অবশেষে দুদকের নতুন কমিশন গঠনে সার্চ কমিটি
প্রকাশ : ২৩ জুন ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ও কমিশনার পদশূন্য হওয়ার ১১০ দিন পর নতুন কমিশন গঠনের প্রক্রিয়া শুরু করেছে সরকার। দুদকের কমিশনার পদে নিয়োগের জন্য পাঁচ সদস্যের একটি সার্চ (বাছাই) কমিটি গঠন করে গতকাল সোমবার প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। আপিল বিভাগের বিচারপতি মো. রেজাউল হককে কমিটির সভাপতি করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন- হাইকোর্ট বিভাগের বিচারপতি রাজিক আল জলিল, বাংলাদেশের মহাহিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি), বাংলাদেশ সরকারি কর্মকমিশনের (পিএসসি) চেয়ারম্যান এবং মন্ত্রিপরিষদ সচিব। ২০০৪ সালের দুর্নীতি দমন কমিশন আইনের ৭ ধারা অনুযায়ী কমিশনার পদে নিয়োগের জন্য সুপারিশ দিতে এ কমিটি গঠন করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, দুদকের কমিশনারের প্রতিটি শূন্যপদের বিপরীতে বাছাই কমিটি দুইজন করে প্রার্থীর নামের তালিকা করবে। পরে সেই তালিকা নিয়োগের জন্য রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে। বাছাই কমিটির কার্যক্রম পরিচালনায় প্রয়োজনীয় সচিবালয় সহায়তা দেবে মন্ত্রিপরিষদ বিভাগ। গত ৩ মার্চ দুদক চেয়ারম্যান ড. মোহাম্মদ আব্দুল মোমেনের কমিশন পদত্যাগ করার পর ৪ মার্চ থেকে সংস্থাটির শীর্ষ পদটি শূন্য রয়েছে। একই সময়ে দুই কমিশনারের পদও খালি হয়। এর ফলে দীর্ঘদিন ধরে কমিশন ছাড়াই সংস্থাটির কার্যক্রম চলছিল। ফলে নতুন কোনো অভিযোগ অনুসন্ধান বা মামলা অনুমোদনের প্রক্রিয়াও বন্ধ ছিল। নতুন চেয়ারম্যান ও কমিশনার নিয়োগ নিয়ে বিভিন্ন মহলে আলোচনা থাকলেও এতদিন সার্চ কমিটি গঠন করা হয়নি। দুদক আইন অনুযায়ী চেয়ারম্যান ও কমিশনার নিয়োগের আগে একটি বাছাই কমিটি গঠন করতে হয়। ওই কমিটির সুপারিশের ভিত্তিতে রাষ্ট্রপতি নিয়োগ দিয়ে থাকেন। গতকাল সোমবারের প্রজ্ঞাপনের মাধ্যমে নতুন চেয়ারম্যান ও কমিশনার নিয়োগের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হলো।
