হামে আরও ৩ মৃত্যু চার মাসে প্রাণহানি ৭৫০

প্রকাশ : ১১ জুলাই ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত প্রায় চার মাসে হাম এবং ভাইরাসজনিত এই রোগের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৭৫০। গত শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে বলা হয়, গত বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ২৪ ঘণ্টায় আরো ১২৮ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর গত ১৫ মার্চ থেকে হামের তথ্য প্রকাশ করে আসছে। এ পর্যন্ত সারাদেশে হাম আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৯৩ জনের। এ ছাড়া হামের উপসর্গ নিয়ে ৬৫৭ জন প্রাণ হারিয়েছেন।

হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ২৮৫ জন মারা গেছে ঢাকা বিভাগে। এর পরেই আছে রাজশাহী বিভাগ, সেখানে মারা গেছে ৮৯ জন। এছাড়া সিলেটে ৮৮, চট্টগ্রামে ৫৩, বরিশালে ৪২, ময়মনসিংহে ৬২, খুলনায় ২৯ ও রংপুর বিভাগে ৯ জন মারা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তর বলছে, গত ২৪ ঘণ্টায় আরো ৯০১ জন হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে এসেছে। তাদের মধ্যে ভর্তি হয়েছে ৮০০ জন। ঢাকা বিভাগে ভর্তি ৩১১ জন, রাজশাহীতে ১৭, সিলেটে ৬৫, চট্টগ্রামে ১৯০, বরিশালে ১১০, ময়মনসিংহে ৫২, খুলনায় ৪৬, রংপুরে ৯ জন।

এ নিয়ে সারা দেশের বিভিন্ন হাসপাতালে হাম রোগী ভর্তির সংখ্যা দাঁড়াল ৯২ হাজার ৮৩১। যার মধ্যে ৮৯ হাজার ২৩৪ জন হাসপাতাল ছেড়েছেন। আর দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৯ হাজার ৮৯৯। আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৩ হাজার ৩২৬।