিটনেস কোচদের তত্ত্বাবধানে দলের ট্রেনিং সেন্টারে শুধু ইনডোরেই অনুশীলন করছিলেন তিনি।

হাইতি ম্যাচের পর আনচেলত্তি জানালেন, আরও দুয়েক দিন এভাবে অনুশীলন চালিয়ে যাবেন নেইমার। এরপর পুরোদমে শুরু করবেন দলীয় অনুশীলন।

আগামী বৃহস্পতিবার বাংলাদেশ সময় ভোর চারটায় স্কটল্যান্ডের মুখোমুখি হবে ব্রাজিল। এই ম্যাচে নেইমারকে পেতে আশাবাদী আনচেলত্তি। নেইমার আগামীকাল এককভাবে অনুশীলন করবে এবং সোমবার থেকে দলের সঙ্গে অনুশীলন শুরু করবে। স্কটল্যান্ডের বিপক্ষে তাকে পাওয়া যাবে।

২০২৩ সালের অক্টোবরে সবশেষ ব্রাজিলের প্রতিনিধিত্ব করেন নেইমার। চলতি বিশ্বকাপের বাছাই পর্বে স্রেফ চারটি ম্যাচ খেলে দুটি গোল ও তিনটি অ্যাসিস্ট করেছিলেন ব্রাজিলের সফলতম গোলদাতা।