হাফিজ উদ্দিনকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি করে গেজেট প্রকাশ

প্রকাশ : ২৬ জুলাই ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

মো. সাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগের পর সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। গতকাল শনিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়েছে। মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি স্বাক্ষরিত গেজেটে বলা হয়েছে, সংবিধান অনুযায়ী এই আদেশ অবিলম্বে কার্যকর করা হবে। মন্ত্রিপরিষদের ওয়েবসাইটে সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ ও নতুন রাষ্ট্রপতি হিসেবে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ দায়িত্ব পালন করবেন- এমন গেজেট প্রকাশ করা হয়েছে। এর আগে গত শুক্রবার পদত্যাগ করেন দেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বরাবর লেখা পদত্যাগপত্রে তিনি ব্যক্তিগত ও শারীরিক কারণের কথা উল্লেখ করেন।

পদত্যাগপত্রে স্পিকার বরাবর তিনি লেখেন, ‘আসসালামু আলাইকুম, আমি মো. সাহাবুদ্দিন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়ে ২০২৩ খ্রি. সনের ২৪ এপ্রিল রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করি এবং অদ্যাবধি নিষ্ঠা, সততা ও সংবিধানের প্রতি পূর্ণ আনুগত্যের সঙ্গে দায়িত্ব পালন করছি। প্রসঙ্গত উল্লেখ্য যে, ৫ আগস্ট ২০২৪ সনে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে তৎকালীন সরকারের পতনের পর দেশে শাসনতান্ত্রিক ও সাংবিধানিক সংকটের সৃষ্টি হয়। সাংবিধানিক সংকট থেকে উত্তরণের অভিপ্রায়ে সংবিধানের ১০৬ অনুচ্ছেদের ক্ষমতাবলে আমি রাষ্ট্রপতি হিসেবে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের মতামত কামনা করি। অতঃপর বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পরামর্শক্রমে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করি। অন্তর্বর্তীকালীন সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে পরামর্শক্রমে জাতীয় সংসদের সাধারণ নির্বাচন আয়োজন করে।’ ‘নির্বাচনের ফলাফলের ভিত্তিতে বর্তমান সরকার গঠিত হয়ে সরকার পরিচালনা করছে। বর্তমানে সরকারি দল ও বিরোধী দল গণতান্ত্রিক চর্চার মধ্য দিয়ে জাতীয় সংসদে নিজ নিজ দায়িত্ব পালন করছে। আমার সুদৃঢ় ও ইতিবাচক ভূমিকার কারণে দেশে কোনো সাংবিধানিক বিপর্যয় ঘটেনি।’ ‘আমি গুরুতর অসুস্থ। হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও কিডনি জটিলতায় ভুগছি। আমার হৃদযন্ত্রে বাইপাস সার্জারি হয়েছে। ইদানিং স্বাস্থ্য পরিক্ষায় Autonomic Neuropathy নামক রোগ শনাক্ত হয়েছে। এই রোগের কারণে আমি মাঝে মধ্যে ক্ষণিক অচেতন হয়ে যাই। রোগগুলোর প্রাদুর্ভাবে শারীরিক ও মানসিক অসামর্থ্যতার কারণে রাষ্ট্রপতির মতো গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদের দায়িত্ব পালন করা আমার পক্ষে সম্ভব হচ্ছে না। আমার দীর্ঘ মেয়াদে চিকিৎসা প্রয়োজন।’ সবশেষে সাহাবুদ্দিন লেখেন, ‘এমতাবস্থায়, সংবিধানের ৫০(৩) অনুচ্ছেদের বিধান অনুযায়ী আমি রাষ্ট্রপতির পদ হতে পদত্যাগ করছি। ধন্যবাদান্তে মো. সাহাবুদ্দিন।’

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি অফিস করবেন বঙ্গভবনে, থাকবেন স্পিকারের বাসভবনে : ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বঙ্গভবনে অফিস করবেন, আর থাকবেন সংসদ ভবনে স্পিকারের বাসভবনে। গতকাল শনিবার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেছেন।

জাতীয় সংসদ প্রাঙ্গণে স্পিকারের বাসা ভবন এবং তার চারপাশে রাষ্ট্রপতির নিরাপত্তায় নিয়োজিত বিশেষ নিরাপত্তা ব্যবস্থা বলবৎ হয়েছে শুক্রবার বিকাল থেকেই। সে দিন মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে যান। সংবিধান অনুয়ায়ী স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বলেন, গতকাল রোববার সকাল সাড়ে ১১টায় তিনি সাভারে জাতীয় স্মৃতি সৌধে পুস্তক অর্পন করবেন এবং সাড়ে ১২টায় শেরে বাংলা নগরে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া কবরে শ্রদ্ধা জানাবেন এবং জিয়ারত করবেন।