ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা বাদীর পরিচয় নিয়ে বিতর্ক
প্রকাশ : ২৫ জুন ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদন

কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মানহানিকর ও বিদ্বেষমূলক বক্তব্য প্রচারের অভিযোগে ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীমের বিরুদ্ধে কুমিল্লায় মামলা করা হয়েছে।
গত শনিবার জালাল আহমেদ খোকন তালুকদার বাদী হয়ে সদর দক্ষিণ মডেল থানায় মামলাটি করেন বলে জানিয়েছেন কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ওসি রকিবুল ইসলাম।
মামলায় মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম ছাড়াও সদর দক্ষিণ এলাকা বাসিন্দা কাদের মিয়াজীর নাম উল্লেখ করে অজ্ঞাত কয়েকজনকে আসামি করা হয়েছে।
বাদী খোকন নিজেকে কুমিল্লা মহানগরীর ২৬ নম্বর ওয়ার্ড যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দাবি করলেও মহানগর যুবদলের পক্ষ থেকে জানানো হয়েছে যুবদলের কোনো স্তরেরই তিনি সদস্য নন।
কুমিল্লা মহানগর যুবদলের সদস্যসচিব রোমান হাসান বলেন, জালাল আহমেদ খোকন তালুকদার যুবদলের কেউ নন। তিনি আগে যুবলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ১৯ জুন বিভিন্ন ফেসবুক আইডি ও ইউটিউব চ্যানেলে কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীকে নিয়ে কটূক্তি, বিদ্রুপ এবং মানহানিকর বক্তব্য প্রচার করা হয়।
অভিযোগে বলা হয়েছে, একটি ইউটিউব ভিডিওতে সংসদ সদস্যের দাড়ি, টুপি ও পোশাক নিয়ে বিদ্রুপাত্মক মন্তব্য করা হয়েছে। এছাড়া একটি ফেইসবুক আইডি থেকে সংসদ সদস্যের ছবি ব্যবহার করে তাকে ‘গুপ্ত আওয়ামী লীগ নেতা’ ও ‘ইসলামবিদ্বেষী’ আখ্যা দিয়ে পোস্ট দেওয়া হয়।
এজাহারে আরও উল্লেখ করা হয়- মিথ্যা, বিভ্রান্তিকর ও উসকানিমূলক তথ্য ছড়িয়ে সংসদ সদস্যের রাজনৈতিক, সামাজিক ও ব্যক্তিগত সুনাম ক্ষুণ্ণ করার চেষ্টা করা হচ্ছে। তাই বাদী মামলাটি করেছেন।
এদিকে এই মামলার প্রতিবাদ জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
দলের অফিশিয়াল ফেইসবুক পেইজে দলটির কেন্দ্রীয় প্রচার সম্পাদক শেখ ফজলুল করিম মারুফ এর পক্ষ থেকে এক পোস্টে দলে সিনিয়র যুগ্ম মহাসচিব ও দলীয় মুখপাত্র গাজী আতাউর রহমান মামলাটিকে ‘ফ্যাসিবাদের অপতৎপরতা’ হিসেবে চিহ্নিত করা এবং মামলার বাদী যুবলীগের সঙ্গে সম্পৃক্ত ছিলেন বলে উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে কুমিল্লা মহানগর ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি এম এম বিলাল হোসাইন বলেন, ‘মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে দায়ের করা মামলাটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে আমরা মনে করি। বিষয়টি আমরা আইনগতভাবে মোকাবিলা করব।’
মামলার বিষয়ে বাদী জালাল আহমেদ খোকন তালুকদার সাংবাদিকদের কাছে দাবি করেন, তিনি যুবদলেরই কর্মী এবং যুগ্ম আহ্বায়ক। বিএনপির সংসদ সদস্য এবং তার নেতার মানহানি হওয়ায় তিনি এই মামলাটি করেছেন।
মামলা গ্রহণের বিষয়ে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ওসি রকিবুল ইসলাম বলেন, ‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশক্রমে মামলাটি গ্রহণ করা হয়েছে। খোঁজ খবর নেওয়া হচ্ছে।’
