‘আ.লীগের কাউকে জামায়াতে যুক্ত করতে কেন্দ্রের অনুমতি লাগবে’

প্রকাশ : ০৮ আগস্ট ২০২৬, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  বাগেরহাট প্রতিনিধি

ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো নেতাকর্মীকে দলে নেওয়ার ব্যাপারে জরুরি নির্দেশনা দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, রাজনীতি হচ্ছে একটি সুস্থ সাংস্কৃতিক চর্চার জায়গা। এখানে কোনো মাস্তান বা সন্ত্রাসী মানসিকতার মানুষের স্থান নেই। গতকাল শুক্রবার সকালে বাগেরহাট সার্কিট হাউজ মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

বাগেরহাট জেলা জামায়াতের আমির মাওলানা রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে ডা. শফিকুর রহমান বলেন, আওয়ামী লীগ ও তাদের নেতাকর্মীদের আমাদের দলে যুক্ত করতে হলে কেন্দ্রের অনুমতি লাগবে। তাদের রাজনীতি করার সময় এখনও আসেনি। তারা অসংখ্য মায়ের কোল খালি করেছে। বিনিময়ে তারা এখন পর্যন্ত দুঃখ প্রকাশও করেনি। পক্ষান্তরে তারা এখনো হুমকি ধমকি দিয়ে আসছে। তিনি বলেন, গণমাধ্যম সমাজের গুরুত্বপূর্ণ একটি অংশ। দেশের মানুষের কাছে সঠিক তথ্য তুলে ধরতে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

একই সঙ্গে গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের পেশাগত নিরাপত্তার বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন। মতবিনিময় সভায় বাগেরহাটের বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিক ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। তারা জেলার বিভিন্ন সমস্যা, গণমাধ্যমের বর্তমান পরিস্থিতি এবং রাজনৈতিক ও সামাজিক বিভিন্ন বিষয়ে মতামত তুলে ধরেন। সভায় জামায়াতে ইসলামী বাগেরহাট জেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা ও বাগেরহাট থেকে নির্বাচিত তিন এমপি উপস্থিত ছিলেন।