গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ
ছয় ঘণ্টার ব্যবধানে মামা-ভাগ্নির মৃত্যু, আইসিইউতে মামি
প্রকাশ : ২৫ জুলাই ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদক
রাজধানীর ভাটারায় নতুন বাজার ১০০ ফিট এলাকার একটি বাসায় গ্যাসলাইনের লিকেজ থেকে বিস্ফোরণ দগ্ধ মামা-ভাগ্নির মৃত্যু হয়েছে। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান জানিয়েছেন ছয়ঘণ্টার ব্যবধানে আট বছরের হাফসা ও ২৪ বছরের শাহীন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ইনস্টিটিউটের আইসিইউত গত বৃহস্পতিবার রাতে হাফসার মৃত্যু হয়। আর শুক্রবার ভোরে একই আইসিইউতে চিকিৎসাধীন থাকা শাহীন মারা যান। শাাহীনের স্ত্রী ফাহিমাও শরীরে ৪৫ শতাংশ পোড়া নিয়ে আইসিইউতে চিকিৎসাধীন আছেন, তার অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকেরা জানিয়েছেন।
চিকিৎসক শাওন বলেন, ‘ভাটারা এলাকা থেকে একটি বাসায় গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ হয়ে এখানে তিনজন এসেছিল। তাদের মধ্যে শাহীনে শরীরের ৫০ শতাংশ দগ্ধ ছিল। তার ভাগ্নি হাফসা শরীরের ৪০শতাংশ দগ্ধ ছিল।’
এই পরিবারটির প্রতিবেশী মো. জসিম বলেন, শাহীন পেশায় একটি দোকানের কর্মচারী। পরিবার নিয়ে তিনি নতুন বাজার ১০০ ফিট রোডের একটি ছয়তলা ভবনের নিচতলায় ভাড়া থাকতেন।
ভোরের দিকে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ হয়ে আগুন ছড়িয়ে পড়লে বাসায় থাকা তিনজনই দগ্ধ হয়। এ সময় ঘরের দেয়ালও ধসে পড়ে। পরে আশপাশের লোকজন তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
সাভারে আগুনে পোশাককর্মী দম্পতি দগ্ধ : এদিকে সাভারের মজিদপুর দিঘীরপাড় এলাকায় ভাড়া ঘরে জমে থাকা গ্যাসের আগুনে পোশাককর্মী দম্পতি কায়সার (২৮) ও রুবি বেগম (২৪) দগ্ধ হয়েছেন। মশার কয়েল জ্বালাতে গিয়ে এ দুর্ঘটনা ঘটেছে বলে স্বজনেরা জানিয়েছেন।
কায়সারের বাবা সীমান শেখ বলেন, তার ছেলে ও পুত্রবধূ একটি দোতলা ভবনের নীচতলায় ভাড়া থাকতেন। গত বৃহস্পতিবার রাত ১২টার দিকে তারা ঘরে মশার কয়েল ধরানোর জন্য দিয়াশলাই জ্বালাতেই ঘরে জমে থাকা গ্যাসে হঠাৎ আগুন ধরে যায়। খবর পেয়ে প্রতিবেশীদের সহযোগিতায় দরজা ভেঙে তাদের উদ্ধার করা হয়। পরে রাত ৩টার দিকে এই দগ্ধ দম্পতিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিয়ে আসেন প্রতিবেশী ও স্বজনেরা।
ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান বলছেন, আগুনে কায়সারের শরীরে ১০০ শতাংশ এবং তার স্ত্রী রুবির শরীরে ৮০ শতাংশ দগ্ধ হয়েছে। তার কথায়, ‘পোড়ার পরিমাণ বেশি থাকায় তাদের দুজনের অবস্থাই আশঙ্কাজনক।’ দুজনকেই আইসিইউ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন এই চিকিৎসক।
