শিক্ষার্থীদের বিক্ষোভ গড়াল দ্বিতীয় দিনে

* মন্ত্রীর পদত্যাগের দাবি থেকে সরে এলেন শিক্ষার্থীরা * সুষ্ঠু পরীক্ষা সম্পন্নে সরকারের ৫ উদ্যোগ

প্রকাশ : ১৬ জুলাই ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

এইচএসসি ও সমমানের পরীক্ষা নিয়ে সৃষ্ট বিতর্ক এবং শিক্ষামন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো রাজধানীতে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। গতকাল বুধবার পূর্বঘোষিত ‘লংমার্চ টু শিক্ষা মন্ত্রণালয়’ কর্মসূচি পালনকালে রাজধানীর শিক্ষা ভবনের সামনে পুলিশি ব্যারিকেডের মুখে পড়েন আন্দোলনরত শিক্ষার্থীরা। এদিন পরীক্ষা শেষে রাজধানীর সায়েন্সল্যাব মোড় থেকে শিক্ষাভবন মোড়ে এসে অবস্থান নেন তারা। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা হয়ে বিকেল চারটার দিকে শিক্ষার্থীরা শিক্ষা ভবনের সামনে পৌঁছালে পুলিশ আগে থেকেই সেখানে ব্যারিকেড দিয়ে আটকে দেয়। সেখানে প্রায় ২ ঘণ্টার অবস্থান শেষে স্থান ত্যাগ করেন আন্দোলনকারীরা। বিকেল ৫টা ৫০ মিনিট নাগাদ অবস্থান ছাড়েন তারা। এ ছাড়াও ঢাকাসহ দেশের নানা স্থানে একই দাবিতে বিক্ষোভ সমাবেশ হয়েছে।

উত্তরা : শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে আজও উত্তরাতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। এতে ঢাকামুখী যান ও গাজীপুরমুখী যান চলাচল বন্ধ হয়ে যায়। বুধবার দুপুর দেড়টায় উত্তরার বিএনএস সেন্টারের সামনে বিক্ষোভ শুরু করে একদল শিক্ষার্থী। পরে তারা সড়ক অবরোধ করে। এতে করে রাস্তার দুইপাশেই যান চলাচল বন্ধ হয়ে যায়।

সাভার : এইচএসসি পরীক্ষা শেষ হতে না হতে সাভারে মন্ত্রীর পদত্যাগ ও পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। বুধবার দুপুর দেড়টার দিকে সাভারের পাকিজা বাস স্ট্যান্ড এলাকায় মহাসড়কের আরিচামুখী লেনে এ অবরোধ শুরু হয়। দুপুর আড়াইটার দিকে লেন পরিবর্তন মহাসড়কের ঢাকামুখী লেনে অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।

নারায়ণগঞ্জ : শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে নারায়ণগঞ্জ শহরে মিছিল করেছেন এইচএসসি পরীক্ষার্থীরা। বুধবার দুপুরে পরীক্ষা শেষে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা শহরের চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় জড়ো হয়ে বিক্ষোভ মিছিল বের করেন। বেলা ১টার দিকে চাষাঢ়া থেকে মিছিলটি শুরু হয়ে বঙ্গবন্ধু সড়ক হয়ে দুই নম্বর রেলগেট এলাকা প্রদক্ষিণ করে পুনরায় চাষাঢ়ায় এসে শেষ হয়।

পিরোজপুর : শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বৃষ্টি উপেক্ষা করে পিরোজপুরে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছেন সরকারি সোহরাওয়ার্দী কলেজ ও সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীরা। বুধবার দুপুর দেড়টার দিকে টাউন ক্লাব সড়ক থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি সরকারি সোহরাওয়ার্দী কলেজ এলাকা, টাউন ক্লাব রোড ও হাসপাতাল রোড প্রদক্ষিণ করে সি-অফিস গোলচত্বরে গিয়ে শিক্ষার্থীরা জড়ো হন।

ফেনী : শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ফেনী শহরে সড়ক অবরোধ করেছেন এইচএসসি ও সমসমান পরীক্ষার্থীরা। বুধবার দুপুরের ফেনী শহরের শহিদ মিনারসংলগ্ন ট্রাংক রোডে তারা অবস্থান নেন। এইচএসসি ও সমসমানের পরীক্ষা শেষে শহরের ফেনী সরকারি কলেজ, মহিপাল সরকারি কলেজ, সরকারি জিয়া মহিলা কলেজসহ বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা শহীদ মিনারের সামনে এসে জড়ো হতে শুরু করেন।

চট্টগ্রাম : শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে করা আন্দোলনের দ্বিতীয় দিনে চট্টগ্রামের দুই নম্বর গেট মোড়ে জড়ো হয়েছেন শিক্ষার্থীরা। বিকেল ৩টা নাগাদ প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী সেখানে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন।

ভোলা : ভোলায় শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে মানববন্ধন করেছেন এইচএসসি পরীক্ষার্থীরা। বুধবার দুপুর সোয়া ২টার দিকে ভোলা প্রেসক্লাবের সামনে ভোলার সকল এইচএসসি পরীক্ষার্থীরা ব্যানারে এ মানববন্ধন কর্মসূচির পালন করেন তারা। মানববন্ধন শেষে শিক্ষার্থীরা পুলিশের সঙ্গে কথা বলে বাড়ি চলে যান।

বাগেরহাট : বাগেরহাটে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করেছেন এইচএসসি ২০২৬ সালের পরীক্ষার্থীরা। বুধবার দুপুরে এইচএসসি পরীক্ষা শেষে শহরের সম্মিলনি স্কুল মোড়ে সড়ক অবরোধ করেন পরীক্ষার্থীরা। পরে মিছিল নিয়ে সরকারি পিসি কলেজের প্রধান ফটকের সামনে অবস্থান নেয়।

ফরিদগঞ্জ (চাঁদপুর) : শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় এইচএসসি পরীক্ষার্থী ও আন্দোলনরত শিক্ষার্থীরা চাঁদপুর-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়ক অবরোধ করেছেন। বুধবার দুপুরে ফরিদগঞ্জ সদরের বাসস্ট্যান্ডে প্রায় ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করেন গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত ডিগ্রি কলেজ ও ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থীরা।

মৌলভীবাজার : পরীক্ষার্থীদের সঙ্গে অন্যায় ও বৈষম্যের প্রতিবাদে ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে মৌলভীবাজারে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। বুধবার দুপুরে মৌলভীবাজার প্রেস ক্লাব থেকে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা।

সিরাজগঞ্জ : শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগ দাবিতে সিরাজগঞ্জ শহরে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। বুধবার দুপুর পৌনে ২টার দিকে শহরের ইলিয়ট ব্রিজে (বড়পুল) শিক্ষার্থীরা জড়ো হয়ে প্রায় ঘণ্টাব্যাপী বিক্ষোভ মিছিল করেন।

এইচএসসি পরীক্ষার্থীদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী : প্রতিকূল আবহাওয়া বা অনিবার্য কারণে যারা কোনো বিষয়ে এইচএসসি পরীক্ষা দিতে পারেননি তারা চট্টগ্রাম বোর্ডের সঙ্গে অভিন্ন প্রশ্নপত্রে একই তারিখে পরীক্ষা দিতে পারবেন বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। বুধবার চলমান এইচএসসি ও সমমান পরীক্ষার বিষয়ে জাতীয় সংসদে ৩০০ বিধিতে দেওয়া এক বিবৃতিতে এমনটা জানান তিনি।

তিনি বলেন, বৈরি আবহাওয়ার কারণে পাঁচটি জেলায় (চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও বান্দরবান) পরীক্ষা স্থগিত করা হয়েছিল। তবে চট্টগ্রাম বোর্ডের বাইরেও ঢাকাসহ দেশের কিছু কিছু জেলায় বিচ্ছিন্নভাবে কিছু পরীক্ষার্থী বৈরি আবহাওয়ার কারণে নির্ধারিত পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেনি। শিক্ষার্থীদের জীবনের এ গুরুত্বপূর্ণ ধাপটির কথা বিবেচনা করে মন্ত্রী বলেন, যারা চলমান এইচএসসি ও সমমান পরীক্ষার কোনো বিষয়ে অংশগ্রহণ করতে পারেনি, তারা চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এরই মধ্যে স্থগিত হওয়া সংশ্লিষ্টবিষয়ে অভিন্ন প্রশ্নপত্রে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত একই তারিখে ও সময়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। বিশেষ বিবেচনায় শিক্ষার্থীদের এ সুযোগ দেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

এইচএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্নে সরকারের ৫ উদ্যোগ : প্রতিকূল আবহাওয়ার মধ্যেও এইচএসসি ও সমমানের পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্ন করতে এবং শিক্ষার্থীদের স্বার্থ রক্ষায় সরকার পাঁচটি বিশেষ উদ্যোগ নিয়েছে। এসব উদ্যোগের মধ্যে রয়েছে- বৈরী আবহাওয়ার কারণে পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার সুযোগ, পদার্থবিজ্ঞান প্রথমপত্রে দুটি ত্রুটিপূর্ণ প্রশ্নের জন্য সব পরীক্ষার্থীকে পূর্ণ নম্বর দেওয়া এবং প্রশ্ন প্রণয়নে দায়িত্বে অবহেলার অভিযোগে সংশ্লিষ্ট ব্যক্তিদের সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত।

বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এসব তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন।

বুধবার চট্টগ্রাম বোর্ড ব্যতীত সারা দেশে ২,৫৮৩টি পরীক্ষা কেন্দ্রে এইচএসসি ও সমমানের পরীক্ষা স্বতঃস্ফূর্ত ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। আবহাওয়ার উল্লেখযোগ্য উন্নতির পাশাপাশি শিক্ষার্থীরাও যথেষ্ট উদ্দীপনা ও উৎসাহ নিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করেছে। সম্প্রতি বৈরী আবহাওয়ার কারণে পরীক্ষা গ্রহণে জটিলতা নিরসনে নির্বাচিত সরকার সময়োপযোগী ও শিক্ষার্থীবান্ধব কিছু উদ্যোগ গ্রহণ করেছে।

১. সারা দেশের এইচএসসি ও সমমান পরীক্ষা গ্রহণের বিষয়ে বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ সুপার, সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তারা এবং অংশীজনদের মতামতের ভিত্তিতে, বিপুলসংখ্যক সংখ্যাগরিষ্ঠ শিক্ষার্থীর স্বার্থকে প্রধান্য দিয়ে, সর্বসম্মতিক্রমে পূর্বনির্ধারিত সময় অনুযায়ী চট্টগ্রাম বোর্ড ছাড়া সারা দেশে পরীক্ষা চালু রাখা হয়েছে।

২. কোথাও যাতায়াত বা জলাবদ্ধতার কারণে সমস্যা হলে প্রয়োজনে কেন্দ্র পরিবর্তন, পরীক্ষা স্থগিত, কিংবা পরীক্ষার সময় বৃদ্ধিসহ যেকোনো প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণের জন্য স্থানীয় প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে।

৩. প্রতিকূল আবহাওয়া কিংবা সংশ্লিষ্ট অনিবার্য কারণে যারা চলমান এইচএসসি ও সমমান পরীক্ষার কোনো বিষয়ে অংশগ্রহণ করতে পারেনি, সেই অনুপস্থিত শিক্ষার্থীরা চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ইতোমধ্যে স্থগিত হওয়া সংশ্লিষ্ট বিষয়ের অভিন্ন পরীক্ষাপত্রে, শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত একই তারিখ ও সময়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে।

৪. পদার্থবিজ্ঞান প্রথমপত্রের দুটি ভুল প্রশ্নের জন্য সব পরীক্ষার্থীকে ফুল মার্কস দেওয়া হবে।

৫. পদার্থবিজ্ঞান প্রথমপত্রের ভুল প্রশ্নপত্র প্রণয়নে দায়ী ব্যক্তিদের সাময়িক বরখাস্ত করা হয়েছে।