অনিশ্চয়তায় আদ্-দ্বীনের বিদেশি শিক্ষার্থীরা
প্রকাশ : ২৩ জুন ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
আদ্-দ্বীন মেডিক্যাল কলেজের সংকট নিরসনে স্বাস্থ্য অধিদপ্তরে গিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করতে চাইলেও কেউ দেখা করেনি। কোনো সাড়া না পেয়ে হতাশায় সেখান থেকে ফিরলেন আদ্-দ্বীন মেডিক্যালে অধ্যায়নরত বিদেশি শিক্ষার্থীরা।
গতকাল সোমবার সকালে একদল বিদেশি শিক্ষার্থী স্বাস্থ্য অধিদপ্তরে গিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাতের চেষ্টা করেন। পরে বেলা পৌনে ১২টা পর্যন্ত অপেক্ষা করেও কোনো কর্মকর্তার সাড়া না পেয়ে বের হয়ে যান। এরপর তারা স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরে যান।
শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়, মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস বর্তমানে একটি আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিতে দেশের বাইরে অবস্থান করছেন। এছাড়া শিক্ষার্থীরা পূর্বনির্ধারিত অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই এসেছেন। এ কারণে তারা কারও সাক্ষাৎ পাচ্ছেন না। এদিকে নিজেদের অ্যাকাডেমিক ভবিষ্যৎ নিয়ে চরম অনিশ্চয়তায় থাকা শিক্ষার্থীরা এর আগে ভারতীয় দূতাবাসের সঙ্গেও যোগাযোগের চেষ্টা করেন। তবে সেখান থেকেও কোনো ইতিবাচক সাড়া মেলেনি বলে জানা গেছে। দূতাবাসের পক্ষ থেকে আদ্-দ্বীন মেডিক্যাল কলেজের বিষয়টিকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় হিসেবে উল্লেখ করা হয়েছে বলেও জানান শিক্ষার্থীরা। এ বিষয়ে আদ্-দ্বীন মেডিক্যালের শিক্ষার্থী খুজাইমা বলেন, তারা নিজেদের শিক্ষা কার্যক্রম নিয়ে চরম সংকটে রয়েছেন। সমস্যার সমাধানের জন্য দূতাবাসসহ বিভিন্ন জায়গায় যোগাযোগের চেষ্টা করা হলেও কোথাও থেকে কার্যকর সাড়া পাওয়া যায়নি। তাই বাধ্য হয়ে তারা স্বাস্থ্য অধিদপ্তরে এসেছেন। তারা বর্তমান অবস্থার কথা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে চান।
ভারতের কাশ্মীর থেকে আদ্-দ্বীন মেডিক্যাল কলেজে পড়তে আসা শিক্ষার্থী ডা. রেজা বলেন, বাংলাদেশি শিক্ষার্থীরা চাইলে অন্য হাসপাতালে মাইগ্রেশনের সুযোগ পেতে পারেন, কিন্তু বিদেশি শিক্ষার্থীদের ক্ষেত্রে সেই সুযোগ নেই। তাদের কারিকুলাম অনুযায়ী একই হাসপাতাল থেকে শিক্ষা কার্যক্রম সম্পন্ন করতে হবে।
তিনি জানান, প্রায় আট বছর ধরে তিনি এই প্রতিষ্ঠানে অধ্যয়ন করছেন এবং তার পড়াশোনা শেষ পর্যায়ে রয়েছে। এখন যদি শিক্ষা কার্যক্রম বাধাগ্রস্ত হয়, তাহলে অর্জিত ডিগ্রির কার্যকারিতা নিয়ে বড় ধরনের সংকট তৈরি হবে।
সরকারি আদেশে আদ?্?-দ্বীন হাসপাতাল বন্ধ থাকায় ডিগ্রির কার্যকারিতা হারানোর মুখে রয়েছেন এসব শিক্ষার্থী। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠানটির সব শিক্ষার্থীকে অন্য হাসপাতালে সংযুক্তির নির্দেশ দিয়েছে। তবে ভারতের ন্যাশনাল মেডিক্যাল কমিশন (ফরেন মেডিক্যাল গ্র্যাজুয়েট লাইসেন্সিয়েট) রেগুলেশন্স, ২০২১-এর ৪(ক)(২) ধারা অনুযায়ী, একই মেডিক্যাল কলেজ ও হাসপাতাল থেকে এমবিবিএস ও ইন্টার্নশিপ সম্পন্ন না করলে তা গ্রহণযোগ্য হবে না।
