হাম ও ডেঙ্গুতে ঝরল আরও ৬ প্রাণ
প্রকাশ : ০৯ জুলাই ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
বেড়ে চলেছে হাম ও ডেঙ্গুর প্রকপ। সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাসে তিনজন ও ডেঙ্গুতে ৩ জনসহ মোট আরও ৬ জনের প্রাণ ঝরে গেল। জানা যায়, দেশে গত এক দিনে হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে।
গতকাল বুধবার স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, সারাদেশে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামে আক্রান্ত হয়ে ৯৩ জনের মৃত্যু হয়েছে। আর হামের লক্ষণ নিয়ে মারা গেছে ৬৫২ জন।
এ পর্যন্ত হামের লক্ষণ নিয়ে সবচেয়ে বেশি ২৮৩ জন মারা গেছে ঢাকা বিভাগে। এছাড়া রাজশাহী বিভাগে ৮৯ জন, সিলেটে ৮৬ জন, চট্টগ্রামে ৫৩ জন, বরিশালে ৪১ জন, ময়মনসিংহে ৬২ জন, খুলনায় ২৯ জন এবং রংপুর বিভাগে ৯ জনের মৃত্যু হয়েছে।
হাম সংক্রান্ত নিয়মিত বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তর বলছে, বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় হামের লক্ষণ নিয়ে আরও ৭৯৬ জন হাসপাতালে গেছে। তাদের মধ্যে ৭৪৮ জনকে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আর এই সময়ে নমুনা পরীক্ষায় আরও ১০৬ জনের শরীরে হামের সংক্রমণ শনাক্ত হয়েছে।
১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে হামের লক্ষণ নিয়ে ১ লাখ ৮ হাজার ১৮০ জন হাসপাতালে গেছে। নমুনা পরীক্ষায় ১৩ হাজার ৭০ জনের ক্ষেত্রে সংক্রমণ নিশ্চিত করা গেছে।
ডেঙ্গুতে মৃত্যু ৩, হাসপাতালে ভর্তি ২৫১ : এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে আরও ২৫১ জন ভর্তি হয়েছেন। গতকাল বুধবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেওয়া রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ হাজার ৫৫৭ জনে। আর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ২২ জনের মৃত্যু হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৭৬ জন, বরিশাল বিভাগে ৬৬ জন, চট্টগ্রাম বিভাগে ৩৮ জন, খুলনা বিভাগে ৪০ জন, ময়মনসিংহ বিভাগের ১৫ জন, রংপুর বিভাগের ২ জন, সিলেট বিভাগের ২ জন এবং রাজশাহী বিভাগের ১২ জন রোগী রয়েছেন।
চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যাওয়া ২২ জনের মধ্যে ১১ জন পুরুষ এবং ১১ জন নারী।
