টাকার জন্যই বাকপ্রতিবন্ধী ববিকে নির্যাতন : র্যাব
প্রকাশ : ১১ জুলাই ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক

নরসিংদীর রায়পুরায় রেলস্টেশনে নির্মম নির্যাতনে বাকপ্রতিবন্ধী পরিচ্ছন্নতাকর্মী ববি বেগমের মৃত্যুর ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তাররা হলেন মো. ইলিয়াস (৩৫), মো. সাকিব (১৯), বেলাল মিয়া (২৬), মো. দ্বীন ইসলাম (২৬) ও মো. রিফাত (২০) ।
র্যাব জানায়, তার কাছে জমানো টাকা লুট করতেই হামলা চালিয়ে মারধর করা হয়েছিল। এই ঘটনায় ভৈরব রেলওয়ে থানায় একটি মামলা হয়। ঘটনার গুরুত্ব বিবেচনায় ছায়া তদন্তের ধারাবাহিকতায় পরদিন বৃহস্পতিবার মেথিকান্দা রেলস্টেশন থেকে ইলিয়াস, সাকিব ও বেলালকে এবং ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থেকে দ্বীন ইসলাম ও রিফাতকে গ্রেপ্তার করা হয়।
গতকাল শুক্রবার (১০ জুলাই) বিকালে ঢাকার কারওয়ান বাজারে অবস্থিত র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে র্যাব-১১ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাসুদ পারভেজ এসব তথ্য জানান।
তিনি বলেন, ববি বেগমের কাছে নগদ টাকা থাকার বিষয়টি হামলাকারীরা আগে থেকেই জানত। এর প্রেক্ষিতে তারা গভীর রাতে হামলা চালিয়ে টাকা লুট করে। বাকপ্রতিবন্ধী ববি প্রায় ২৫ বছর ধরে ওই রেল স্টেশনের একটি পরিত্যক্ত ভবনে থাকতেন। তাকে এলাকাবাসীরাও চিনতেন এবং বিভিন্ন সময় সাহায্য সহযোগিতা করতেন। স্টেশনে আসা যাত্রীরাও তাকে আর্থিক সহযোগিতা করতেন। তার কাছে থাকা দীর্ঘদিনের সঞ্চিত ২০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার কথা প্রাথমিকভাবে গ্রেপ্তাররা স্বীকার করেছে।
লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাসুদ পারভেজ বলেন, একটি বার্তা আমরা দিতে চাই যে, যার জন্য কেউ নাই, তার জন্য র্যাব-আইনশৃঙ্খলা বাহিনী এবং রাষ্ট্র রয়েছে। এই ঘটনা অত্যন্ত মর্মান্তিক এবং আমাদের একটা নৈতিক দায়িত্ব মনে করে, তাৎক্ষণিকভাবে সর্বাত্মক চেষ্টা চালিয়ে জড়িতদের আইনের আওতায় আনতে সক্ষম হয়েছি।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তকারী কর্মকর্তা যদি মনে করেন যে, আরো কারো সম্পৃক্ততা রয়েছে তাহলে তাদেরকেও আইনের আওতায় নিয়ে আসবেন। এই পাঁচজনের মধ্যে তিনজনের মাদক সেবনের মামলা রয়েছে, অর্থাৎ তারা মাদকাসক্ত। এই জন্য তাদের হয়তোবা টাকার প্রয়োজন ছিল। আর তারা যেহেতু জেনে যায় যে, এই বৃদ্ধার কাছে টাকা রয়েছে এবং উনি তো কথা বলতে পারেন না। এই টাকা নেওয়ার উদ্দেশ্যেই তার উপর হামলা করে বলে ধারণা করা যায়।
অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেন, রেলের যাবতীয় আইনশৃঙ্খলা পরিস্থিতি সার্বক্ষণিকভাবে মনিটরিং করার জন্য রেলওয়ে পুলিশ আছে। কখনো এরকম দেখা যায় যে, ছোট বড় বিভিন্ন ধরনের অপরাধ সংঘটিত হওয়ায় যেগুলো তাৎক্ষণিকভাবে রেল পুলিশ সমাধান করতে পারে না। সেগুলো মামলা হলে আমরা ছায়া তদন্ত শুরু করি।
এ সময় রেলস্টেশনের বিভিন্ন অপরাধ প্রসঙ্গে তিনি বলেন, অবশ্যই আমাদের তৎপরতা আছে, আমরা আমাদের দিক থেকে সর্বাত্মক প্রচেষ্টা করে যাচ্ছি।
উল্লেখ্য, গত ৪ জুলাই গভীর রাতে রায়পুরার মেথিকান্দা রেলস্টেশনের একটি পরিত্যক্ত কক্ষে অবস্থানরত ৭০ বছর বয়সী ববি বেগমের ওপর হামলা চালানো হয়। চিকিৎসাধীন অবস্থায় ৮ জুলাই নরসিংদী সদর হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
