হাম উপসর্গ ও ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু

প্রকাশ : ১৭ জুলাই ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও আটজনের মৃত্যু হয়েছে। যা চলতি মাসের এখন পর্যন্ত এক দিনে সর্বোচ্চ মৃত্যু। এর আগে মঙ্গলবার ৭ জনের মৃত্যু তথ্য দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। গতকাল বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে বলা হয়, বুধবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় আরও ১৯৭ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। বুলেটিনের তথ্য অনুযায়ী, গেল ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারাদেশে হাম আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৯৫ জনের। এ ছাড়া হামের উপসর্গ নিয়ে ৬৮৪ জন প্রাণ হারিয়েছে। হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ২৯৮ জন মারা গেছে ঢাকা বিভাগে। এর পরেই আছে সিলেট বিভাগ, সেখানে মারা গেছে ৯৪ জন। এছাড়া রাজশাহীতে ৮৯, চট্টগ্রামে ৫৫, বরিশালে ৪৩, ময়মনসিংহে ৬৫, খুলনায় ৩১ ও রংপুর বিভাগে ৯ জন মারা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তর বলছে, গেল ২৪ ঘণ্টায় আরও ৯৭৪ জন হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে এসেছে। তাদের মধ্যে ভর্তি হয়েছে ৯৪১ জন। ঢাকা বিভাগে ভর্তি ৩২০ জন, রাজশাহীতে ২৯, সিলেটে ৯২, চট্টগ্রামে ২৪০, বরিশালে ১১৪, ময়মনসিংহে ৫৮, খুলনায় ৭৫, রংপুরে ১৩ জন।

এ নিয়ে সারা দেশের বিভিন্ন হাসপাতালে হাম রোগী ভর্তির সংখ্যা দাঁড়াল ৯৭ হাজার ৮১৯ জন। যার মধ্যে ৯৪ হাজার ২৭৫ জন হাসপাতাল ছেড়েছে। আর দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ১৫ হাজার ১৩৮। আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৪ হাজার ১০৪।

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু : দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৩০৬ জন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। গতকাল বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের প্রকাশিত ডেঙ্গুবিষয়ক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা মহানগরে ৬৯ জন, ঢাকা বিভাগের (মহানগরের বাইরে) ২৬ জন, চট্টগ্রাম বিভাগে ৬৬ জন, খুলনা বিভাগে ৩৮ জন, বরিশাল বিভাগে ৫৮ জন, ময়মনসিংহ বিভাগে ১৩ জন, রাজশাহী বিভাগে ১৩ জন এবং রংপুর বিভাগে ২৩ জন রয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৬ জুলাই পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন মোট ৯ হাজার ৬৭৬ জন। এ সময় ডেঙ্গু থেকে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৮ হাজার ৭৩২ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৯১২ জন।

এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে ৩২ জনের মৃত্যু হয়েছে। আক্রান্তদের মধ্যে ৬২ শতাংশ পুরুষ ও ৩৮ শতাংশ নারী। আর মৃতদের মধ্যে ৫২ দশমিক ৬ শতাংশ পুরুষ এবং ৪৭ দশমিক ৪ শতাংশ নারী। চলতি বছরে সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে জুন মাসে, ওই মাসে আক্রান্ত হন ২ হাজার ৯০৭ জন। আর চলতি জুলাই মাসের ১৬ তারিখ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৫৭২ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন ১ লাখ ২ হাজার ৮৬১ জন এবং মারা যান ৪১৩ জন। ২০২৪ সালে আক্রান্ত হন ১ লাখ ১ হাজার ২১৪ জন, মৃত্যু হয় ৫৭৫ জনের। আর ২০২৩ সালে ডেঙ্গুতে আক্রান্ত হন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন এবং মারা যান ১ হাজার ৭০৫ জন।