হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু
প্রকাশ : ০৭ জুলাই ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যুর তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তাদের হিসাবে, গেল ১৫ মার্চ থেকে ভাইরাসজনিত রোগটির উপসর্গ নিয়ে ৬৪৮ জনের মৃত্যু হলো। গতকাল সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হাম সংক্রান্ত নিয়মিত বুলেটিনে বলা হয়েছে, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৯৩ জনের।
উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে; ২৭৯ জন। অন্যান্য বিভাগের মধ্যে রাজশাহীতে ৮৯ জন, সিলেটে ৮৬, চট্টগ্রামে ৫৩, বরিশালে ৪১, ময়মনসিংহে ৬২, খুলনায় ২৯ ও রংপুর বিভাগে ৯ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, গত রোববার সকাল ৮টা থেকে ২৪ ঘণ্টায় ১৫৯ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এই সময়ে ৯৪৭ জন রোগটির লক্ষণ নিয়ে হাসপাতালে এসেছেন; ভর্তি নেওয়া হয়েছে ৮৯০ জনকে।
ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৩৩৮ জন, রাজশাহীতে ৪০, সিলেটে ৫৯, চট্টগ্রামে ১৯২, বরিশালে ১১৭, ময়মনসিংহে ৪৩, খুলনায় ৭৭ ও রংপুর বিভাগের হাসপাতালগুলোতে আছেন ২৪ জন।
সব মিলিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ৮৯ হাজার ৭৩৪ জনের ভর্তি হওয়ার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তবে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে আসা রোগীর সংখ্যা এক লাখ ৬ হাজার ৫৬৫ জন। আর হাম শনাক্ত হয়েছে ১২ হাজার ৭৯১ জনের।
